আমলা-রুশোর ব্যাটে দক্ষিণ আফ্রিকার জয়
টি-টোয়েন্টি দলে ফিরেই রান পেয়েছেন হাশিম আমলা। রাইলি রুশোর ব্যাটে ছিল ঝড়। দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে তাই নিউ জিল্যান্ডকে সহজেই ৬ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।
শুক্রবার ডারবানের কিংসমিডে দক্ষিণ আফ্রিকার ইনিংস শুরু করেছিলেন দলে ফেরা দুজন। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেননি হাশিম আমলা। ভারতে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাবনায় আবার ফেরানো হয়েছে তাকে। কদিন আগে দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ সফরে ধারাভাষ্য দেওয়া মরনে ফক উইকও ফিরেছেন দলে।
১৫২ রান তাড়ায় আমলা ও ফন উইক উদ্বোধনী জুটিতে তোলেন ৩৫ রান। ১৯ রান করে ফন উইক ফিরে যাওয়ার পর এক প্রান্তে উইকেট ধরে রাখার কাজটি করেছেন আমলা। আরেক প্রান্তে ঝড় তুলেছেন এবি ডি ভিলিয়ার্স ও রাইলি রুশো। চোটের কারণে না খেলা ফাফ দু প্লেসির বদলে নেতৃত্ব দেওয়া ডি ভিলিয়ার্স করেছেন ২১ বলে ৩৩। ২০ বলে ৩৮ করেছেন রুশো। দলকে জয়ের খুব কাছে নিয়ে আমলা ফিরেছেন ৪১ বলে ৪৮ রান করে। দক্ষিণ আফ্রিকা জিতেছে ১৩ বল আগেই।
আগে ব্যাট করে নিউ জিল্যান্ডের শুরুটা ছিল দুর্দান্ত। অধিনায়ক কেন উইলিয়ামসন ও মার্টিন গাপটিল পাওয়ার প্লের ৬ ওভারে দলকে এনে দেন ৫৬ রান। কিন্তু অ্যারন ফাঙ্গিসো ও ডেভিড ভিসে আক্রমণে আসার পর গতি হারায় কিউই ইনিংস। ২১ বলে ৪২ করেন উইলিয়ামসন; ৩৭ বলে ৪২ গাপটিল। তিনে নেমে ২৬ বলে ২৮ করেন জর্জ ওয়ার্কার। ইনিংসের মাঝে আর শেষে ঝড় তুলতে পারেননি কেউ। শেষ ৬ ওভারে অতিথিরা তুলতে পারে মাত্র ৩৩ রান! ফলে বড় স্কোরের সম্ভাবনা জাগিয়েও কিউইরা থমকে যায় ১৫১ রানে, শেষ পর্যন্ত যা যথেষ্ট হয়নি দক্ষিণ আফ্রিকার জন্য।
২৯ রানে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা বাঁহাতি স্পিনার ফাঙ্গিসো। ২৯ রানে ২ উইকেট নিয়েছেন কাগিসো রাবাদাও। ২৪ রানে ২টি উইকেট নিয়েছেন ভিসে।
