২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘খুবই সাধারণ মানের’, ভারতের ফিল্ডিংয়ের সমালোচনায় গাভাস্কার

ভারতের লোয়ার-অর্ডারের ব্যাটিং নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির কিংবদন্তি ব্যাটসম্যান ও ধারাভাষ্যকার।

‘খুবই সাধারণ মানের’, ভারতের ফিল্ডিংয়ের সমালোচনায় গাভাস্কার
হেডিংলি টেস্টের পঞ্চম দিন বেন ডাকেটের ক্যাচ মিস করার মুহূর্তে ইয়াশাসভি জয়সওয়াল। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2025, 08:22 PM

Updated : 26 Aug 2026, 01:15 PM

ইংল্যান্ডের বিপক্ষে হেডিংলি টেস্টে বেশ কয়েকটি ক্যাচ ছেড়েছেন ভারতের ক্রিকেটাররা। ক্রিকেটের অভিজাত সংস্করণে খেলতে নেমে এমন ফিল্ডিং মানতেই পারছেন না সুনিল গাভাস্কার। দেশটির ব্যাটিং গ্রেটের মতে, শুধু ক্যাচিংয়ে নয়, গ্রাউন্ড ফিল্ডিংয়েও তার উত্তরসূরিরা ছিল একেবারেই সাধারণ মানের।

ভিরাট কোহলি, রোহিত শার্মার অবসরের পর প্রথম টেস্ট খেলতে নেমে ৫ উইকেটে হেরে যায় ভারত। তাদের ৩৭১ রানের লক্ষ্য অনায়াসে তাড়া করে ফেলে ইংলিশরা। এর চেয়ে বেশি রান তাড়ায় তাদের জয়ের নজির আছে আর কেবল একটিই, ২০২২ সালে ভারতের বিপক্ষেই এজবাস্টনে ৩৭৮ রান তাড়ায় জয়।

শুবমান গিলের নেতৃত্বে নতুন চেহারার দলটি ব্যাটিংয়ে ভালোই করে। ম্যাচে ইয়াশাসভি জয়াসওয়াল, গিল, লোকেশ রাহুল করেন সেঞ্চুরি। জোড়া শতক উপহার দেন রিশাভ পান্ত। এক টেস্টে পাঁচ সেঞ্চুরির পরও কোনো দলের পরাজয় ১৪৮ বছরের টেস্ট ইতিহাসে এটিই প্রথম।

শুরুটা দুর্দান্ত করলেও দুই ইনিংসেই শেষ দিকে ভোগে ভারত। প্রথম ইনিংসে ৪১ রানে শেষ ৭ উইকেট হারিয়ে ৪৭১ রানে গুটিয়ে যায় তারা। আর দ্বিতীয়বার শেষ ৬ উইকেট হারায় তারা ৩১ রানে। 

সনি স্পোর্টসের সঙ্গে আলাপে ভারতের এই ঘাটতির জায়গা নিয়ে কথা বলেন গাভাস্কার।

“পুরো কৃতিত্ব ইংল্যান্ডের। ভারত পাঁচ সেঞ্চুরি করার পরও ইংলিশদের মধ্যে সেই আত্মবিশ্বাসটা ছিল। আর এটাই তাদেরকে প্রতিপক্ষের শেষদিকের উইকেটগুলো (দ্রুত) নিতে সহায়তা করেছিল। এই জায়গায় (শেষ দিকের ব্যাটিং) ভারতের ঘাটতি ছিল, কারণ ওই অতিরিক্ত রানগুলো ব্যবধান গড়ে দিতে পারত।”

ম্যাচে দৃষ্টিকটু ছিল ভারতের ফিল্ডিং। প্রথম ইনিংসেই পাঁচটি ক্যাচ ছাড়ে তারা। দুই ইনিংস মিলিয়ে জয়সওয়াল একাই ফেলেন চারটি ক্যাচ। বর্তমানে ধারাভাষ্যকার গাভাস্কার বলেন, ভারতের এই ফিল্ডিং মোটেও টেস্ট মানের নয়।

“ফিল্ডিং নিয়ে উদ্বেগের কথা বললে, শুধু ক্যাচ নেওয়ার ক্ষেত্রে নয়, গ্রাউন্ড ফিল্ডিংও খুবই সাধারণ মানের ছিল। টেস্ট ক্রিকেটের মানের নয়। আশা করি, তারা শিক্ষা নিয়েছে।”

এজবাস্টনে দ্বিতীয় টেস্ট শুরু আগামী ২ জুলাই।