২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানদের দায়িত্বে ভারতের সাবেক কোচ

ভারতের সাবেক ফিল্ডিং কোচ রামাকৃষ্ণান শ্রীধারকে সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে আফগানিস্তান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2024, 04:39 PM

Updated : 10 Sep 2026, 12:15 PM

কোচিং স্টাফে নতুন সদস্য যুক্ত করেছে আফগানিস্তান। নিউ জিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য রামাকৃষ্ণান শ্রীধারকে সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে তারা।

২০১৪ থেকে ২০২১ পর্যন্ত ভারতের ফিল্ডিং কোচ ছিলেন শ্রীধার। কাজ করেছেন রভি শাস্ত্রীর কোচিং স্টাফে। এবার ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান জোনাথান ট্রটের সঙ্গে আফগানিস্তান দলে কাজ করবেন তিনি।

নিউ জিল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট খেলবে আফগানরা। ম্যাচটি শুরু আগামী ৯ সেপ্টেম্বর। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে তারা।

নব্বইয়ের দশকে হায়দরাবাদের হয়ে ভারতের ঘরোয়া ক্রিকেট খেলেন শ্রীধার। সাবেক বাঁহাতি এই স্পিনার কোচিং ক্যারিয়ার শুরু করেন ২০০১ সালে। এরপর সময়ের সঙ্গে নিজেকে আরও পরিণত করেন তিনি। এখন লেভেল থ্রি সার্টিফাইড কোচ শ্রীধার।

আফগানিস্তান ক্রিকেট বোর্ড তাদের বিবৃতিতে জানিয়েছে, ভবিষ্যতে দীর্ঘমেয়াদি চুক্তিতে শ্রীধরকে ধরে রাখার ভাবনা আছে তাদের।