রাহুল-পান্তের সেঞ্চুরির পর ভারতের ব্যাটিং ধস, শেষ দিনের রোমাঞ্চের অপেক্ষা
হেডিংলি টেস্টে জয়ের জন্য শেষ দিনে ইংল্যান্ডের প্রয়োজন ৩৫০ রান, ভারতের চাই ১০ উইকেট।
ব্যাটিং মাস্টারক্লাস মেলে ধরে দারুণ সেঞ্চুরি উপহার দিলেন লোকেশ রাহুল। আরেক সেঞ্চুরিতে ফের রেকর্ড বইয়ে তোলপাড় ফেলে দিলেন রিশাভ পান্ত। কিন্তু আরও একবার নাটকীয় ধস নামল ভারতের ব্যাটিংয়ে। ঘুরে দাঁড়িয়ে লক্ষ্যটা চারশর নিচে রেখে জয়ের সম্ভাবনা জিইয়ে রাখল ইংল্যান্ড।
রোমাঞ্চকর শেষের অপেক্ষায় অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির হেডিংলি টেস্ট। জয়ের জন্য শেষ দিনে ইংল্যান্ডের প্রয়োজন ৩৫০ রান, ভারতের চাই ১০ উইকেট। যে কোনো ফলই হতে পারে ম্যাচের।
লিডসে চতুর্থ দিন রাহুল ও পান্তের সেঞ্চুরি এবং দুইশর কাছাকাছি জুটিতে একপর্যায়ে ভারতের রান ছিল ৪ উইকেটে ৩৩৩। কিন্তু স্রেফ ৩১ রানে শেষ ৬ উইকেট হারিয়ে ৩৬৪ রানে গুটিয়ে যায় তাদের দ্বিতীয় ইনিংস। প্রথম ইনিংসে ৩ উইকেটে ৪৩০ থেকে তারা শেষ ৭ উইকেট হারিয়েছিল ৪১ রানে।
প্রথম ইনিংসে ৬ রানের লিড মিলিয়ে ইংল্যান্ডকে ৩৭১ রানের লক্ষ্য দিতে পেরেছে ভারত। স্বাগতিকরা সোমবারের খেলা শেষ করেছে বিনা উইকেটে ২১ রানে।
এর আগে ৫৯ ম্যাচে প্রতিপক্ষকে সাড়ে তিনশর বেশি রানের লক্ষ্য দিয়ে একবারই কেবল হেরেছে ভারত আর সেটি ইংল্যান্ডের বিপক্ষেই। ২০২২ সালে এজবাস্টনে সেই ম্যাচে ৩৭৮ রানের লক্ষ্য তাড়ায় ৭ উইকেটে জিতেছিল ইংলিশরা।
হেডিংলির উইকেট ব্যাটিংয়ের জন্য এখনও ভয়ঙ্কর কিছু নয়। ‘বাজবল’ জমানায় বেন স্টোকসের দল আরেকটি জয়ের আশাতেই হয়তো বুক বেঁধেছে এখন। এজন্য তাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে প্রথম ইনিংসে দুর্দান্ত বোলিংয়ে পাঁচ উইকেট শিকার করা জাসপ্রিত বুমরাহকে সামলানো।
ভারতের দ্বিতীয় ইনিংস পুরোটা রাহুল-পান্তময়। টেকনিক, টেম্পারমেন্ট, ধৈর্য, নিয়ন্ত্রণ, শৃঙ্খলা- সবকিছু মিলিয়ে ইংলিশ কন্ডিশনে টেস্ট ব্যাটিংয়ের আদর্শ প্রদর্শনী মেলে ধরেন রাহুল। ১৮ চারে ২৪৭ বলে ১৩৭ রানের ইনিংস খেলেন এই ওপেনার।
তার টেস্ট ক্যারিয়ারের নবম সেঞ্চুরি এটি, ইংল্যান্ডের মাটিতে তৃতীয়, দেশটিতে কোনো ভারতীয় ওপেনারের যা সর্বোচ্চ। ওপেনার হিসেবে ইংল্যান্ডে দুটি করে সেঞ্চুরি আছে ভারতের ভিজায় মার্চেন্ট, সুনিল গাভাস্কার, রাভি শাস্ত্রি ও রাহুল দ্রাবিড়ের।
টেস্ট ইতিহাসের দ্বিতীয় উইকেটকিপার হিসেবে ম্যাচে জোড়া সেঞ্চুরির কীর্তি গড়েন পান্ত। এবার ১৫ চার ও ৩ ছক্কায় ১৪০ বলে ১১৮ রানের আরেকটি বিনোদনদায়ী ইনিংস খেলেন ২৭ বছর বয়সী ক্রিকেটার। তার আগে উইকেটকিপার হিসেবে ২০০১ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারারেতে জোড়া সেঞ্চুরি করেছিলেন জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ার।
এছাড়া প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডের বিপক্ষে জোড়া সেঞ্চুরির কীর্তিসহ আরও বেশ কিছু রেকর্ড-অর্জনে নাম লেখান পান্ত।
ম্যাচে সব মিলিয়ে ভারতের সেঞ্চুরি পাঁচটি, তাদের টেস্ট ইতিহাসে এই নজির এটিই প্রথম। ১৪৮ বছরের টেস্ট ইতিহাসে এমন কিছু দেখা গেল এই নিয়ে ছয়বার।
চতুর্থ দিনের শুরুতেই অধিনায়ক শুবমান গিলকে হারায় ভারত। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান এবার যেতে পারেননি দুই অঙ্কে। সেখান থেকেই রাহুলের সঙ্গের পান্তের পথচলা শুরু। প্রথম সেশনে দেখেশুনে খেলে, মন্থর ব্যাটিংয়ে এগিয়ে যান দুজন। এই সেশনে ২৪.১ ওভারে আসে কেবল ৬৩ রান।
আগের দিন ৪৭ রানে অপরাজিত রাহুল ফিফটি করেন ৮৭ বলে। ৫৮ রানে তিনি জীবন পান গালিতে হ্যারি ব্রুক ক্যাচ ফেলে দেওয়ায়। পঞ্চাশ ছুঁতে পান্তের লাগে ৮৩ বল। এরপর রানের গতি বাড়ান তিনি। স্পিনার শোয়েব বাশিরকে মারেন তিন বলের মধ্যে দুটি ছক্কা।
রাহুল সেঞ্চুরি পূর্ণ করেন ২০২ বলে। পান্ত ৯৫ রানে পৌঁছে যান ১০৯ বলে। টেস্ট ক্যারিয়ারে সাতবার নব্বইয়ের ঘরে কাটা পড়া ব্যাটসম্যান এ দিন ৯৮ থেকে ৯৯-এ যেতে খেলেন ১০ বল, সেখান থেকে সেঞ্চুরিতে যেতে বল লাগে আরও চারটি। অবশেষে ১৩০ বলে পূর্ণ করেন অষ্টম সেঞ্চুরি।
ইংল্যান্ডে পান্তের সেঞ্চুরি হলো চারটি। এখানে একটির বেশি সেঞ্চুরি নেই আর কোনো সফরকারী উইকেটকিপারের। স্বাগতিক-সফরকারী মিলিয়েও ইংল্যান্ডে পান্তের চেয়ে বেশি সেঞ্চুরি করতে পারেননি আর কোনো উইকেটকিপার। তার সমান চারটি করে সেঞ্চুরি আছে ম্যাট প্রায়র ও অ্যালেক স্টুয়ার্টের।
মাইলফলক ছোঁয়ার পর দ্রুততায় আরও ১৮ রান তুলে পান্ত বিদায় নেন বাশিরের বলে ক্যাচ দিয়ে। রাহুলের সঙ্গে তার জুটিতে আসে ১৯৫ রান।
আট বছর পর ফেরার টেস্টে প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়া কারুন নায়ার এবার শুরুটা ভালোই করেন। তবে ইনিংস টেনে নিতে পারেননি, আলগা শটে ক্রিস ওকসকে ফিরতি ক্যাচ দেন তিনি (৫৪ বলে ২০)। তার আগের ওভারে বোল্ড হয়ে থামেন রাহুল।
রাভিন্দ্রা জাদেজা (৪০ বলে ২৫*) একপ্রান্ত ধরে রাখলেও আসা-যাওয়ার মিছিলে যোগ দেন অন্যরা। তাতে দ্রুতই অলআউট হয়ে যায় ভারত। শেষ তিন ব্যাটসম্যানই ফেরেন শূন্য রানে।
প্রথম ইনিংসে ৪টির পর এবার ৩টি উইকেট নেন পেসার জশ টং।
পরে লক্ষ্য তাড়ায় দিনের ছয় ওভার নিরাপদে কাটিয়ে দেন জ্যাক ক্রলি ও বেন ডাকেট।
সংক্ষিপ্ত স্কোর: (চতুর্থ দিন শেষে)
ভারত ১ম ইনিংস: ৪৭১
ইংল্যান্ড ১ম ইনিংস: ৪৬৫
ভারত ২য় ইনিংস: (আগের দিন ৯০/২) ৯৬ ওভারে ৩৬৪ (রাহুল ১৩৭, গিল ৮, পান্ত ১১৮, কারুন ২০, জাদেজা ২৫*, শার্দুল ৪, সিরাজ ০, বুমরাহ ০, প্রাসিধ ০; ওকস ১৯-৪-৪৫-১, কার্স ১৯-২-৮০-৩, টং ১৮-২-৭২-৩, বাশির ২২-১-৯০-২, স্টোকস ১৫-২-৪৭-১, রুট ৩-০-২১-০)
ইংল্যান্ড ২য় ইনিংস: (লক্ষ্য ৩৭১) ৬ ওভারে ২১/০ (ক্রলি ১২, ডাকেট ৯; বুমরাহ ৩-০-৯-০, সিরাজ ২-১-৯-০, জাদেজা ১-০-৩-০)
