নাবি ও ওমারজাইকে পেছনে ফেলে সিংহাসনে রাজা
ওয়ানডে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছেন জিম্বাবুয়ের তারকা ক্রিকেটার।
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে বোলিংয়ে তেমন ভালো করতে না পারলেও, ব্যাট হাতে দারুণ ধারাবাহিক ছিলেন সিকান্দার রাজা। যার প্রতিফলন দেখা গেল র্যাঙ্কিংয়ে। এই সংস্করণের অলরাউন্ডারদের তালিকায় প্রথমবারের মতো চূড়ায় উঠলেন জিম্বাবুয়ের তারকা ক্রিকেটার।
বুধবার প্রকাশিত পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে ওয়ানডে অলরাউন্ডারদের মধ্যে দুই ধাপ উন্নতি হয়েছে রাজার। আফগানিস্তানের মোহাম্মদ নাবি ও আজমাতউল্লাহ ওমারজাইকে টপকে গেছেন তিনি। রাজার রেটিং পয়েন্ট এখন ৩০২।
এক ধাপ করে পিছিয়ে যথাক্রমে দুই ও তিন নম্বরে ওমারজাই (২৯৬) ও নাবি (২৯২)। বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ (২৪৯) আগের মতোই চারে। পরের স্থানে নিউ জিল্যান্ডের মাইকেল ব্রেসওয়েল (২৪৬)।
ওয়ানডে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থান ছিল রাজার আগের সেরা অবস্থান। ২০২৩ সালের ডিসেম্বরে প্রথমবার দুইয়ে উঠেছিলেন তিনি।
লঙ্কানদের বিপক্ষে দুই ওয়ানডের সিরিজে দল হোয়াইটওয়াশড হলেও নিজের কাজটা ঠিকঠাকই করেন রাজা। প্রথম ম্যাচে অফ স্পিনে ৪৮ রান খরচায় একটি উইকেট নেন। পরে লক্ষ্য তাড়ায় ৮ চারে ৮৭ বলে খেলেন ৯২ রানের ইনিংস। ৭ রানে হেরে যায় জিম্বাবুয়ে।
দ্বিতীয় ওয়ানডেতে ফের জ্বলে ওঠেন রাজা। এবার তার ব্যাট থাকে আসে ৫৯ রান। ৫৫ বলের অপরাজিত ইনিংসটি গড়েন তিনি এক ছক্কা ও ৫টি চারে। কোনো উইকেট নিতে পারেননি তিনি। ম্যাচটি ৫ উইকেটে জিতে যায় লঙ্কানরা।
ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে রাজার অগ্রগতি ৯ ধাপ, আছেন ক্যারিয়ার সেরা ২২তম স্থানে। এই তালিকায় তার ওপরে নেই জিম্বাবুয়ের আর কেউ। বোলারদের মধ্যেও এক ধাপ উন্নতি করেছেন তিনি, অবস্থান ৩৮তম।
দুই ম্যাচেই ফিফটি করে (৭০ ও ৭৯) বড় লাফ দিয়েছেন বেন কারান। ৭১ ধাপ এগিয়ে ৯০তম স্থানে জিম্বাবুয়ে ওপেনার। ৭৬ ও ১২২ রানের ইনিংস খেলে সাত ধাপ এগিয়ে ত্রয়োদশ স্থানে উঠেছেন শ্রীলঙ্কার ওপেনার পাথুম নিসাঙ্কা। তার সতীর্থ জানিথ লিয়ানাগে ১৩ ধাপ এগিয়ে আছেন ২৯ নম্বরে।
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৮৬ রান করা দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম তিন ধাপ এগিয়ে এখন ২০তম স্থানে। ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে সবার ওপরে ভারতের শুবমান গিল।
ইংলিশদের বিপক্ষে ৪ উইকেট নিয়ে বোলারদের তালিকায় শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন দক্ষিণ আফ্রিকার কেশাভ মহারাজ। অভিজ্ঞ বাঁহাতি স্পিনারের রেটিং পয়েন্ট এখন ৬৯০। দুইয়ে নেমে যাওয়া শ্রীলঙ্কার মাহিশ থিকশানা (৬৫৯) থেকে ৩১ পয়েন্ট এগিয়ে তিনি।
ইংল্যান্ডের জফ্রা আর্চার এগিয়েছেন ৬ ধাপ, অবস্থান ১৯তম। ৫ ধাপ উন্নতি করে যৌথভাবে ২৩ নম্বরে প্রোটিয়া পেসার লুঙ্গি এনগিডি। লঙ্কান পেসার আসিথা ফার্নান্দোর অগ্রগতি ৬ ধাপ, আছেন ৩১তম স্থানে।
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে হ্যাটট্রিকসহ ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হওয়া দিলশান মাদুশাঙ্কা ৮ ধাপ এগিয়ে এখন ৫২ নম্বরে। তার সতীর্থ দুশমান্থা চামিরা (৯০তম) এগিয়েছেন ১০ ধাপ।
ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের পারফরম্যান্সও বিবেচনায় এসেছে র্যাঙ্কিংয়ের হালনাগাদে। যেখানে ব্যাটসম্যানদের মধ্যে ১২ ধাপ এগিয়েছেন আফগানিস্থানের ইব্রাহিম জাদরান (২০তম)। পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা ১৮ ধাপ এগিয়ে এখন ৫৯তম স্থানে।
টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের মধ্যে আগের মতোই সবার ওপরে ভারতের আভিশেক শার্মা। আর বোলারদের র্যাঙ্কিংয়ে যথারীতি চূড়ায় নিউ জিল্যান্ডের জ্যাকব ডাফি।
এই সংস্করণের বোলারদের তালিকায় ১১ ধাপ উন্নতি করে ২২ নম্বরে পাকিস্তানের বাঁহাতি রিস্ট স্পিনার সুফিয়ান মুকিম। ৮ ধাপ এগিয়েছেন দলটির অভিজ্ঞ পেসার শাহিন শাহ আফ্রিদি (২৬তম)। তাদের সতীর্থ মোহাম্মদ নাওয়াজের অগ্রগতি ১৫ ধাপ, অবস্থান ৪৩তম।
বোলারদের মধ্যে ২৬ ধাপ এগিয়ে ৫৪ নম্বরে আফগানিস্তানের নাবি। দলটির বাঁহাতি রিস্ট স্পিনার নুর আহমাদ ৪৯ ধাপ উন্নতি করে ৭৩ নম্বরে।
টি-টোয়েন্টির অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে ভারতের হার্দিক পান্ডিয়া। এক ধাপ এগিয়ে দুইয়ে উঠে এসেছেন নাবি।
