Published : 26 Jan 2026, 06:44 PM
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দল অংশ নেবে কি না, তা চূড়ান্ত হবে আগামী শুক্র অথবা সোমবার। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠকের পর এই কথা জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি।
সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নাকভি, যিনি একই সঙ্গে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীও। পরে সামাজিক মাধ্যম এক্স-এ নাকভি লেখেন, বিশ্বকাপ ইস্যুতে সকল বিকল্প বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
“প্রধানমন্ত্রী মিয়াঁ মুহাম্মাদ শাহবাজ শরিফের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আইসিসির বিষয়টি সম্পর্কে তাকে অবহিত করেছি এবং তিনি নির্দেশ দিয়েছেন যে, আমরা সকল বিকল্প বিবেচনা করেই বিষয়টি সমাধান করব। চূড়ান্ত সিদ্ধান্ত শুক্রবার অথবা আগামী সোমবার নেওয়া হবে বলে একমত হয়েছে।”
নিরাপত্তা শঙ্কায় বিশ্বকাপে বাংলাদেশ দল ভারতে খেলতে রাজি না হওয়ায়, তাদেরকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে সুযোগ দিয়েছে আইসিসি। গত শনিবার আইসিসি এই সিদ্ধান্ত জানানোর দিনেই পিসিবি চেয়ারম্যান বলেন, বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হচ্ছে। আইসিসির বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগও করেন তিনি।
তখন নাকভি জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী দেশে নেই এবং তিনি ফেরার পর তার সঙ্গে আলোচনা করে বিশ্বকাপে খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
ভারতীয় বোর্ডের নির্দেশে মুস্তাফিজুর রহমানকে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়া থেকেই সবকিছুর সূত্রপাত। বাংলাদেশের বাঁহাতি পেসারকে বাদ দেওয়ার পরদিনই বিসিবি আনুষ্ঠানিকভাবে আইসিসিকে জানিয়ে দেয়, নিরাপত্তা ঝুঁকির কারণে ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না তারা। বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে সরিয়ে নিতে অনুরোধ করা হয়।
এরপর দুই দফায় সভা হয় আইসিসি ও বিসিবির। বিসিবি দফায় দফায় তুলে ধরে নিজেদের নিরাপত্তা শঙ্কার ব্যাপারটি। আইসিসিও প্রতিবারই বলে দেয়, কোনো দলের প্রতি সুনির্দিষ্ট কোনো হুমকি বা ঝুঁকি নেই।
সবশেষ গত বুধবার আইসিসি বোর্ড সভায় ভোটাভুটিতে বাংলাদেশ হেরে যায় ১৪-২ ভোটে। তখন ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজের খবরে বলা হয়েছিল, নিজেদের বাইরে কেবল পাকিস্তানের ভোটই পেয়েছে বাংলাদেশ।
তখন আইসিসির পক্ষ থেকে এক দিন সময় বেঁধে দেওয়া হলে, ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর বৃহস্পতিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশের অনড় অবস্থানের কথা আবার জানান ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। এর একদিন পরই বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অনর্ভুক্ত করে আইসিসি।
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে হবে বিশ্বকাপ। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতীয় বোর্ড ও আইসিসির সঙ্গে চুক্তি অনুযায়ী পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়। উদ্বোধনী দিন নেদারল্যান্ডসের মুখোমুখি হওয়ার কথা রয়েছে তাদের।