২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাইভ: ২০২ রানে পিছিয়ে পড়ার পর জয়-মুশফিকের ব‍্যাটে লড়াইয়ে বাংলাদেশ

মিরপুর টেস্টের দ্বিতীয় দিন শেষে ৭ উইকেট হাতে নিয়ে দক্ষিণ আফ্রিকার চেয়ে ১০১ রানে পিছিয়ে বাংলাদেশ।

শাহাদাৎ আহমেদ সাহাদ শাহাদাৎ আহমেদ সাহাদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2024, 09:46 AM

Updated : 10 Sep 2026, 12:21 PM

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ১০৬

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৩০৮

বাংলাদেশ ২য় ইনিংস: ২৭.১ ওভারে ১০১/৩

জয়-মুশফিকের ব‍্যাটে লড়াইয়ের আভাস

কাইল ভেরেইনার সেঞ্চুরিতে ২০২ রানের লিড নেওয়া দক্ষিণ আফ্রিকা তৃতীয় ওভারে তুলে নিয়েছিল ২ উইকেট। জাগিয়েছিল বাংলাদেশকে আরও একবার দ্রুত গুটিয়ে দেওয়ার আশা।

তবে নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমকে নিয়ে লড়াই তৃতীয় দিনে নিয়ে গেছেন মাহমুদুল হাসান জয়। জাগিয়েছেন ঘুরে দাঁড়ানোর আশা।

তবে কাজটা এখনও অনেক কঠিন। দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের রান ৩ উইকেটে ১০১ রান। ৮০ বলে ৫ চারে ৩৮ রানে ব‍্যাট করছেন ওপেনার জয়। আগ্রাসী ব‍্যাটিংয়ে তিন চারে ২৬ বলে ৩১ রানে খেলছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম।

এখনও ১০১ রানে পিছিয়ে বাংলাদেশ। ইনিংস ব‍্যবধানে পরাজয় এখনও চোখ রাঙাচ্ছে স্বাগতিকদের।

দুটি উইকেট নিয়েছেন পেসার কাগিসো রাবাদা। অন‍্য উইকেটটি পেয়েছেন বাঁহাতি স্পিনার কেশাভ মহারাজ।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ১০৬

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৩০৮

বাংলাদেশ ২য় ইনিংস: ২৭.১ ওভারে ১০১/৩ (জয় ৩৮*, সাদমান ১, মুমিনুল ০, শান্ত ২৩, মুশফিক ৩১*; রাবাদা ৭-৩-১০-২, মুল্ডার ৭-১-২৩-০, মহারাজ ৯-০-৩৩-১, পিট ৪.১-০-২৯-০)

একটুর জন‍্য বাঁচলেন মাহমুদুল

আলোকস্বল্পতায় আগেভাগেই খেলা শেষ হয়ে যাওয়ায় যেটি হয়ে থাকল দ্বিতীয় দিনের শেষ বল, সেটিতেই ভাঙতে পারত জুটি। তবে একটুর জন‍্য স্টাম্পড হওয়ার হাত থেকে বাঁচলেন এক প্রান্ত আগলে রাখা মাহমুদুল হাসান জয়।

ডেন পিটের বল সামনে বেরিয়ে খেলতে চেয়েছিলেন জয়। বলে-ব‍্যাটে করতে পারেননি এই ওপেনার। বাড়ন্তি বাউন্সের জন‍্য দ্রুত গ্লাভসে নিতে পারেননি উইকেটরক্ষট কাইল ভেরেইনা। সুযোগ জায়গা মতো ফিরে আসেন ব‍্যাটসম‍্যান।

তবে সেখানেও বেশ ঝামেলা হয়, লাইন পেরিয়ে যাওয়ার পর ব‍্যাট উঠে যায় শূন‍্যে। প্রথম দেখায় মনে হয়েছিল, সেই সময়টায় বেলস ফেলেছেন উইকেট। লম্বা সময় নানাভাবে রিপ্লে দেখার পর তৃতীয় আম্পায়ার জানান, বল মাটিতে থাকার সময় বেলস ফেলেছিলেন ভেরেইনা। বেঁচে যান জয়।

সে সময় ৩৮ রানে ব‍্যাট করছিলেন জয়।

৬ হাজারি ক্লাবে মুশফিক

ক্রিজে গিয়ে শুরু থেকেই ইতিবাচক ব্যাটিং করছেন মুশফিকুর রহিম। ডেন পিটের অফ স্টাম্পের বাইরের ডেলিভারি দারুণ রিভার্স সুইপে বাউন্ডারি মেরে তিনি পৌঁছে গেছেন ২৫ থেকে ২৯ রানে।

একইসঙ্গে পূর্ণ হয়েছে অভিজ্ঞ ব্যাটসম্যানের টেস্ট ক্যারিয়ারের ৬ হাজার রান। এই মাইলফলকে বাংলাদেশের প্রথম ক্রিকেটার মুশফিক। ৯৩ ম্যাচে ১৭২ ইনিংসে ১১ সেঞ্চুরি ও ২৭ ফিফটিতে ৬ হাজার রান করেছেন তিনি। 

২৭ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১০১ রান। আর ১০১ রানে পিছিয়ে তারা।

মুশফিক ২৬ বলে ৩১ ও মাহমুদুল হাসান জয় ৭৯ বলে ৩৮ রানে অপরাজিত। দুজনের জুটির সংগ্রহ ৪২ রান।

দক্ষিণ আফ্রিকার আরেকটি ব্যর্থ রিভিউ

ডেন পিটের রাউন্ড দা উইকেট থেকে স্টাম্পের ওপর করা ডেলিভারি লেট কাট করলেন মুশফিকুর রহিম। আগে প্যাডে লেগেছে ভেবে জোরাল আবেদন করলেন উইকেটরক্ষক কাইল ভেরেইনা। তবে সাড়া দিলেন না আম্পায়ার।

বেশ কিছুক্ষণ আলোচনার পর শেষ মুহূর্তে রিভিউ নেন এইডেন মার্করাম। রিপ্লেতে দেখা যায়, ব্যাটে লাগেনি বল। তাই বৃথা যায় দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় রিভিউ। বিপদ ঘটেনি ১৭ রানে থাকা মুশফিকের।

২২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৭৯ রান। এখনও ১২৩ রানে পিছিয়ে তারা।

মুশফিক ৯ বলে ১৪ ও মাহমুদুল হাসান জয় ৬৬ বলে ৩৩ রানে অপরাজিত।

শান্তকে ফেরালেন মহারাজ

কেশাভ মহারাজের অফ স্টাম্পের বাইরে পিচ করে টার্নে ভেতরে ঢোকা ডেলিভারি যেন বুঝতেই পারলেন না নাজমুল হোসেন শান্ত। পুরোপুরি ভুল লাইনে খেলে ব্যাটেই লাগাতে পারলেন না বাংলাদেশ অধিনায়ক।

বল প্যাডে লাগতেই জোরাল আবেদনে আঙ্গুল তুলতে সময় নেননি আম্পায়ার। খালি চোখেই নিশ্চিত আউট বোঝা যাওয়ায় রিভিউ নেননি শান্ত। ২ চার ও ১ ছক্কায় ৪৯ বলে ২৩ রান করে ফেরেন তিনি।

শান্তর বিদায়ে ভাঙল ৫৫ রানের জুটি। ক্রিজে নতুন ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ৫৬ বলে ২৭ রানে অপরাজিত মাহমুদুল হাসান জয়।

১৯ ওভারে বাংলদেশের সংগ্রহ ৩ উইকেটে ৫৯ রান। এখনও ১৪৩ রানে পিছিয়ে তারা।

জয়-শান্তর জুটিতে পঞ্চাশ

সাবধানী ব‍্যাটিংয়ে এক প্রান্ত আগলে ধরে এগোচ্ছেন মাহমুদুল হাসান জয়। আরেক প্রান্তে সহজাত ক্রিকেটপ খেলছেন নাজমুল হোসেন শান্ত। দুই জনের ব‍্যাটে ম‍্যাচে নিজেদের প্রথম পঞ্চাশ ছোঁয়া জুটি পেয়েছে বাংলাদেশ।

কেশাভ মহারাজের বলে শান্তর সিঙ্গেলে পঞ্চাশ স্পর্শ করে জুটির রান, ৭৪ বলে।

১৫ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৫৫। ৩৮ বলে ২২ রানে খেলছেন শান্ত। ৪৪ বলে জয়ের রান ২৪।

দক্ষিণ আফ্রিকার ব‍্যর্থ রিভিউ

কট বিহাইন্ড ভেবে কিছুটা উদযাপনও সেরে নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু আবেদনে সাড়া দিলেন না আম্পায়ার। কিছুটা ভেবে রিভিউ নিয়ে ব‍্যর্থ হলেন এইডেন মার্করাম।

ভিয়ান মুল্ডারের বল ব‍্যাটে খেলতে পারেননি মাহমুদুল হাসান জয়। প‍্যাডে লেগে যায় উইকেটের পেছনে, যা ধরা পড়ে বল ট্র‍্যাকিংয়ে। নষ্ট হয় সফরকারীদের একটি রিভিউ।

সে সময় ১৮ রানে ছিলেন ওপেনার জয়।

১৩ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৪৭। ৩৮ বলে ১৮ রানে খেলছেন জয়অ। ৩২ বলে ২০ রানে ব‍্যাট করছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

খালি হাতে ফিরলেন মুমিনুল 

সাদমান ইসলামের পর মুমিনুল হককেও ফেরত পাঠালেন কাগিসো রাবাদা। রানের খাতা খোলার আগেই ব্যাক অব লেংথ ডেলিভারি খোঁচা মেরে তৃতীয় স্লিপে ক্যাচ দিলেন অভিজ্ঞ বাঁহাতি ব্যাটসম্যান।

৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৪ রান। ক্রিজে দুই ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয় ও নাজমুল হোসেন শান্ত।

শুরুতেই সাদমানের বিদায়

বিশাল রানের বোঝা মাথায় নিয়ে বেশিক্ষণ টিকতে পারলেন না সাদমান ইসলাম। তৃতীয় ওভারে কাগিসো রাবাদার বলে ব্যাট-প্যাড ছুঁয়ে শর্ট লেগে ধরা পড়লেন ২ রান করা বাঁহাতি ওপেনার।

২.১ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৪ রান। ক্রিজে দুই ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হক।

৩০৮ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা

মেহেদী হাসান মিরাজের শর্ট বল ছক্কা মারলেন কাইল ভেরেইনা। পরের বল আবারও বড় শটের চেষ্টায় ক্রিজ থেকে বেরিয়ে এলো পেছনের পা। উইকেটের পেছনে বল গ্লাভসে নিয়েই স্টাম্প ভাঙলেন লিটন কুমার দাস। সমাপ্তি ঘটল দক্ষিণ আফ্রিকার ইনিংসের। 

৮৮.৪ ওভারে ৩০৮ রানে অলআউট হলো দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে তাদের লিড ২০২ রানের। 

৮ চার ও ২ ছক্কায় ১৪৪ বলে ১১৪ রান করেন ভেরেইনা। এছাড়া ভিয়ান মুল্ডারের ব্যাট থেকে আসে ১১২ বলে ৫৪ রান। দুজনের সপ্তম উইকেট জুটির সংগ্রহ ১১৯ রান। 

পরে দশ নম্বরে নেমে ৮৭ বলে ৩২ রান করেন ডেন পিট। তার সঙ্গে ৬৬ রানের জুটি গড়েন ভেরেইনা। 

দ্বিতীয় দিনের ৪৭.৪ ওভারে ৪ উইকেটের বিপরীতে ১৬৮ রান করে দক্ষিণ আফ্রিকা। তাদের প্রথম ৬ উইকেট থেকে আসে ১০৮ রান। আর শেষ ৪ উইকেট মিলিয়ে করে ২০০ রান।

বাংলাদেশের পক্ষে তাইজুল ইসলাম নেন ৫ উইকেট। এছাড়া হাসান মাহমুদ ৩ ও মেহেদী হাসান মিরাজের শিকার ২টি।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ১০৬

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৮৮.৪ ওভারে ৩০৮ (আগের দিন ১৪০/৬) (ভেরেইনা ১১৪, মুল্ডার ৫৪, মহারাজ ০, পিট ৩২, রাবাদা ২*; হাসান ১৯-২-৬৬-৩, মিরাজ ১৫.৪-০-৬৩-২, তাইজুল ৩৬-৩-১২২-৫, নাঈম ১৮-১-৪৯-০)

পিটকে ফিরিয়ে জুটি ভাঙলেন মিরাজ

নতুন স্পেলে বোলিংয়ে ফিরে সাফল্য পেলেন মেহেদী হাসান মিরাজ। এলবিডব্লিউ করে তিনি ফেরালেন ডেন পিটকে। রিভিউ নিয়েও কোনো লাভ হয়নি পিটের। আম্পায়ার্স কল হওয়ায় অবশ্য রিভিউ হারায়নি দক্ষিণ আফ্রিকা। 

২ চারে ৮৭ বলে ৩২ রান করেন পিট। তার বিদায়ে ভাঙল ৬৬ রানের নবম উইকেট জুটি। ক্রিজে শেষ ব্যাটসম্যান কাগিসো রাবাদা।

চমৎকার ব্যাটিংয়ে ভেরেইনার সেঞ্চুরি

তাইজুল ইসলামের অফ স্টাম্পের বাইরের বল সুইপ করেই রানের জন্য ছুটলেন কাইল ভেরেইনা। অন্য প্রান্তে পৌঁছানোর আগেই ফেটে পড়লেন উল্লাসে। চাপের মুখে দারুণ সেঞ্চুরি করে তার এমন উচ্ছ্বাসই স্বাভাবিক।

একশর আগে ৫ উইকেট পড়ার পর ব্যাটিংয়ে নামেন ভেরেইনা। এরপর সাবলীল ব্যাটিংয়ে মাত্র ১৩৪ বলে করলেন টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। মাইলফলক ছুঁতে ৮টি চার মারেন দক্ষিণ আফ্রিকার উইকেট-রক্ষক ব্যাটসম্যান। 

প্রথম সেশনের মতো দ্বিতীয়টিতেও প্রথম ঘণ্টায় কোনো উইকেট নিতে পারেনি বাংলাদেশ। ৮৬ ওভারে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৮ উইকেটে ২৯২ রান। তারা এখন ১৮৪ রানে এগিয়ে।

ভেরেইনা ১৩৪ বলে ১০০ ও ডেন পিট ৮৬ বলে ৩২ রানে অপরাজিত। দুজনের জুটির সংগ্রহ ৬৫ রান।

বাংলাদেশের ব্যর্থ রিভিউ

নতুন স্পেলে মেহেদী হাসান মিরাজ আক্রমণে আসতেই প্রথম বলে রিভার্স সুইপের চেষ্টা করলেন কাইল ভেরেইনা। কিন্তু ব্যাটে লাগাতে পারলেন না। বল তার প্যাডে লাগতেই জোরাল আবেদন। সাড়া দিলেন না আম্পায়ার।

কিছুক্ষণ আলোচনার পর রিভিউ নেন নাজমুল হোসেন শান্ত। রিপ্লেতে দেখা যায়, বলের 'ইম্প্যাক্ট' ছিল অফ স্টাম্পের বাইরে। তাই বিপদ ঘটেনি ভেরেইনার। বৃথা যায় বাংলাদেশের রিভিউ।

ওভারের চতুর্থ বলে নিচু হয়ে যাওয়া ডেলিভারি ব্যাকফুটে খেলতে গিয়ে লাগে ডেন পিটের নিচের কানায়। পরে তার বুট ও মাটি ছুঁয়ে ক্যাচ নেন জাকের আলি। রিপ্লে দেখে নট আউট দেন থার্ড আম্পায়ার।

৮৫ ওভারে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৮ উইকেটে ২৮৮ রান। ভেরেইনা ১৩২ বলে ৯৮ ও পিট ৮২ বলে ৩০ রানে অপরাজিত।

ভেরেইনা-পিট জুটির পঞ্চাশ

তাইজুল ইসলামের অফ স্টাম্পের বাইরের বল দারুণ কাট শটে বাউন্ডারি মারলেন ডেন পিট। পূর্ণ হলো কাইল ভেরেইনার সঙ্গে তার জুটির পঞ্চাশ রান। 

প্রথম ছয় উইকেটে কোনো পঞ্চাশ ছোঁয়া জুটি পায়নি দক্ষিণ আফ্রিকা। শেষ চারটির দুটিতে এলো পঞ্চাশছোঁয়া জুটি। 

৮২ ওভারে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৮ উইকেটে ২৭৯ রান। লিড এখন ২৭৩ রানের।

ভেরেইনা ১২৮ বলে ৯৫ ও পিট ৬৮ বলে ২৪ রানে অপরাজিত। জুটির সংগ্রহ ৫২ রান।

দ্বিতীয় নতুন বল নিল বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকার ইনিংসের ৮০ ওভার শেষ হতেই দ্বিতীয় নতুন বল নিল বাংলাদেশ। 

৮০ ওভারে প্রোটিয়াদের সংগ্রহ ৮ উইকেটে ২৭০ রান। তাদের লিড বেড়ে দাঁড়িয়েছে ১৬৪ রানে।

সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ১২৫ বলে ৯৩ রানে অপরাজিত কাইল এরেইনা। ডেন পিট খেলছেন ৫৯ বলে ১৭ রানে। দুজনের অবিচ্ছিন্ন জুটির সংগ্রহ ৪৩ রান।

প্রথম সেশনে ২ উইকেট

দ্বিতীয় দিনের প্রথম সেশনে তেমন ভালো করতে পারেনি বাংলাদেশ। হাসান মাহমুদের এক ওভারে দুই উইকেটই শুধু প্রাপ্তি। বিপরীতে ৩০ ওভারে ১০৩ রান করেছে দক্ষিণ আফ্রিকা

মধ্যাহ্ন বিরতি পর্যন্ত ৭১ ওভারে সফরকারীদের সংগ্রহ ৮ উইকেটে ২৪৩ রান। তাদের লিড এখন ১৩৭ রানের।

কাইল ভেরেইনা ১০৫ বলে ৭৭ ও ডেন পিট ২৫ বলে ৬ রানে অপরাজিত। তাদের জুটির সংগ্রহ ১৬ রান। 

সকালে প্রথম ঘণ্টায় কোনো উইকেট পড়তে দেননি ভিয়ান মুল্ডার ও ভেরেইনা। দুজন মিলে গড়েন ১১৯ রানের জুটি। ৫৪ রান করা মুল্ডার স্লিপে ক্যাচ দিয়েন আউট হন। পরের বলে কেশাভ মহারাজকে বোল্ড করেন হাসান।

প্রথম সেশনে আর আনন্দের উপলক্ষ পায়নি বাংলাদেশ।

রান আউটের সুযোগ হাতছাড়া

হাসান মাহমুদের বল সোজা খেললেন ডেন পিট। ফলো-থ্রুতে ধরতে গিয়ে হাত লাগালেন হাসান। বল আঘাত করলে নন স্ট্রাইক প্রান্তে স্টাম্পে। তা দেখে রানের জন্য ছুটলেন পিট। তবে ক্রিজেই দাঁড়িয়ে রইলেন কাইল ভেরেইনা। 

প্রায় মাঝ ক্রিজে চলে আসেন পিট। বল ধরে থ্রো করতে একটু বেশিই সময় নেন হাসান। পরে থ্রো-ও স্টাম্পে করতে পারেননি। তার থ্রো গিয়ে লাগে পিটের গায়ে। ফলে হাতছাড়া হয় রান আউটের সুযোগ।

৭০ ওভারে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৮ উইকেটে ২৪২ রান। কাইল ভেরেইনা ১০২ বলে ৭৬ ও পিট ২২ বলে ৬ রানে অপরাজিত। তাদের লিড এখন ১৩৬ রানের।

মহারাজের স্টাম্প ওড়ালেন হাসান

পরপর দুই বলে দুই উইকেট পেলেন হাসান মাহমুদ। ভিয়ান মুল্ডারের পর ফিরিয়ে দিলেন কেশাভ মহারাজকে। কিছুটা নিচু হয়ে যায় অফ স্টাম্পের বাইরে থেকে ভেতরে ঢোকা ডেলিভারি। মহারাজের ব্যাটের নিচ দিয়ে গিয়ে উড়িয়ে অফ স্টাম্প।

পরের ওভারে হ্যাটট্রিকের সম্ভাবনা নিয়ে বোলিং শুরু করবেন হাসান।

৬৫ ওভারে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৮ উইকেটে ২২৭ রান। তাদের লিড এখন ১২১ রানের। কাইল ভেরেইনা ৯৪ বলে ৬৭ রানে অপরাজিত। নতুন ব্যাটসম্যান ডেন পিট।

জুটি ভাঙলেন হাসান

হাসান মাহমুদের ব্যাক অফ লেংথ ডেলিভারি দূর থেকে খেলার চেষ্টায় খোঁচা মারলেন ভিয়ান মুল্ডার। ওয়াইড স্লিপে সহজ ক্যাচ পেলেন সাদমান ইসলাম। ৪৭ রানে জীবন পেয়ে ৫৪ রানে আউট হলেন মুল্ডার।

তার বিদায়ে ভাঙল ১১৯ রানের সপ্তম উইকেট জুটি। ক্রিজে নতুন ব্যাটসম্যান কেশভ মহারাজ।

৬৪.৫ ওভারে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৭ উইকেটে ২২৭ রান।

জীবন পেয়ে মুল্ডারের ফিফটি

নাঈম হাসানের ফুল লেংথ ডেলিভারি রিভার্স সুইপ করলেন ভিয়ান মুল্ডার। মাটি কামড়ে বল চলে গেল ডিপ পয়েন্ট সীমানায়। মুল্ডার পৌঁছে গেলেন ক্যারিয়ারের প্রথম ফিফটিতে।

১০৫ বলে ৮ চারে পঞ্চাশ করলেন ৪৭ রানে জীবন পাওয়া মুল্ডার। 

৬৪ ওভারে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৬ উইকেটে ২২৪ রান। তাদের লিড এখন ১১৮ রানের।

কাইল ভেরেইনা ৯১ বলে ৬৫ ও মুল্ডার ১১০ বলে ৫৩ রানে অপরাজিত। অবিচ্ছিন জুটির সংগ্রহ ১১৬ রান।

মুল্ডারের ক্যাচ ছাড়লেন মুমিনুল

নাঈম হাসানের টেনে দেওয়া ডেলিভারি ক্রিজ ছেড়ে খেলার চেষ্টায় ঠিকঠাক পারলেন না ভিয়ান মুল্ডার। ব্যাটের ভেতরের কানা ছুঁয়ে প্যাডে লেগে বল উঠে গেল শর্ট লেগের দিকে। কিন্তু আলসেভাবে বাম হাত এগিয়ে দিয়ে ক্যাচটি নিতে পারেননি মুমিনুল হক।

৪৭ রানে বেঁচে যান মুল্ডার। দিনের প্রথম সুযোগ হারায় বাংলাদেশ।

৬১ ওভারে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৬ উইকেটে ২১৫ রান। কাইল ভেরেইনা ৮৭ বলে ৬৩ ও মুল্ডার ৯৬ বলে ৪৭ রানে অপরাজিত।

একশ ছাড়াল লিড, জুটিরও একশ

তাইজুল ইসলামের অফ স্টাম্পের বাইরে ফুল লেংথ ডেলিভারি দুর্দান্ত কভার ড্রাইভে বাউন্ডারি মারলেন ভিয়ান মুল্ডার। একইসঙ্গে লিড ছাড়াল একশ রান, পূর্ণ হলো কাইল ভেরেইনার সঙ্গে তার জুটিরও একশ রান।

৫৯ ওভারে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৬ উইকেটে ২০৯ রান। প্রোটিয়াদের লিড এখন ১০৩ রানের।

ভেরেইনা ৮০ বলে ৫৭ ও মুল্ডার ৯১ বলে ৪৭ রানে অপরাজিত। অবিচ্ছিন্ন জুটির সংগ্রহ ১০১ রান। বাংলাদেশের বিপক্ষে সপ্তম উইকেটে এটিই দক্ষিণ আফ্রিকার প্রথম শতকছোয়া জুটি।

প্রথম ঘণ্টায় প্রোটিয়া দাপট

দ্বিতীয় দিন সকালের সেশনে প্রথম ঘণ্টায় কোনো বিপদ ঘটতে দেননি দক্ষিণ আফ্রিকার দুই ব্যাটসম্যান কাইল ভেরেইনা ও ভিয়ান মুল্ডার। ১৬ ওভারে তারা যোগ করেছে ৬১ রান। এরই মধ্যে দুইশ ছুঁয়েছে প্রোটিয়া স্কোর।

উইকেটের আচরণ বুঝে স্পিনারদের বিপক্ষে নিয়মিতই সুইপ-রিভার্স সুইপ খেলছেন মুল্ডার ও ভেরেইনা। পুরো ইনিংসে এখন পর্যন্ত ১৪টি রিভার্স সুইপে ২২ রান করেছে দক্ষিণ আফ্রিকা। 

৫৭ ওভারে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৬ উইকেটে ২০১ রান। তাদের লিদ এখন ৯৫ রানের।

ভেরেইনা ৭৫ বলে ৫৬ ও মুল্ডার ৮৪ বলে ৪০ রানে অপরাজিত। অবিচ্ছিন্ন জুটির সংগ্রহ ৯৩ রান।

দারুণ ব্যাটিংয়ে ভেরেইনার ফিফটি

চাপের মুখে চমৎকার ব্যাটিংয়ে পঞ্চাশ করলেন কাইল ভেরেইনা। ৬৭ বলে ক্যারিয়ারের চতুর্থ ফিফটি করতে ৫টি চার মারেন দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক-ব্যাটসম্যান। 

ভেরেইনার সঙ্গে ভিয়ান মুল্ডারের জুটিতে দারুণভাবে এগোচ্ছে দক্ষিণ আফ্রিকা। এরই মধ্যে ৭৭ রানের জুটি গড়েছেন তারা দুজন। আর লিড এখন দাঁড়িয়েছে ৭৯ রানের।

বাংলাদেশের স্পিনারদের মোকাবিলা করতে বেশ কার্যকরভাবে সুইপ, রিভার্স সুইপ করছেন ভেরেইনা ও মুল্ডার। এমনকি স্টাম্পের ওপর থেকে কাট করতেও পিছপা হচ্ছেন না দুই ব্যাটসম্যান।

৫৩ ওভারে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৬ উইকেটে ১৮৫ রান। ভেরেইনা ৬৮ বলে ৫২ ও মুল্ডার ৬৭ বলে ২৮ রানে অপরাজিত।

ভেরেইনা-মুল্ডার জুটির পঞ্চাশ

নাঈম হাসানের স্টাম্পের ওপর করা ডেলিভারি রিভার্স সুইপে বাউন্ডারি মারলেন ভিয়ান মুল্ডার। লিড ছাড়াল পঞ্চাশ। একইসঙ্গে পূর্ণ হলো কাইল ভেরেইনার সঙ্গে মুল্ডারের জুটির পঞ্চাশ রান।

৪৭ ওভারে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৬ উইকেটে ১৫৯ রান। আপাতত ৫৩ রানে এগিয়ে তারা। 

ভেরেইনা ৫০ বলে ৩৩ ও মুল্ডার ৪৯ বলে ২১ রানে অপরাজিত। ম্যাচে এখন পর্যন্ত এটিই প্রথম পঞ্চাশছোঁয়া জুটি।

নতুন সকালে এখন পর্যন্ত তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি বাংলাদেশ। সাবলীল ব্যাটিংই করছেন দুই প্রোটিয়া ব্যাটসম্যান। ৬ ওভারে তারা করেছে ১৯ রান।

দক্ষিণ আফ্রিকাকে দ্রুত অলআউট করার আশা 

বাংলাদেশকে প্রথম ইনিংসে অল্পে গুঁড়িয়ে দেওয়ার পর খুব বেশি স্বস্তিতে নেই দক্ষিণ আফ্রিকাও। স্বাগতিকদের ১০৬ রানের জবাবে প্রথম দিন ১৪০ রান করতে তারা হারিয়েছে ৬ উইকেট। 

সফরকারীদের লিড আপাতত ৩৪ রানের। প্রথম দিনের খেলা শেষে প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা বলেছেন, প্রথম ইনিংসে অন্তত ১০০ রানে এগিয়ে থাকতে পারলে তাদের জন্য ভালো হবে। 

আর যত দ্রুত সম্ভব দক্ষিণ আফ্রিকাকে অলআউট করার অভিযানে নামবে বাংলাদেশ। প্রথম দিনের উইকেটেই ছিল টার্ন ও বাউন্স। দ্বিতীয় দিন তা আরও বাড়তে পারে। 

আগের দিন আলোকস্বল্পতায় নির্ধারিত সময়ের আগে শেষ হয় খেলা। তাই মঙ্গলবার ১৫ মিনিট আগে অর্থাৎ সকাল ৯টা ৪৫ মিনিটে শুরু হবে খেলা। 

সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন শেষে)

বাংলাদেশ ১ম ইনিংস: ১০৬

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৪১ ওভারে ১৪০/৬ (মার্করাম ৬, জোর্জি ৩০, স্টাবস ২৩, বেডিংহ্যাম ১১, রিকেল্টন ২৭, ব্রিটস্কি ০, ভেরেইনা ১৮*, মুল্ডার ১৭*; হাসান ৮-১-৩১-১, মিরাজ ১০-০-৩৩-০, তাইজুল ১৫-২-৪৯-৫, নাঈম ৮-০-২০-০)