চ্যাম্পিয়ন্স ট্রফি: জানার আছে যা কিছু
বাংলাদেশে ১৯৯৮ সালে নকআউট বিশ্বকাপ বা মিনি বিশ্বকাপ হিসেবে শুরু হওয়া টুর্নামেন্টের এবার নবম আসর, শুরুর আগে জেনে নিন এই টুর্নামেন্টের জন্ম প্রক্রিয়া থেকে শুরু করে এখনও পর্যন্ত বিস্তারিত সবকিছু।
নকআউট বিশ্বকাপ বা মিনি বিশ্বকাপ- শুরুতে এটিই ছিল পরিচয়। ১৯৯৮ সালে তুমুল সাড়া জাগিয়ে এই টুর্নামেন্ট শুরু হয়েছিল বাংলাদেশে। ২০০২ সাল থেকে এটি পেয়েছে বর্তমানের পরিচয় ‘চ্যাম্পিয়ন্স ট্রফি’, যা টিকে আছে এখনও। ২০১৭ সালের পর অবশ্য এই টুর্নামেন্ট বিলুপ্ত করা হয়েছিল। তবে প্রতি বছর অন্তত একটি আইসিসি টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্তের পথ ধরে পুনরুজ্জীবিত হয়েছে এই টুর্নামেন্টও।
পাকিস্তান ও নিউ জিল্যান্ডের ম্যাচ দিয়ে বুধবার শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। পাকিস্তান আইসিসি টুর্নামেন্টের আয়োজন করছে প্রায় ২৯ বছর পর।
আট দলের তুমুল লড়াই শুরু হওয়ার আগে চোখ বুলিয়ে নেওয়া যেতে পারে টুর্নামেন্টের বিস্তারিত সবকিছুতে।
মিনি বিশ্বকাপের দিনগুলি
অনেকটা ফিফা কনফেডারেশন্স কাপের ছায়া ভাবনায় রেখে ক্রিকেটের এই বৈশ্বিক আসরের যাত্রা শুরু হয়েছিল ১৯৯৮ সালে। এই জন্মপ্রক্রিয়ার সঙ্গে মিশে আছে বাংলাদেশও। প্রথম আসরটির আয়োজক ছিল সেই সময়ের আইসিসির সহযোগী সদস্য এই দেশ।
স্পন্সরের সঙ্গে মিলিয়ে প্রথম আসরের আনুষ্ঠানিক নাম ছিল ‘উইলস ইন্টারন্যাশনাল কাপ।’ তবে ফরম্যাটেন কারণে এটি পরিচিতি পেয়ে গিয়েছিল আইসিসি নকআউট বিশ্বকাপ নামে। ‘মিনি বিশ্বকাপ’ হিসেবেও নাম ছড়িয়েছিল প্রচুর।
১৯৯৮ ও ২০০০ সালে প্রথম দুই আসরে নকআউট বিশ্বকাপ হিসেবেই বেশি পরিচিত ছিল আসরটি। সহযোগী দেশগুলিতে ক্রিকেট ছড়িয়ে দিতে আয়োজক হিসেবে বেছে নেওয়া হয়েছিল এমন দেশকেই। দ্বিতীয় আসরটি যেমন হয়েছিল কেনিয়ায়।
তবে তৃতীয় আসর থেকেই এটির নাম হয়ে যায় চ্যাম্পিয়ন্স ট্রফি। নকআউট ফরম্যাটও বদলে যায়। আয়োজক হিসেবে বেছে নেওয়া হয় পূর্ণ সদস্য দেশগুলোকে।
বিরতি ও ফেরা
২০০৮ সাল পর্যন্ত চারটি আসর হয় দুই বছরের বিরতিতে। সেই ধারা অনুযায়ী ২০০৮ সালের আসর হওয়ার কথা ছিল পাকিস্তানে। কিন্তু নিরাপত্তাজনিত কারণে তা পিছিয়ে ২০০৯ সালে অনুষ্ঠিত হয় দক্ষিণ আফ্রিকায়। এরপরই দুই বছরের বদলে চার বছরের বিরতিতে টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত হয়।
২০১৩ ও ২০১৭ সালে পরপর দুই দফায় আয়োজক ছিল ইংল্যান্ড। ২০২১ আসরটি হওয়ার কথা ছিল ভারতে। কিন্তু ২০১৮ সালে সিদ্ধান্ত হয়, চ্যাম্পিয়ন্স ট্রফি আর থাকবে না। ২০২১ সালেই আবার সিদ্ধান্ত নেওয়া হয়, ২০২৫ থেকে নতুন করে শুরু হবে এই টুর্নামেন্ট।
স্বাগতিক পাকিস্তানকে নিয়ে টানাপোড়েন
২০২১ সালের নভেম্বরেই সিদ্ধান্ত হয়, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। ১৯৯৬ বিশ্বকাপের পর পাকিস্তানে প্রথম বৈশ্বিক আসর এটিই। তবে চিরপ্রতিদ্বন্দ্বী এই দেশে সফরে ভারত যাবে কি না, এই প্রশ্ন সঙ্গী ছিল তখন থেকেই। ২০০৮ এশিয়া কাপের পর থেকে কোনো ধরনের সিরিজ বা টুর্নামেন্ট খেলতে পাকিস্তানে যায়নি ভারত।
অনুমিতভাবেই টুর্নামেন্ট শুরুর মাস তিনেক আগে ভারতীয় বোর্ড জানায়, পাকিস্তানে সফরের জন্য সরকারের অনুমতি পাননি তারা। নানরকম টানাপোড়েন, অনিশ্চয়তা ও দেনদরবার চলতে থাকে। বাণিজ্যিক ও নানা বাস্তবতা থেকেই ভারতকে ছাড়া কোনো আইসিসি টুর্নামেন্ট আয়োজন একরকম অসম্ভব। শেষ পর্যনত ‘হাইব্রিড’ মডেলে টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত হয়। ভারত গ্রুপ পর্বে তাদের সব ম্যাচ খেলবে দুবাইয়ে। তারা সেমি-ফাইনাল ও ফাইনালে উঠলে সেই ম্যাচগুলিও হবে দুবাইয়েই। অন্য সব ম্যাচ পাকিস্তানে।
বাছাই প্রক্রিয়া
২০০৯ সাল থেকে আট দল নিয়ে আয়োজিত হয়ে আসছে এই টুর্নামেন্ট। নির্দিষ্ট ‘কাট-অফ’ তারিখে র্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল সুযোগ পেয়েছে এই টুর্নামেন্টে খেলার। তবে এবারের আসরের বাছাই প্রক্রিয়া ছিল ভিন্ন। স্বাগতিক পাকিস্তানের সঙ্গে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের অন্য শীর্ষ সাত দল এই আসরে খেলার যোগ্যতা অর্জন করে।
শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসের সমান চার পয়েন্ট নিয়েও রান রেটে এগিয়ে থেকে অষ্টম দল হিসেবে টুর্নামেন্টে জায়গা করে নেয় সবশেষ আসরে সেমি-ফাইনালে খেলা বাংলাদেশ।
দুই গ্রুপ
ভারতের পাকিস্তানে যাওয়া নিয়ে অনিশ্চয়তার জের ধরে টুর্নামেন্টের গ্রুপিং ও সূচি প্রকাশ করতে এবার দেরি হয়ে যায় অনেকটা। অনেক অপেক্ষার পর গত ২৪ ডিসেম্বর সূচি প্রকাশ করা হয়।
‘এ’ গ্রুপে স্বাগতিক পাকিস্তানের সঙ্গী ভারত, বাংলাদেশ ও নিউ জিল্যান্ড। ‘বি’ গ্রুপে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সঙ্গে আছে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও আফগানিস্তান।
নতুনের আবাহন
আন্তর্জাতিক ক্রিকেটে চমকপ্রদ উত্থানের পথচলায় প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা করে নেয় আফগানিস্তান।
২০২৩ বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্সে এই যোগ্যতা অর্জন করে আফগানিস্তান। নেদারল্যান্ডস, শ্রীলঙ্কা, বাংলাদেশের মতো দলগুলিকে তো বটেই, এমনকি ইংল্যান্ডকেও টপকে ওই বিশ্বকাপে ষষ্ঠ স্থান অর্জন করে আফগানরা।
ওয়েস্ট ইন্ডিজ কোথায়
এক সময়ের পরাশক্তি ও ২০০৪ আসরের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ গত আসরের মতো এবারও যোগ্যতা অর্জন করতে পারেনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বই উতরাতে পারেনি প্রথম দুটি বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার আশা তাই শেষ হয়ে যায় অনেক আগেই।
বিশ্বকাপে জায়গা না পেয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির লড়াই থেকে আগেই ছিটকে পড়ে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডও।
ভেন্যু
টুর্নামেন্টের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে চারটি ভেন্যুতে। পাকিস্তানে খেলা হবে করাচি জাতীয় স্টেডিয়াম, লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম ও রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে। এই টুর্নামেন্টের জন্যই বড় আকারের সংস্কার করা হয়েছে করাচি ও লাহোরের স্টেডিয়ামে।
এছাড়া ভারতের ম্যাচগুলি হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
‘টাই’ ম্যাচের ভাগ্য
টুর্নামেন্টের সব ম্যাচের জন্যই ‘টাই’ হলে ফয়সালা হবে একটি উপায়েই। সেটির নাম ‘সুপার ওভার।’ চূড়ান্ত বিজয়ী না পাওয়া পর্যন্ত সুপার ওভার চলতেই থাকবে।
রিজার্ভ ডে
গ্রুপ পর্বের ম্যাচগুলির জন্য কোনো ‘রিজার্ভ ডে’ নেই। তবে দুটি সেমি-ফাইনাল ও ফাইনাল ম্যাচের জন্য বাড়তি দিন রাখা হয়েছে। আবহাওয়াজনিত বা যে কোনো প্রয়োজনে নির্ধারিত দিনেই খেলা শেষ করার চেষ্টা করা হবে। সেটি সম্ভব না হলে পরদিন খেলা শুরু হবে সেখান থেকেই, যেখানে বন্ধ হয়েছিল আগের দিন।
গ্রুপ পর্বের ম্যাচগুলিতে বরাবরের মতোই অন্তত ২০ ওভার খেলা হতে হবে বিজয়ী নির্ধারণের জন্য। তবে সেমি-ফাইনাল ও ফাইনাল ম্যাচের ফলাফলের জন্য খেলা হতে হবে অন্তত ২৫ ওভার।
খেলা না হলে
বিরূপ আবহাওয়া বা অন্য কোনো কারণে গ্রুপ পর্বের ম্যাচ না হলে সমান পয়েন্ট পাবে দুই দল। সেমি-ফাইনালে খেলা সম্ভব না হলে গ্রুপ পর্বে এগিয়ে থাকা দল জায়গা করে নেবে ফাইনালে।
ফাইনালেও ফলাফল বের করা না গেলে যৌথভাবে বিজয়ী ঘোষণা করা হবে দুই দলকেই।
২০০২ আসরেই যেমন, যৌথভাবে ট্রফি জিতেছিল শ্রীলঙ্কা ও ভারত। ফাইনালের নির্ধারিত দিনে শ্রীলঙ্কা ৫০ ওভার ব্যাট করলেও ভারতের ইনিংসে দুই ওভার পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে আর শুরু হতে পারেনি। তখনকার নিয়ম অনুযায়ী পরদিন খেলা শুরু হয় আবার নতুন করে। সেদিনও শ্রীলঙ্কা ৫০ ওভার ব্যাট করে। কিন্তু ভারতীয় ইনিংসে নবম ওভারে বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে ভেস্তে যায় ম্যাচ।
প্রাইজমানি
এবারের আসরে মোট ৬৯ লাখ মার্কিন ডলারের প্রাইজমানির ঘোষণা দিয়েছে আইসিসি, সবশেষ আসরের চেয়ে যায় ৫৩ শতাংশ বেশি।
এবার চ্যাম্পিয়ন দল ট্রফি ও সাদা ব্লেজারের সঙ্গে পাবে ২২ লাখ ৪০ হাজার ডলার অর্থ পুরস্কার। রানার্স-আপ দল পাবে ১১ লাখ ২০ হাজার ডলার।
সেমি-ফাইনাল থেকে বাদ পড়া দুই দলকে দেওয়া হবে ৫ লাখ ৬০ হাজার ডলার করে। পঞ্চম ও ষষ্ঠ হওয়া দল পাবে ৩ লাখ ৫০ হাজার ডলার করে। ১ লাখ ৪০ হাজার ডলার করে পাবে সপ্তম ও অষ্টম হওয়া দল।
এছাড়াও অংশগ্রহণের জন্য আট দলের প্রত্যেককে দেওয়া হবে ১ লাখ ২৫ হাজার ডলার করে। এছাড়াও গ্রুপ পর্বে প্রতি ম্যাচ জয়ের জন্য ৩৪ হাজার ডলারের বেশি দেওয়া হবে।
খেলা দেখা যাবে কোথায়
বাংলাদেশে চ্যাম্পিয়ন্স ট্রফির খেলাগুলো দেখা যাবে টি-স্পোর্টস ও নাগরিক টিভি চ্যানেলে। এছাড়াও ডিজিটাল প্ল্যাটফর্মে খেলা দেখা যাবে টফি অ্যাপে।
বিজয়ীরা
এখনও পর্যন্ত সর্বোচ্চ দুবার করে চ্যাম্পিয়ন হয়েছে ভারত ও অস্ট্রেলিয়া। ২০০২ আসরে যৌথভাবে শিরোপা জয় করা ভারত পরে আরেকবার ট্রফি জিতেছে ২০১৩ সালে। একমাত্র দল হিসেবে টানা দুইবার জিতেছে অস্ট্রেলিয়া (২০০৬ ও ২০০৯)।
এছাড়া ১৯৯৮ সালে জিতেছে দক্ষিণ আফ্রিকা, বৈশ্বিক আসরে যা তাদের একমাত্র ট্রফি এখনও পর্যন্ত। ২০০০ সালে একই স্বাদ পায় নিউ জিল্যান্ড। ভারতের সঙ্গে যৌথভাবে ২০০২ আসরে ট্রফি জেতে শ্রীলঙ্কা। সবশেষ ২০১৭ আসরের বিজয়ী পাকিস্তান।
চোটের থাবা
বিশ্বের সেরা ক্রিকেটারদের নিয়ে তারার হাট বসবে এবারের আসরে। তবু আসরটি কিছুটা ম্লান করবে কয়েজন তারকা অনুপস্থিতি।
সময়ের সেরা বোলার মনে করা হয় যাকে, সেই জাসপ্রিত বুমরাহ খেলতে পারবেন না এই আসরে। চোটের থাবায় অস্ট্রেলিয়ার স্কোয়াডের চেহারাই পাল্টে গেছে। দল ঘোষণার পর ছিটকে গেছেন অধিনায়ক প্যাট কামিন্স, বোলিং আক্রমণের অন্য দুই প্রধান অস্ত্র মিচেল স্টার্ক ও জশ হেইজেলউড এবং অলরাউন্ডার মিচেল মার্শ। এছাড়াও চমক জাগিয়ে অবসরের ঘোষণা দিয়েছেন মার্কাস স্টয়নিস। তাদের সবার বদলি নিতে হয়েছে অস্ট্রেলিয়াকে। চোটের কারণে অলরাউন্ডার ক্যামেরন গ্রিন ছিটকে পড়েছেন আগেই।
নিউ জিল্যান্ড চোটের কারণে পাচ্ছে না গতি তারকা লকি ফার্গুসনকে। আফগানিস্তান হারিয়েছে তরুণ রহস্য বোলার এএম গাজানফারকে। দল ঘোষণার আগেই ছিটকে পড়েছেন মুজিব উর রহমান। ইংল্যান্ড দল থেকে বাইরে চলে গেছেন তরুণ সম্ভাবনাময় অলরাউন্ডার জ্যাকব বেথেল। পাকিস্তানের হয়ে খেলতে পারছেন না তরুণ ওপেনার সাইম আইয়ুব।
বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ বাংলাদেশের কিংবদন্তি সাকিব আল হাসানও থাকছেন না এই আসরে। অবশ্য বোলিংয়ের সমস্যা না থাকলেও তাকে দলে রাখা হতো কি না, এই প্রশ্নও তোলা যায়।
