২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাইভ: দুই দিনের বেশি সময় ভেসে যাওয়া টেস্টেও হারল বাংলাদেশ

কানপুর টেস্টে ৭ উইকেটে হেরে হোয়াইটওয়াশড হল নাজমুল হোসেন শান্তর দল।

শাহাদাৎ আহমেদ সাহাদ শাহাদাৎ আহমেদ সাহাদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2024, 09:34 AM

Updated : 10 Sep 2026, 12:19 PM

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ২৩৩

ভারত ১ম ইনিংস: ২৮৫/৯ ডিক্লে.

বাংলাদেশ ২য় ইনিংস: ১৪৬

ভারত ২য় ইনিংস: (লক্ষ‍্য ৯৫) ১৭.২ ওভারে ৯৮/৩

হতশ্রী ব্যাটিংয়ে হোয়াইটওয়াশড বাংলাদেশ

প্রথম টেস্ট হারের পর বাংলাদেশের হোয়াইটওয়াশ এড়ানোর কাজ সহজ করে দিয়েছিল বৃষ্টি। দুই দিনেরও বেশি সময় প্রকৃতির বাগড়ায় ভেসে যাওয়ার পরও অবশ্য পরাজয় এড়াতে পারেনি বাংলাদেশ। 

ওভারের হিসেবে দুই দিনেরও কম সময়ে হেরে গেল সফরকারীরা। কানপুর টেস্টে সব মিলিয়ে খেলা হলো মোটে ১৭৩.২ ওভার। তাতেই ৭ উইকেটে হেরে গেল নাজমুল হোসেন শান্তর দল।

বাংলাদেশের দেওয়া ৯৫ রানের লক্ষ্য ১৭.২ ওভারে ছুঁয়ে ফেলেছে ভারত। সর্বোচ্চ ৫১ রানের ইনিংস খেলেন ইয়াশাসবি জয়সওয়াল। ২৯ রানে অপরাজিত থাকেন ভিরাট কোহলি।

২ উইকেটে ২৬ রান নিয়ে শেষ দিনের খেলা শুরু করে বাংলাদেশ। প্রথম সেশনেই বাকি ৮ উইকেট হারিয়ে মাত্র ১২০ রান করতে পারে তারা। ভারতের বোলারদের কৃতিত্বের পাশাপাশি বাংলাদেশের ব্যাটসম্যানদের দায়িত্বহীনতাও কম ছিল না। 

সর্বোচ্চ ৫০ রান করেন সাদমান ইসলাম। এছাড়া ত্রিশ ছুঁতে পারেন শুধু মুশফিকুর রহিম (৩৭)।   

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ২৩৩

ভারত ১ম ইনিংস: ২৮৫/৯ ডিক্লে.

বাংলাদেশ ২য় ইনিংস: ১৪৬

ভারত ২য় ইনিংস: (লক্ষ‍্য ৯৫) ১৭.২ ওভারে ৯৮/৩ (রোহিত ৮, জয়সওয়াল ৫১, গিল ৬, কোহলি ২৯*, পান্ত ৪*; মিরাজ ৯-০-৪৪-২, সাকিব ৩-০-১৮-০, তাইজুল ৫.২-০-৩৬-১)

জয়সওয়ালকে ফেরালেন তাইজুল

জয়ের খুব কাছে গিয়ে ড্রেসিং রুমে ফিরলেন ইয়াশাসবি জয়সওয়াল। তাইজুল ইসলামের বলে ছক্কায় ওড়াতে গিয়ে সাকিব আল হাসানের হাতে ক্যাচ দিলেন তরুণ বাঁহাতি ওপেনার।

৮ চার ও ১ ছক্কায় ৪৫ বলে ৫১ রান করেন জয়সওয়াল। 

১৬ ওভারে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ৯২ রান। ভিরাট কোহলি ৩৪ বলে ২৭ রানে অপরাজিত। নতুন ব্যাটসম্যান রিশাভ পান্ত।

রিভিউ নিয়ে বাঁচলেন কোহলি

মেহেদী হাসান মিরাজের নিচু হয়ে যাওয়া ডেলিভারি ভিরাট কোহলির প্যাডে লাগতেই জোরাল আবেদন। আঙুল তুলে দিলেন আম্পায়ার। রিভিউ নিলেন কোহলি। রিপ্লেতে দেখা যায়, বলের 'ইম্প্যাক্ট' ছিল অফ স্টাম্প লাইনের বাইরে। তাই বেঁচে যান ১৪ রানে থাকা কোহলি।

১২ ওভারে ভারতের সংগ্রহ ২ উইকেটে ৭০ রান। ৩৭ বলে ৪২ রানে অপরাজিত ইয়াশাসবি জয়সওয়াল।

গিলকেও ফেরালেন মিরাজ

পরপর দুই ওভারে দুই উইকেট নিলেন মেহেদী হাসান মিরাজ। রোহিত শার্মার পর শুবমান গিলকেও ফেরালেন তিনি। নিখুঁত টার্ন করা ডেলিভারিতে এলবিডব্লিউ হন ৬ রান করা গিল। রিভিউ নিয়েও ফায়দা হয়নি তার।

৫ ওভারে ভারতের সংগ্রহ ২ উইকেটে ৩৫ রান। জয়ের জন্য প্রয়োজন আরও ৬০ রান।

১২ বলে ২০ রানে অপরাজিত ইয়াশাসবি জয়সওয়াল। নতুন ব্যাটসম্যান ভিরাট কোহলি।

শুরুতেই রোহিতের বিদায়

রান তাড়ায় সময় না নিয়ে দ্রুত ম্যাচ শেষ করার লক্ষ্যে শুরুতেই রোহিত শার্মার উইকেট হারাল ভারত। তৃতীয় ওভারে মেহেদী হাসান মিরাজের বলে ছক্কা মারতে গিয়ে ডিপ স্কয়া লেগে ক্যাচ দিলেন ভারত অধিনায়ক।

১ চারে ৭ বলে ৮ রান করেন রোহিত। তিন নম্বরে নামলেন শুবমান গিল।

২.১ ওভারে ভারতের সংগ্রহ ১ উইকেটে ১৮ রান।

১৪৬ রানে অলআউট বাংলাদেশ

মধ্যাহ্ন বিরতির আগে শেষ বল। অফ কাটার করলেন জাসপ্রিত বুমরাহ। জায়গায় দাঁড়িয়ে বড় শট খেলার চেষ্টা করলেন মুশফিকুর রহিম। কিন্তু ব্যাটে লাগাতে পারলেন না। লাইন মিস করে বোল্ড হলেন দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান।

৭ চারে ৬৩ বলে ৩৭ রানে থামলেন মুশফিক। বাংলাদেশ গুটিয়ে গেল ১৪৬ রানে। ভারতের সামনে লক্ষ্য মাত্র ৯৫ রানের। ম্যাচের বাকি প্রায় দুই সেশন।

শেষ দিনের প্রথম ঘণ্টায় তুলনামূলক লড়াই করে বাংলাদেশ। কিন্তু পানি বিরতির পর পৌনে দুই ঘণ্টায় হওয়া ২১ ওভারে ৫৭ রান করতে বাকি ৭ উইকেট হারিয়ে এখন পরাজয়ের দুয়ারে তারা। 

দলের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেন সাদমান ইসলাম। এছাড়া ৩০ ছুঁতে পারেন শুধু মুশফিক।

ভারতের হয়ে ৩টি করে উইকেট নেন বুমরাহ, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ২৩৩

ভারত ১ম ইনিংস: ২৮৫/৯ ডিক্লে.

বাংলাদেশ ২য় ইনিংস: ৪৭ ওভারে ১৪৬ (সাদমান ৫০, জাকির ১০, হাসান ৪, মুমিনুল ২, শান্ত ১৯, মুশফিক ৩৭, লিটন ১, সাকিব ০, মিরাজ ৯, তাইজুল ০, খালেদ ৫*; বুমরাহ ১০-৫-১৭-৩, অশ্বিন ১৫-৩-৫০-৩, আকাশ ৮-৩-২০-১, সিরাজ ৪-০-১৯-০, জাদেজা ১০-২-৩৪-৩)

ভারতের ব্যর্থ রিভিউ

বাংলাদেশকে দ্রুত অলআউট করার আশায় রিভিউ হারাল ভারত। রবিচন্দ্রন অশ্বিনের বলে সৈয়দ খালেদ আহমেদকে এলবিডব্লিউ দেননি আম্পায়ার। রোহিত শার্মা রিভিউ নিলে দেখা যায়, লেগ স্টাম্পের বাইরে দিয়ে চলে যেত বল। তাই নষ্ট হয় রিভিউ।

৪৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেটে ১৩২ রান।

রিভিউ নিয়ে বাঁচলেন মুশফিক

রবীন্দ্র জাদেজার স্টাম্পের ওপর করা ডেলিভারি সুইপ খেলার চেষ্টা করলেন মুশফিকুর রহিম। কিছুটা লাফানো বল তার ব্যাটের ওপর দিয়ে লাগল হাতের ওপরের অংশে। এলবিডব্লিউর আবেদনে আঙুল তুলে দিলেন আম্পায়ার।

সঙ্গে সঙ্গে রিভিউ নিলেন মুশফিক। রিপ্লেতে দেখা যায়, স্টাম্পের ওপর দিয়ে চলে যেত বল। তাই বদলে যায় আম্পায়ারের সিদ্ধান্ত। ২৭ রানে বেঁচে যান মুশফিক।

৪২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেটে ১৩১ রান।

তাইজুলকেও ফেরালেন বুমরাহ

রবীন্দ্র জাদেজার পরপর দুই ওভারে সিঙ্গেল নিতে পারলেন না মুশফিকুর রহিম। জাসপ্রিত বুমরাহর টানা দুই ওভার খেলার চ্যালেঞ্জের পড়লেন তাইজুল ইসলাম। প্রথম ওভার কাটিয়ে দিলেও, পরেরটি আর পারলেন না লেজের সারির ব্যাটসম্যান।

বুমরাহর ফুল লেংথ স্লোয়ার ডেলিভারিতে এলবিডব্লিউ হলেন তাইজুল। রিভিউ নিয়েও কোনো লাভ হয়নি তার। ১৩ বলে ০ রানে ফেরেন ড্রেসিং রুমে।

তাইজুলের বিদায়ে নবম উইকেট পড়ায় ৩০ মিনিট বেড়ে গেছে শেষ সেশনের সময়। ক্রিজে শেষ ব্যাটসম্যান সৈয়দ খালেদ আহমেদ। 

মুশফিকুর রহিম ৩৬ বলে ২৭ রানে অপরাজিত। বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেটে ১৩০ রান, লিড ৭৮ রানের।

মিরাজকে ফেরালেন বুমরাহ

বেশিক্ষণ টিকতে পারলেন না মেহেদী হাসান মিরাজ। নতুন স্পেলে বোলিংয়ে ফিরেই দারুণ এক ডেলিভারিতে তাকে কট বিহাইন্ড করলেন জাসপ্রিত বুমরাহ।

১৭ বলে ৯ রান করেন মিরাজ। নতুন ব্যাটসম্যান তাইজুল ইসলাম।

৩৭ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ১১৮ রান। লিড এখন ৬৬ রানের। ২৪ বলে ১৫ রানে খেলছেন মুশফিকুর রহিম।

খালি হাতে ফিরলেন সাকিব

রানের খাতাই খুলতে পারলেন না সাকিব আল হাসান। রবীন্দ্র জাদেজার বলে রক্ষণাত্মক খেলতে গিয়ে ফিরতি ক্যাচ দিয়ে ফিরলেন অভিজ্ঞ অলরাউন্ডার। ৭১ ম্যাচের ক্যারিয়ারে সাকিবের ষষ্ঠ শূন্য এটি। 

মাত্র ৩ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ। মুশফিকুর রহিমের সঙ্গে জুটি বাধতে ক্রিজে মেহেদী হাসান মিরাজ।

৩২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ৯৪ রান।

অদ্ভুত শটে লিটনের বিদায়

প্রথম ঘণ্টার পানি বিরতির পর টানা তিন ওভারে তিন উইকেট হারাল বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত, সাদমান ইসলামের পর একই পথ ধরলেন লিটন কুমার দাস।

রবীন্দ্র জাদেজার অফ স্টাম্পের বাইরে হালকা লাফানো ডেলিভারি শুরুতে ছেড়ে দেওয়ার মতো করলেও শেষ মুহূর্তে কাট করার চেষ্টায় কট বিহাইন্ড উইকেটরক্ষক-ব্যাটসম্যান। নিশ্চিত আউট হওয়ায় রিভিউ নেওয়ারও প্রয়োজন মনে করেননি লিটন।

৮ বলে ১ রান করেন লিটন। ক্রিজে এখন দুই নতুন ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান।

৩০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৯৪ রান। তাদের লিড ৪২ রানের।

পঞ্চাশ ছুঁয়েই সাদমানের বিদায়

ফিফটি করার পর আর টিকতে পারলেন না সাদমান ইসলাম। আকাশ দিপের অফ স্টাম্পের বাইরের ডেলিভারি খোঁচা মেরে গালিতে ক্যাচ দিলেন বাঁহাতি ওপেনার।

১০ চারে ১০১ বলে ৫০ রান করেন সাদমান। প্রথম ইনিংসের মতো এবারও সাকিব আল হাসানের আগে নামানো হয়েছে লিটন কুমার দাসকে।

২৯ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৯৪ রান।

দারুণ ফিফটিতে সাদমানের কীর্তি

আগের দিন শেষ দিকে রক্ষণাত্মক খেলে সময় পার করার পর নতুন দিনের সকালের সেশনে খোলস ভেঙেছেন সাদমান ইসলাম। উইকেটের চার দিকে রান করে এরই মধ্যে ফিফটি করে ফেলেছেন বাঁহাতি ওপেনার।

ভারতের মাঠে বাংলাদেশের ওপেনারদের মধ্যে এটিই প্রথম ফিফটি। সব মিলিয়ে ক্যারিয়ারের চতুর্থ ফিফটি করতে ৯৭ বল খেলেন সাদমান, মারেন ১০টি চার।

২৮ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৯৩ রান।

অহেতুক শটে শান্তর বিদায়

প্রথমবার আক্রমণে এসেই জুটি ভাঙলেন রবীন্দ্র জাদেজা। লেগ স্টাম্পের বাইরের ডেলিভারি রিভার্স সুইপ করতে গিয়ে বোল্ড হলেন নাজমুল হোসেন শান্ত।

২ চারে ৩৭ বলে ১৯ রান করেন বাংলাদেশ অধিনায়ক। তার বিদায়ে ভাঙে ৫৫ রানের চতুর্থ উইকেট জুটি। ক্রিজে নতুন ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

আম্পায়ার্স কলে বাঁচলেন সাদমান

পানি বিরতির পর আক্রমণে এসে সাদমান ইসলামের বিপক্ষে এলবিডব্লিউর জোরাল আবেদন করলেন আকাশ দিপ। তবে সাড়া দিলেন না আম্পায়ার। কিছুক্ষণ আলোচনার পর রিভিউ নিলেন রোহিত শার্মা।

রিপ্লেতে দেখা যায়, রাউন্ড দা উইকেট থেকে আকাশের অফ স্টাম্পের বাইরে পিচ করে ভেতরে যাওয়া ডেলিভারি লেগ স্টাম্পে হালকা ছুঁয়ে যেত। অর্থাৎ আম্পায়ার্স কল। তাই বহাল থাকে মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত। বিপদ ঘটেনি সাদমানের।

২৭ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৯০ রান। সাদমান ৯৫ বলে ৪৮ ও নাজমুল হোসেন শান্ত ৩৬ বলে ১৯ রানে অপরাজিত।

প্রথম ঘণ্টায় ১ উইকেটে ৬৩ রান

শেষ দিনের প্রথম ঘণ্টায় খুব বেশি বিপদ ঘটেনি বাংলাদেশের। পানি বিরতি পর্যন্ত মুমিনুল হকের উইকেট হারিয়ে ১৫ ওভারে তারা করেছে ৬৩ রান। 

দিনের তৃতীয় ওভারে ড্রেসিং রুমে ফেরেন প্রথম ইনিংসে সেঞ্চুরি করা অভিজ্ঞ ব্যাটসম্যান। এরপর দলের দায়িত্ব নেন নাজমুল হোসেন শান্ত ও সাদমান ইসলাম।

ভারতের মাঠে বাংলাদেশের প্রথম ওপেনার হিসেবে ফিফটির আশা জাগিয়ে ৯৩ বলে ৪৭ রানে অপরাজিত সাদমান। শান্ত খেলছেন ৩২ বলে ১৯ রানে।

২৬ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৮৯ রান। তাদের লিড এখন ৩৭ রানের।

সাদমান-শান্ত জুটির পঞ্চাশ

দিনের শুরুতেই মুমিনুল হকের উইকেট হারানোর পর আর বিপদ বাড়তে দেননি সাদমান ইসলাম ও নাজমুল হোসেন শান্ত। ইতিবাচক ব্যাটিংয়ে দুজন মিলে এরই মধ্যে গড়েছেন পঞ্চাশছোঁয়া জুটি, ৬৮ বলে।

২৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৮৭ রান। বাংলাদেশের লিড এখন ৩৫ রানের।

সাদমান ৯২ বলে ৪৬ ও শান্ত ২৮ বলে ১৯ রানে অপরাজিত।

বাংলাদেশের লিড

ভারতের রান টপকে লিড নিতে বেশি সময় লাগল না বাংলাদেশের। দিনের নবম ওভারেই ভারতের চেয়ে এগিয়ে গিয়ে লক্ষ্য দিতে শুরু করল সফরকারীরা।

প্রথম ৯ ওভারে ১ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩১ রান। সব মিলিয়ে ২০ ওভারে তাদের স্কোর ৩ উইকেটে ৫৭ রান। লিড এখন ৫ রানের।

সাদমান ইসলাম ৭৪ বলে ২৮ ও নাজমুল হোসেন শান্ত ১৪ বলে ৭ রানে অপরাজিত।

শুরুতেই মুমিনুলের বিদায়

দিনের শুরুতেই ড্রেসিং রুমের পথ ধরলেন মুমিনুল হক। তৃতীয় ওভারে রবিচন্দ্রন অশ্বিনের লেগ স্টাম্পের অনেক বাইরের বল সুইপ করতে গিয়ে লেগ স্লিপে ক্যাচ দিলেন অভিজ্ঞ ব্যাটসম্যান।

আরেক বাঁহাতি ব্যাটসম্যান সাদমান ইসলামের জন্য স্লিপ ও গালিতে ফিল্ডার রেখেছিলেন রোহিত শার্মা। প্রথম ইনিংসে সুইপে অনেক রান করায়, মুমিনুলের জন্য আনেন লেগ স্লিপ। দ্রুতই পেয়ে গেলেন সাফল্য।

৮ বলে ২ রান করেন মুমিনুল। নতুন ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত।

১৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৩৬ রান। ভারতের চেয়ে ১৬ রানে পিছিয়ে তারা। ৪৯ বলে ১৬ রানে অপরাজিত সাদমান ইসলাম।

কঠিন চ্যালেঞ্জে বাংলাদেশ 

বৃষ্টিতে ভেসে গেছে দুই দিনের বেশি। প্রথম চার দিন মিলিয়ে খেলা হয়েছে মোটে ১২০ ওভার। তবু ম্যাচ জেতার জোর সম্ভাবনা জাগিয়ে তুলেছে ভারত। শেষ দিনে তাই কঠিন পরীক্ষার সামনে বাংলাদেশ। 

কানপুর টেস্টের চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের চেয়ে ২৬ রানে পিছিয়ে বাংলাদেশ। দিনের শেষভাগে দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে ১১ ওভারে ২ উইকেটে ২৬ রান করে তারা। ড্রেসিং রুমে ফেরেন জাকির হাসান ও হাসান মাহমুদ। 

সাদমান ইসলাম ৪০ বলে ৭ ও মুমিনুল হক ২ বলে ০ রানে শেষ দিনের খেলা শুরু করবেন। 

সব কিছু ঠিক থাকলে অন্তত ৯৮ ওভার খেলা হবে মঙ্গলবার। বাংলাদেশকে দ্রুত অলআউট করে ম্যাচ জেতার লক্ষ্যে নামবে ভারত। আর স্বাগতিকদের পরিকল্পনা নস্যাৎ করে দ্বিতীয় ইনিংসে বড় রান করার চ্যালেঞ্জই জিততে হবে বাংলাদেশকে।

সংক্ষিপ্ত স্কোর (চতুর্থ দিন শেষে):

বাংলাদেশ ১ম ইনিংস: ২৩৩

ভারত ১ম ইনিংস: ২৮৫/৯ ডিক্লে.

বাংলাদেশ ২য় ইনিংস: ১১ ওভারে ২৬/২ (সাদমান ৭*, জাকির ১০, হাসান ৪, মুমিনুল ০*; বুমরাহ ৩-১-৩-০, অশ্বিন ৫-২-১৪-২, আকাশ ৩-২-৪-০)