ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের কেমন শাস্তি পেতে পারে পাকিস্তান
আইসিসি এর মধ্যেই সম্ভাব্য পরিণতির কথা জানিয়ে সতর্ক করে দিয়েছে পাকিস্তানের বোর্ডকে।
ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের ঘোষণা দেওয়ার ঘণ্টা তিনেক পর এই সিদ্ধান্তের সম্ভাব্য পরিণতির কথা জানিয়ে পাকিস্তানকে সতর্ক করে দিয়েছে আইসিসি। কেমন শাস্তি পেতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), সেই জল্পনাও শুরু হয়েছে। ভারত-পাকিস্তান ম্যাচের ওজন বিবেচনায় বড় খড়গ নেমে আসতে পারে পিসিবির ওপর।
ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজের খবর অনুযায়ী, ভারতের বিপক্ষে যে কোনো ম্যাচের সার্বিক মূল্য ১ কোটি থেকে ১ কোটি ১০ লাখ মার্কিন ডলার, যেটির মানে ১০০ কোটি ভারতীয় রুপির কাছাকাছি। তবে ভারত-পাকিস্তান ম্যাচে সেই অঙ্ক হয়ে যায় দ্বিগুণ কিংবা আরও অনেক বেশি। এবারের ভারত-পাকিস্তান লড়াইয়ে টিভি সম্প্রচারে ১০ সেকেন্ডের বিজ্ঞাপন স্লটের মূল্য হতে পারত ৪০ লাখ ভারতীয় রুপি বা আরও বেশি।
বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ না হলে তাই ২০০ কোটি রুপির বেশি সম্ভাব্য আয় হারাবে আইসিসি।
আইসিসি কেমন ব্যবস্থা নেবে, এত দ্রুত সেটি বুঝে ওঠা কঠিন। তবে সম্ভাব্য কিছু ব্যবস্থা নিয়ে সংবাদ মাধ্যমে আলোচনা শুরু হয়ে গেছে।
আর্থিক ঘাটতি পুষিয়ে নিতে পিসিবিকে জরিমানা করা কিংবা আইসিসির রাজস্ব থেকে পিসিবির ভাগ কমিয়ে দেওয়াকে আপাতত মনে করা হচ্ছে সম্ভাব্য সবচেয়ে নিশ্চিত ব্যবস্থা। তবে স্রেফ এখানেই তা সীমাবদ্ধ নাও থাকতে পারে।
ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানাচ্ছে, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট কেটে নেওয়া হতে পারে পাকিস্তানের। আইসিসি র্যাঙ্কিংয়েও কোনো ব্যবস্থা নেওয়া হতে পারে তাদের বিরুদ্ধে। এছাড়াও শীর্ষ দেশগুলি পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ বাতিল করতে পারে। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) জন্য বিদেশি ক্রিকেটারদের অনাপত্তির ক্ষেত্রেও নিষেধাজ্ঞা আসতে পারে।
পিএসএলের জন্য ক্রিকেটারদের অনাপত্তিপত্র না দেওয়া ও আইসিসির রাজস্বের ভাগ কমিয়ে দেওয়ার ব্যাপারটি উঠে এসেছে ক্রিকবাজের খবরেও। পাশাপাশি তাদের খবরে উঠে এসেছে, এশিয়া কাপ থেকেও বাদ দেওয়া হতে পারে পাকিস্তানকে।
ভারতের রেভস্পোর্টজের খবর, আদালতেও টেনে নেওয়া হতে পারে পাকিস্তানকে এবং ক্ষতিপূরণ চাওয়া হতে পারে।
শেষ পর্যন্ত কেমন ব্যবস্থা নেওয়া হতে পারে, সেটি বলবে সময়।
