আমিনুলের ‘প্রথম লক্ষ্য’ পরিচালক হওয়া, এরপর হতে চান সভাপতি
আগে বলেছিলেন বিসিবি সভাপতির দায়িত্বে লম্বা সময় থাকতে চান না, তবে এখন ভাবনায় বদল এসেছে আমিনুল ইসলাম বুলবুলের।
‘কুইক টি-টোয়েন্টি ইনিংসকে’ এখন লম্বা টেস্ট ইনিংসে রূপ দিতে চান আমিনুল ইসলাম বুলবুল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান সভাপতি ঘোষণা দিয়েছেন বোর্ডের আগামী নির্বাচনে পরিচালক পদে লড়ার। পরিচালক হতে পারলে পরে তিনি সভাপতির দায়িত্বও পেতে চান আবার।
সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শনে গিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মঙ্গলবার তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
গত ৩০ মে বিসিবি সভাপতির দায়িত্ব নিয়ে আমিনুল বলেছিলেন, “আমি একটা কুইক টি-টোয়েন্টি ইনিংস খেলতে এসেছি এখানে। একটা ভালো টি-টোয়েন্টি ইনিংস খেলব, যেটা আপনারা সবাই মনে রাখবেন।”লম্বা সময় দায়িত্বে থাকার পরিকল্পনা নেই, এটিও পরে নানা সময়ে বলেছেন বাংলাদেশের প্রথম বিশ্বকাপ অধিনায়ক ও প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান।
তবে তার সেই ভাবনায় বদল এসেছে এখন। সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শনে গিয়ে মঙ্গলবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সেটিই জানালেন ৫৭ বছর বয়সী সাবেক ক্রিকেটার।
“কালকে আমাদের ফাহিম ভাই (বিসিবি পরিচালক নাজমুল আবেদীন) ঘোষণা করেছেন বোর্ডের পক্ষ থেকে যে, অক্টোবরের প্রথম সপ্তাহে আমরা নির্বাচন (আয়োজন) করব এবং প্রপার নির্বাচন করব। এখানে সভাপতি নির্বাচন হয় না। এখানে পরিচালকদের নির্বাচন হয়। সেটা প্রথম লক্ষ্য এবং সেখানে থাকার চেষ্টা করব। পরবর্তীতে যদি সুযোগ হয়, চেষ্টা করব যেভাবেই হোক বাংলাদেশকে সার্ভ করার জন্য।”
সিলেটে বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে সোমবার বিসিবি পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন জানান, অক্টোবরের প্রথম সপ্তাহে হবে বিসিবি নির্বাচন। খুব শিগগিরই নির্বাচক কমিশন গঠন হবে বলেও জানান তিনি।
বিসিবি নির্বাচনে কাউন্সিলরদের ভোটে পরিচালকদের ২৩ জন পরিচালক নির্বাচিত হন। জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে সরাসরি পরিচালক হন আরও দুজন।
সেই ২৫ পরিচালকের ভোটে পরে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত করা হয়।
আমিনুল ও নাজমুল, দুজনেই এখন জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে পরিচালক পদে আছেন। সেখান থেকেই পরে সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল।
তিনি আবার জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নেই পরিচালক হবেন নাকি নির্বাচনে অংশ নেবেন, সেটি অবশ্য পরিষ্কার নয় এখনও।
সম্প্রতি বিসিবি পরিচালক পদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন তামিম ইকবালও। পরিচালক হতে পারলে পরে বিসিবি সভাপতি হওয়ার ইচ্ছেও আছে সাবেক এই অধিনায়কের।
