২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাহানের জোড়া বিশ্বরেকর্ড

এক টেস্টেই ফিল্ডার হিসেবে দুটি বিশ্বরেকর্ডে নাম লিখিয়েছেন অজিঙ্কা রাহানে। গল টেস্টে শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে ৫ ক্যাচ নিয়ে ভারতীয় এই ক্রিকেটার ছুঁয়েছেন ইনিংসে সবচেয়ে বেশি ক্যাচের রেকর্ড। আর ম্যাচে ৮ ক্যাচ নিয়ে গড়েছেন নতুন বিশ্ব রেকর্ড!

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2015, 11:08 PM

Updated : 22 Aug 2022, 01:01 PM

ক্যারিয়ারের শুরুর দিনটি থেকে দলের অন্যতম সেরা ফিল্ডার রাহানে। ক্রমে হয়ে উঠছেন বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ফিল্ডারও। তবে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে ফিল্ডিং কীর্তিতে ছাড়িয়ে গেলেন সবাইকে!

শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে ৫টি ক্যাচ নিয়েছেন রাহানে। আউটফিল্ডার হিসেবে (উইকেটকিপার ছাড়া) টেস্টের এক ইনিংসে সবচেয়ে বেশি ক্যাচের রেকর্ড এটিই। এই নিয়ে এক ইনিংসে ৫ ক্যাচের রেকর্ডে ভাগীদার এখন ৯ জন।

তবে এই রেকর্ড স্পর্শ করে রাহানে গড়েছেন একটি অনন্য কীর্তি। দ্বিতীয় ইনিংসের ৫ ক্যাচের আগে প্রথম ইনিংসেও নিয়েছিলেন ৩টি ক্যাচ। মোট ক্যাচ ৮টি। ১৩৮ বছরের টেস্ট ইতিহাসে আউটফিল্ডার হিসেবে এক টেস্টে ৮ ক্যাচ নেই আর কারও! এর আগে ৭ ক্যাচের রেকর্ড যৌথভাবে ছিল ৫ জনের।

ম্যাচে ৭ ক্যাচ নেওয়ার কীর্তি টেস্ট ক্রিকেটে সবশেষ হয়েছিল এই গলেই, ২০০৪ সালে। শ্রীলঙ্কার বিপক্ষে ক্যাচগুলো নিয়েছিলেন অস্ট্রেলিয়ার ম্যাথু হেইডেন। ১৯৯৭ সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টে ৭ ক্যাচ নিয়েছিলেন সেই সময়ের নিউ জিল্যান্ড অধিনায়ক স্টিভেন ফ্লেমিং। ১৯৯২ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষে কলম্বোতে ৭ ক্যাচ নিয়েছিলেন শ্রীলঙ্কার হাশান তিলকরত্নে।

রাহানের এক পূর্বসূরিরও আছে ৭ ক্যাচের সুখস্মৃতি। ১৯৭৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে ব্যাঙ্গালোরে নিজের অভিষেক টেস্টেই ৭ ক্যাচ নিয়েছিলেন যাযুরবিন্দ্র সিং। ৭ ক্যাচ নেওয়া অন্যজন হলেন গ্রেগ চ্যাপেল। টেস্ট ইতিহাসের প্রথম ফিল্ডার হিসেবে ম্যাচে ৭ ক্যাচ নিয়েছিলেন এই অস্ট্রেলিয়ান, ১৯৭২ সালে পার্থে ইংল্যান্ডের বিপক্ষে। এবার ৭ ক্যাচের সেই সীমানা পেরিয়ে নতুন আঙিনায় পা রাখলেন রাহানে।

ইনিংসে ৫ ক্যাচের রেকর্ডে রাহানের সঙ্গী অস্ট্রেলিয়ার ভিক রিচার্ডসন (যিনি অস্ট্রেলিয়ার বিখ্যাত চ্যাপেল ভাইদের দাদা), ভারতের যাযুবিন্দ্র সিং, মোহাম্মদ আজহারউদ্দিন ও কৃষ্ণমাচারি শ্রীকান্ত, নিউ জিল্যান্ডের স্টিভেন ফ্লেমিং, দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ, ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন স্যামি ও ড্যারেন ব্রাভো। ব্রাভোর ৫ ক্যাচ ছিল বাংলাদেশের বিপক্ষে, গত বছর সেন্ট ভিনসেন্টে।

রাহানের ৮ ক্যাচের ৬টিই ছিল স্লিপে, দুটি গালিতে। ক্যাচ এসেছে আর তালুবন্দি করেছেন, ব্যাপারটি এমন ছিল না মোটেও। ৫টি ক্যাচ ছিল দুর্দান্ত। বিশেষ করে শুক্রবার অশ্বিনের বলে বাঁদিকে ঝাপিয়ে দুর্দান্ত রিফ্লেক্স ক্যাচে ফিরিয়েছেন কুমার সাঙ্গাকারাকে; স্পিনে এটি স্লিপে সবসময়ের সেরা ক্যাচগুলোর মধ্যে থাকার মতোই।