২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিদায়ের আগে সাঙ্গাকারাকে স্যালুট

এগিয়ে আসছে কুমার সাঙ্গাকারার বিদায়ের ক্ষণ। সতীর্থরা তো বটেই, শেষ টেস্টের আগে সাঙ্গাকারাকে টুপি খোলা অভিনন্দন জানাচ্ছে প্রতিপক্ষও।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2015, 09:44 PM

Updated : 12 Oct 2022, 04:09 PM

ভারত-শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে বৃহস্পতিবার। গত জুনেই সাঙ্গাকারা জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ দিয়েই বিদায় জানাবেন আন্তর্জাতিক ক্রিকেটকে। ম্যাচটি হওয়ার কথা ছিল সাঙ্গাকারার শহর ক্যান্ডিতে। কিন্তু শ্রীলঙ্কার সাধারণ নির্বাচনের কারণে পরে ভেন্যু বদলে ম্যাচ আনা হয় কলম্বোর পি সারা ওভালে।

বিদায়ী ম্যাচের আগে দুই দলই সাঙ্গাকারাকে ভাসাচ্ছে শ্রদ্ধা, স্তুতি, ভালোবাসায়। লঙ্কান দলপতি অ্যাঞ্জেলো ম্যাথিউসের কথায় উঠে এসেছে সাঙ্গাকারার সব দিক।

“আমাদের সবার কাছে সাঙ্গা মানে সবকিছুই। একজন ক্রিকেটার হিসেবে, একজন নেতা, ব্যক্তি হিসেবে আমাদের সবার কাছে তিনি অবিশ্বাস্য। তরুণ ক্রিকেটারদের গড়ে ওঠায় সাহায্য করেন, মাঠের ভেতরে-বাইরে সবাইকে সাহায্য করেন। সাঙ্গা সত্যিকারের ভদ্রলোক।”

প্রথম টেস্টে হারের দ্বারপ্রান্ত থেকে ঘুরে দাঁড়ানো দারুণ এক জয়ে সিরিজে এগিয়ে আছে শ্রীলঙ্কা। প্রিয় নায়কের বিদায় ম্যাথিউস রাঙাতে চান সিরিজ জয় দিয়ে।

“মাহেলা জয়াবর্ধনের সঙ্গে মিলে অনেক অনেক বছর ধরে সাঙ্গা আমাদের দলে মেরুদণ্ড। তার সঙ্গে খেলতে পেরে এবং ড্রেসিং রুম ভাগাভাগি করতে পেরে আমার গর্বের শেষ নেই। তার জন্য আমরা সবচেয়ে ভালো যেটা পারি, সেটা হলো সিরিজ জয় উপহার দেওয়া।”

সাঙ্গাকারার বিদায়ের আবেগ ছুঁয়ে গেছে প্রতিপক্ষকেও। তার বিদায়ী সিরিজ ভারতের সঙ্গে, এতেই আপ্লুত ভারত অধিনায়ক বিরাট কোহলি।

“আমি দারুণ খুশি যে ক্যারিয়ারের শেষ কিছু ম্যাচ তিনি আমাদের বিপক্ষে খেলছেন, কারণ এটির অংশ হতে পারাও আমাদের জন্য স্পেশাল উপলক্ষ্য।”

কোহলি তুলে ধরেছেন ক্রিকেটার হিসেবে সাঙ্গাকারার বিশালত্বও।

“আমি অনুভব করতে পারছি কি রকমের আবেগ তাকে ছুঁয়ে যাচ্ছে। সম্ভবত গত ২০ বছর ধরে দিনের পর দিন ক্রিকেট খেলা ছাড়া আর কিছু করেননি। শ্রীলঙ্কার জন্য অসাধারণ এক ক্রিকেটার ছিলেন তিনি। বিশ্বজুড়ে অনেক অনেক বাঁহাতি ব্যাটসম্যান তার খেলার ধরণ অনুসরণ করে। তার টেকনিক এবং ক্রিকেট বিশ্বের সব জায়গায় যেভাবে রান করেছেন, সেটাই তাকে তুলে ধরছে।”

ধারাভাষ্যকার ও ভারতের টিম ডিরেক্টর রবি শাস্ত্রীর মনে পড়ছে ২০০০ সালে সাঙ্গাকারার অভিষেক ম্যাচের কথা।

“ওই ম্যাচে আমি ধারাভাষ্য দিয়েছিলাম, সে এখনও খেলে যাচ্ছে। হয়ত বছরখানেক বা মাস ছয়েক একটা সময় ছিল, যখন তার ফর্ম পড়তির দিকে ছিল। ওটুকু ছাড়া তার ধারাবাহিকতা অনন্য।”

সাবেক এই অলরাউন্ডারের চোখে সাঙ্গাকারা থাকবেন টেন্ডুলকার-ব্র্যাডম্যানদের কাতারে।

“খুব অল্প কজন ক্রিকেটারই এই তালিকায় থাকবেন। শচীন টেন্ডুলকারকে এখানে রাখা যায়, সেরা দুই-তিনে ওঠার পর আর নামেননি। সাঙ্গাকারার রেকর্ডও এটাই প্রমাণ করে। সে স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের পাশাপাশিই থাকবে।”