২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৫ ম্যাচ পর সুযোগ পেয়ে শূন্যতে ফিরলেন হৃদয়

লঙ্কা প্রিমিয়ার লিগে ৩ বল খেলে রানের খাতাই খুলতে পারেননি বাংলাদেশের এই ব্যাটসম্যান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2024, 10:01 PM

Updated : 26 Aug 2026, 10:01 AM

প্রথম দুই ম্যাচ খেলে বাদ পড়া তাওহিদ হৃদয়কে আবারও একাদশে ফেরাল ডাম্বুলা সিক্সার্স। কিন্তু সুযোগটা কাজে লাগাতে ব্যর্থ হলেন মিডল অর্ডার এই ব্যাটসম্যান। কলম্বো স্ট্রাইকার্সের বিপক্ষে রানের খাতাই খুলতে পারলেন না তিনি।

কলম্বোতে মঙ্গলবার লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) ম্যাচে ৩ বল খেলে শূন্য রানে আউট হন হৃদয়। আসরে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে তার রান কেবল ১।

ক্যান্ডি ফ্যালকন্সের বিপক্ষে দলের প্রথম ম্যাচেই সুযোগ পেয়েছিলেন হৃদয়। কিন্তু আউট হয়ে যান স্রেফ এক রান করে। পরের ম্যাচে জাফনা কিংসের বিপক্ষে অবশ্য ব্যাটিংয়ের সুযোগই পাননি বাংলাদেশের এই ক্রিকেটার।

পাঁচ ম্যাচ পর আবার সুযোগ পেয়ে সেই ব্যর্থতার বৃত্তেই ২৩ বছর বয়সী এই ব্যাটসম্যান।

৫ ওভারে ৩ উইকেট হারিয়ে যখন ভীষণ চাপে ডাম্বুলা, তখন ক্রিজে যান হৃদয়। মুখোমুখি হওয়া প্রথম ডেলিভারিটি কাভারে খেলেন তিনি। পরের বলটি বিনুরা ফার্নান্দো করেন শর্ট অব দা লেংথ। কাভার-পয়েন্টের দিকে ঠেলে রান নিতে চেয়েছিলেন ব্যাটসম্যান। কিন্তু দারুণ ক্ষিপ্রতায় বল কুঁড়িয়ে দ্রুত ফেরত পাঠান গ্লেন ফিলিপস।

তৃতীয় বলটি ছিল অফ স্টাম্পের বাইরে লেংথ বল। সামান্য সুইং করে বেরিয়ে যাওয়া ডেলিভারিটি পুল করেন হৃদয়। কিন্তু ঠিকঠাক ব্যাটে খেলতে পারেননি। ব্যাটের কানায় লেগে বল জমা পড়ে কিপার রাহমানউল্লাহ গুরবাজের গ্লাভসে।

হৃদয়ের মতো এদিন ব্যাট হাতে ব্যর্থ ডাম্বুলার প্রথম চার ব্যাটসম্যানও। ৩৮ রানে ৫ উইকেট হারানো দলকে কিছুটা টানেন অধিনায়ক মোহাম্মদ নাবি ও চামিন্দু উইক্রামাসিংহে। তাদের ৫২ বল স্থায়ী ৬২ রানের জুটিতে একশ পার করে দলটির রান।

২ ছক্কা ও ৩ চারে ৩৩ বলে ৪০ রান করেন নাবি। চামিন্দু করেন একটি করে ছক্কা-চারে ২৬। শেষ পর্যন্ত ১২৩ রানে গুটিয়ে গেছে ডাম্বুলা।