নেপালকে সহায়তার ম্যাচে রাজ্জাক-সোহাগদের জয়
মালয়েশিয়ায় প্রদর্শনী টি-টোয়েন্টি ম্যাচে নেপালকে ৩৭ রানে হারিয়েছে বিশ্ব একাদশ। এই ম্যাচে বিশ্ব একাদশের হয়ে খেলেছেন বাংলাদেশের আব্দুর রাজ্জাক, সোহাগ গাজী ও সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম (বুলবুল)।
ভূমিকম্প-দুর্গত নেপালকে সহায়তা করার জন্য মালয়েশিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজন করেছিল এই ক্রিকেট ম্যাচ। কুয়ালালামপুরের অদূরে কিনরারা ওভালে রোববারের এই ম্যাচে বিশ্ব একাদশের জয়ে বড় অবদান ছিল বাংলাদেশ দলের বাইরে থাকা স্পিনার আব্দুর রাজ্জাকের। ব্যাট হাতে ১০ নম্বরে নেমে ২ ছক্কায় ৭ বলে করেছেন অপরাজিত ১৬। পরে নতুন বল হাতে নিয়ে ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে তিনি নিয়েছেন ২ উইকেট। ১ ওভার বল করে ১৫ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন সোহাগ গাজী। বাংলাদেশ অভিষেক টেস্ট সেঞ্চুরিয়ান ও আইসিসির ডেভেলপমেন্ট অফিসার আমিনুল ইসলাম ছয়ে নেমে করেছেন ৭ বলে ২।
বিশ্ব একাদশকে নেতৃত্ব দিয়েছেন সনাৎ জয়াসুরিয়া। ইনিংস শুরুও করেছিলেন ‘মাতারা হারিকেন।’ এই ৪৬ বছর বয়সে অবশ্য চেনা সেই ঝড় তুলতে পারেননি। তবে ঝড় তুলেছেন আরেক ওপেনার মার্ক স্টয়নিস। অস্ট্রেলিয়ান অলরাউন্ডার করেছেন ২৯ বলে ৪৮। ১৪ বলে ২৩ করেছেন ভারতীয় অলরাউন্ডার ভেনুগোপাল রাও। ১ রান করে ফিরে যান সাবেক পাকিস্তান অধিনায়ক রশিদ লতিফ, সোহাগ করেন ৩। শেষে রাজ্জাকের ওই ছোট্ট ঝড়। বিশ্ব একাদশ ১৯.৪ ওভারে অলআউট ১৩৫ রানে।
নেপালের ব্যাটসম্যানদের ব্যর্থতায় ওই রানেই বড় জয় পায় বিশ্ব একাদশ। বল হাতে ১০ রানে ২ উইকেট নিয়েছেন জয়াসুরিয়া, যার মধ্যে ছিল নেপাল অধিনায়ক পরশ খড়কার (২) উইকেটও। মালয়েশিয়ার সুরেশ নবরত্মম নিয়েছেন ৩ উইকেট, একটি করে নিয়েছেন স্টয়নিস ও আরেক অস্ট্রেলিয়ান স্টিভ ও’কিফ। নেপাল গুটিয়ে যায় ৯৮ রানে।
ম্যাচে হারলেও আসলে জিতেছে নেপালই। ম্যাচটিই তো নেপালের জন্য! জয় হয়েছে মানবতার, জিতেছে ক্রিকেটও!
বাংলাদেশের কয়েনে টস!
আব্দুর রাজ্জাকের হাতে কয়েনটি পাঠানো হয় মালেয়েশিয়ায়। সেখানে ছোট্ট আয়োজনে মালয়েশিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধানের হাতে কয়েন তুলে দেন বাংলাদেশের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম। রোববার ম্যাচের টস হয় সেই কয়েনে। পরে কয়েনটি তোলা হবে নিলামে, অর্জিত টাকা জমা হবে নেপালের জন্য তহবিলে।
এই উপহারের জন্য বিসিএসএকে ধন্যবাদ জানি্য়ে শুভেচ্ছাপত্র পাঠিয়েছে মালয়েশিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশন ও ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল। বিসিএসএর প্রেসিডেন্ট জুনায়েদ পাইকার বলেন, “আমরা এসব ক্রিকেট স্মারক সংগ্রহ করি নিজেদের সংগ্রহকে সমৃদ্ধ করতে। তবে নেপালকে সহায়তার সুযোগ যখন এল, আমরা এটির অংশ হতে চেয়েছি। আমাদের ক্রিকেটাররা খেলেছে ম্যাচে, বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের পক্ষ থেকেও ছোট্ট এই অবদান রাখতে পেরে আমরা গর্বিত।”
