২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবেন না উইলিয়ামসন

বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়ানোর পর জাতীয় দলের হয়ে বেছে বেছে ম্যাচ খেলছেন নিউ জিল্যান্ডের অভিজ্ঞ ব্যাটসম্যান।

অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবেন না উইলিয়ামসন
গত চ্যাম্পিয়ন্স ট্রফির পর আর দেশের হয়ে খেলেননি উইলিয়ামসন। ছবি: ব্ল্যাক ক্যাপস ফেইসবুক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2025, 10:52 AM

Updated : 26 Aug 2026, 02:18 PM

কেন উইলিয়ামসনের ইচ্ছের তালিকা থেকে বাদ পড়ে গেল অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ। আগামী মাসে দেশের মাঠে তিন ম্যাচের ছোট্ট টি-টোয়েন্টি সিরিজটিতে খেলবেন না নিউ জিল্যান্ডের অভিজ্ঞ ব্যাটসম্যান। 

নিউ জিল্যান্ড ক্রিকেটের কেন্দ্রীয় চুক্তি থেকে সরে আসার পর জাতীয় দলের ম্যাচ বেছে বেছেই খেলে থাকেন উইলিয়ামসন। মূলত বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতেই নিজ দেশের চুক্তিতে থাকেননি নিউ জিল্যান্ডের ইতিহাসের সফলতম ব্যাটসম্যান। 

গত মাসে জিম্বাবুয়ে সফরে টেস্ট সিরিজ ও ত্রিদেশীয় সিরিজে খেলেননি উইলিয়ামসন। ৩৫ বছর বয়সী ব্যাটসম্যান তখন মিডলসেক্সের হয়ে খেলেছেন কাউন্টি ক্রিকেট ও টি-টোয়েন্টি ব্লাস্টে, লন্ডন স্পিরিটের হয়ে খেলেছেন দা হান্ড্রেড টুর্নামেন্টে। দেশের হয়ে সবশেষ খেলতে দেখা গেছে তাকে গত মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে। 

কেন্দ্রীয় চুক্তিতে না থাকলেও উইলিয়ামসনের সঙ্গে ‘ক্যাজুয়াল অ্যাগ্রিমেন্ট’ করেছে নিউ জিল্যান্ড ক্রিকেট, যেখানে দুই পক্ষের সমঝোতায় কিছু সিরিজ-টুর্নামেন্ট খেলা হবে। উইলিয়ামসন আপাতত চোখ রাখছেন আগামী ফেব্রুয়ারি-মার্চের টি-টোয়েন্টি বিশ্বকাপে। সেখানে খেলতে প্রতিজ্ঞাবদ্ধ ৩৫ বছর বয়সী ব্যাটসম্যান।

কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়ানো আরও চার ক্রিকেটারের সঙ্গে এমন ‘ক্যাজুয়াল অ্যাগ্রিমেন্ট’ করেছে বোর্ড- ডেভন কনওয়ে, ফিন অ্যালেন, লকি ফার্গুসন ও টিম সাইফার্ট। 

আগামী ফেব্রুয়ারি-মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আদর্শ প্রস্তুতির জন্য ‘ক্যাজুয়াল আগ্রিমেন্ট’ করা ক্রিকেটারদের সবাই অবশ্য সামনের অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে খেলতে চুক্তিবদ্ধ। তবে উইলিয়ামসনের চাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে অস্ট্রেলিয়া বিপক্ষে সিরিজের জন্য। 

চোটের কারণে মাঠের বাইরে থাকা অ্যালেনের এই সিরিজে না খেলা নিশ্চিত ছিল আগে থেকেই।

আগামী ১, ৩ ও ৪ অক্টোবর মাউন্ট মঙ্গানুইয়ে হবে তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ। নিউ জিল্যান্ডের দল ঘোষণা করা হবে এই সপ্তাহেই।