বাবা হলেন এবি ডি ভিলিয়ার্স
বাবা হলেন এবি ডি ভিলিয়ার্স। বুধবার পৃথিবীর আলোয় এসেছে ডি ভিলিয়ার্স-ড্যানিয়েল দম্পতির প্রথম সন্তান।
বাংলাদেশ সফরে যখন ধুঁকছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা, দলের সবচেয়ে বড় ব্যাটিং তারকা তখন ক্রিকেট থেকে অনেক দূরে স্বপ্নময় এক ভুবনে। প্রথমবার বাবা হওয়ার অতুলনীয় স্বাদ পেয়েছেন এবি ডি ভিলিয়ার্স। বুধবার ছেলে সন্তানের জন্ম দিয়েছেন ডি ভিলিয়ার্সের স্ত্রী ড্যানিয়েল ডি ভিলিয়ার্স।
ডি ভিলিয়ার্সের বাবা হওয়ার খবর ও সন্তানের ছবি অনলাইনে সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রথম প্রকাশ করেন ড্যানিয়েলের বাবা জন সোয়ার্ট। ফেইসবুক পাতায় ছবি দিয়ে সোয়ার্ট লিখেন, “আজ আমি নানা হয়েছি। দুপুর ১২.০১-এ জন্ম নিয়েছে আব্রাহাম বেঞ্জামিন ডি ভিলিয়ার্স (৩)। দারুণ দেখতে ছেলেটি, স্বাস্থ্য ভালো।”
ডি ভিলিয়ার্সের বাবার নাম আব্রাহাম বেঞ্জামিন ডি ভিলিয়ার্স। তার নিজের নামও তাই; ছেলের নামও রাখলেন একই।
সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকার জন্যই বাংলাদেশ সফরে টেস্ট দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল ডি ভিলিয়ার্সকে। ওয়ানডে দলে ছিলেন। তবে প্রথম ম্যাচে নিষেধাজ্ঞা থাকায় পরে পুরো সিরিজ থেকেই বিশ্রাম দেওয়া হয় ওয়ানডে অধিনায়ককে। টি-টোয়েন্টি খেলেই বাংলাদেশ থেকে দেশে ফিরে যান টেস্ট র্যাঙ্কিংয়ের দুইয়ে আর ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা এই ব্যাটসম্যান।
