পাকিস্তানে যাওয়া নিয়ে সালমাদের ভয়
প্রস্তাবিত পাকিস্তান সফর নিয়ে বাংলাদেশের মেয়ে ক্রিকেটারদের মনে কাজ করছে নানা ভয় ও শঙ্কা। সালমা-পান্নাদের আশা, সব দিক ভেবেই সিদ্ধান্ত নেবে বিসিবি।
বাংলাদেশের একটি দলকে পাকিস্তান সফরে নিতে কয়েক বছর ধরেই মরিয়া পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেই প্রচেষ্টারই ফল মেয়েদের এই প্রস্তাবিত পাকিস্তান সফর। অক্টোবরে জাতীয় মহিলা ক্রিকেট দলকে সফরে পাঠানোর কথা ভাবছে বিসিবি। নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে শিগগিরই একটি প্রতিনিধি দল পাঠানোর কথা বিসিবির।
অক্টোবরে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকা সিরিজ ও এরপর ওয়ার্ল্ড টি-টোয়েন্টির বাছাইপর্বের জন্য মেয়েদের প্রস্ততি শুরু হয়েছে শনিবার। ক্যাম্পের প্রথম দিনে সব ছাপিয়ে উঠে এলো প্রস্তাবিত পাকিস্তান সফর নিয়ে আলোচনা।
সম্ভাব্য সফর নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে আলাপচারিতায় অধিনায়ক সালমা খাতুনের কণ্ঠে ছিল অনিশ্চয়তা ও ভয়।
“এখনও জানি না, আমরা পাকিস্তানে যাচ্ছি কিনা। এখনই কিছু বলা কঠিন। বিসিবি বললে যেতে হবেই। ভয় তো আছেই। সাধারণ মানুষেরও ভয় কাজ করে, আমাদের তো করবেই।”
নিরাপত্তা পরিদর্শক দল পাঠানোর কথা বিসিবি যে দিন জানায়, সেদিনই করাচিতে গুলি করা হয় ওয়াসিম আকরামের ওপর। সালমাদের উৎকণ্ঠা তাতে আরও বেড়েছে।
“ওখানে অনেক গণ্ডগোল হচ্ছে। বিশেষ করে ওয়াসিম আকরামের ওপর আক্রমণের পর বিষয়টি বড় হয়ে দাঁড়িয়েছে। আশা করি, বিসিবি সব দিক বুঝেই সিদ্ধান্ত নেবে।”
মেয়েদের ভয়ের বিষয়টি আরও স্পষ্ট হলো অলরাউন্ডার পান্না ঘোষের কথায়।
“আমরা পাকিস্তানে যেতে আগ্রহী নই। শ্রীলঙ্কা দলের ওপর হামলা হয়েছে ওখানে, ওয়াসিম আকরামের ওপর হয়েছে। ওদের সাবেক অধিনায়কই যখন নিরাপদ নন, আমরা তো আরও দূরের ব্যাপার।”
শঙ্কার আরেকটি দিকও উঠে এলো পান্নার কণ্ঠে।
“এমনিতেই ভয় আছে, তার ওপর আমরা মেয়ে। মেয়েদের ওপর ওদের তো ক্ষোভ আরও বেশি, মেয়েদের খেলতে দিতে চায় না।”
পাকিস্তান সফর নিয়ে কৌশলী উত্তর দিলেন কোচ চাম্পিকা গামাগে। তবে ওয়াসিম আকরামের ওপর হামলার পরের বাস্তবতার কথাও তুললেন এই শ্রীলঙ্কান।
“পাকিস্তান সফরের আলোচনা আমি সংবাদমাধ্যমে দেখেছি। বোর্ডের সঙ্গে কথা হয়নি। আমার সমস্যা নেই। বোর্ড বললে যাব। বোর্ড ঠিক করবে যখন, নিশ্চয়ই নিরাপত্তা ব্যবস্থা দেখেই ঠিক করবে। আন্তর্জাতিক দল গেলে ওখানে স্পেশাল নিরাপত্তা নিশ্চয়ই থাকবে। তবে আকরামের ঘটনার পর বিসিবি নিশ্চয়ই আরও ভালোভাবে দেখবে সবকিছু।”
বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী গত ৫ অগাস্ট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “পিসিবি আমাদের প্রস্তাব পাঠিয়েছে। আমাদের মেয়েদের দলটির এমনিতে খেলা তেমন নেই। দেশের বাইরে খেলতে তারা উন্মুখ হয়ে আছে। এজন্য আমরা ঠিক করেছি, ওখানকার নিরাপত্তা ব্যবস্থা দেখতে একটি প্রতিনিধি দল পাঠাবো। সফরটি হলে সেটা হবে অক্টোবরে। সময় তাই খুব বেশি নেই। শিগগিরই প্রতিনিধি দল পাঠানোর তারিখ চূড়ান্ত হবে।”
