ভবিষ্যতে ইংল্যান্ডের কোচ হতে চান স্টোকস
লেভেল-থ্রি কোচিং কোর্স করছেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার।
খেলোয়াড়ি জীবন শেষে কোচিং ক্যারিয়ার শুরু করার লক্ষ্যে এখন থেকেই নিজেকে প্রস্তুত করছেন বেন স্টোকস। এরই মধ্যে অনেকদূর এগিয়েও গেছেন ইংলিশ তারকা অলরাউন্ডার। একদিন ইংল্যান্ডের কোচ হওয়ার স্বপ্নও দেখছেন দলটির সাবেক অধিনায়ক।
গত জুনের শেষ দিকে হুট করে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেন স্টোকস। তবে এখনই খেলোয়াড়ি জীবনের ইতি টানছেন না তিনি। ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে যাবেন ৩৫ বছর বয়সী ক্রিকেটার।
এখন ইংল্যান্ডের ঘরোয়া লিস্ট ‘এ’ টুর্নামেন্ট ওয়ানডে কাপে খেলছেন স্টোকস। টেস্ট থেকে অবসরের পর ডারহামের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেই ম্যাচ জেতানো অপরাজিত সেঞ্চুরি করেছেন তিনি। পরের ম্যাচে খেলেছেন ৫১ বলে ৭৩ রানের অপরাজিত ইনিংস।
যতদিন সম্ভব খেলা চালিয়ে যাবেন স্টোকস। তবে খেলা ছাড়ার পর ক্রিকেটের সঙ্গেই থাকতে চান তিনি। কোচিংয়ে আসার ইচ্ছার কথা আগেও বলেছিলেন তিনি। সেই অনুযায়ী নিয়েছেন পদক্ষেপও। এখন লেভেল-থ্রি কোচিং কোর্স করছেন স্টোকস।
‘লাভ অব ক্রিকেট পডকাস্ট’-এ স্টোকস বললেন, খেলা ছাড়ার আগেই কোচিং কোর্স শেষ করে নিজেকে তৈরি রাখতে চান তিনি।
“খেলোয়াড় থাকা অবস্থাতেই লেভেল-৩ কোচিং কোর্সটা সম্পন্ন করছি। কারণ, যেদিন আমার খেলোয়াড়ি জীবন শেষ হবে, সেদিনের জন্য প্রস্তুত থাকতে চাই। কোর্সের সব আনুষ্ঠানিকতা শেষ করে রাখতে চাই। তাহলে সামনে আমার বিকল্প থাকবে- চাইলে কোচিংয়ে যেতে পারব, আবার চাইলে কয়েক বছর বিশ্রাম নিতেও পারব।
“আমি কোচ হতে চাই। ক্রিকেটের সঙ্গে যুক্ত থেকে আমি ঠিক কী করতে চাই, সেটা আমি জানি- কোচিং করাতে চাই। আর একদিন ইংল্যান্ড দলের কোচ হতে চাই কি না? অবশ্যই চাই। সেই দায়িত্ব পালন করতে পারলে দারুণ হবে। তবে সেটা আদৌ সম্ভব হবে? জানি না। এ বিষয়ে আমার কোনো ধারণা নেই।”
এই পডকাস্টেই হুট করে অবসর নেওয়ার কারণ জানতে চাওয়া হলে স্টোকস বলেন, “এটা নিয়ে বলার মতো অনেক কিছুই আছে, তবে আজ বা নিকট ভবিষ্যতে সেসব বলার সময় নয়।
আমি সবসময় ভবিষ্যতের পরিকল্পনা করি। তখন ভাবছিলাম, ২০২৭ সালে অ্যাশেজ সিরিজ আছে। সিদ্ধান্তটা নেওয়ার আগে স্ত্রীর সঙ্গেও অনেক আলোচনা করেছিলাম। পরিকল্পনা করেই তো সবাই অবসর নেয়, তাই না? আমারও ভাবনা ছিল, ২০২৭ সালের অ্যাশেজ। সেখানে যা-ই হতো, সম্ভবত এরপর আর খেলতাম না।”
কিন্তু সময়ের সঙ্গে স্টোকেসের সেই ভাবনা বদলে যেতে থাকে। মূলত, শারীরিক ও মানসিক ক্লান্তির কারণেই অ্যাশেজ পর্যন্ত খেলা চালিয়ে যেতে চাননি তিনি।
“পরে সময়ের সঙ্গে নিজেকে প্রশ্ন করতে শুরু করি, ‘আমি কীভাবে ওই পর্যন্ত যাব? এখন সবকিছু যেমন অনুভব করছি, তাতে ২০২৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজে কীভাবে খেলব?’
এমনকি ডারহামের হয়ে খেলার সময়ও মনে হচ্ছিল, ‘এই নিউ জিল্যান্ড সিরিজ কীভাবে শেষ করব?’ এই সিরিজ পার করাই যেখানে কঠিন মনে হচ্ছিল, সেখানে অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্যারিয়ারের শেষ সিরিজ খেলার পরিকল্পনা বাস্তবসম্মত মনে হয়নি।”
