২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাটে-বলে আবার অনুজ্জ্বল সাকিব, বাড়ছে পাঁচশর অপেক্ষা

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের টানা দুই ম্যাচে বিবর্ণ সাকিব আল হাসান, কাছাকাছি গিয়েও পূরণ হচ্ছে না তার ৫০০ উইকেট।

ব্যাটে-বলে আবার অনুজ্জ্বল সাকিব, বাড়ছে পাঁচশর অপেক্ষা
কোনো ভূমিকায় চেনা চেহারায় নেই সাকিব। ছবি: ভিডিও থেকে স্ত্রিনশট।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2025, 10:07 AM

Updated : 26 Aug 2026, 01:35 PM

যখন হাত ঘোরানোর সুযোগ পেলেন সাকিব আল হাসান, ততক্ষণে পেরিয়ে গেছে ১৪ ওভার। সেই প্রথম ওভারটিই হয়ে থাকল তার শেষ ওভার। ৫০০ উইকেটের সঙ্গে দূরত্ব ঘুচল না এই ম্যাচেও। পরে ব্যাট হাতেও করতে পারলেন না ভালো কিছু। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) শুরুর দুই ম্যাচেই ব্যাটিং-বোলিংয়ে ব্যর্থ বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার। 

হার দিয়ে আসর শুরুর পর এবার অবশ্য জিতেছে সাকিবের দল। বাংলাদেশ সময় রোববার সকালে শেষ হওয়া ম্যাচে বারবাডোজ রয়্যালসকে ৬ উইকেট হারিয়েছে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস। 

এক ওভার বোলিং করে সাকিব দিয়েছেন ১৪ রান। পরে ব্যাট হাতে সেই রানটুকুও তুলতে পারেননি, একবার জীবন পেয়েও পরে আউট হয়ে গেছেন ১৩ বলে ১৩ রান করে।  

টি-টোয়েন্টি ক্রিকেটে ৪৯৮ উইকেট নিয়ে এই আসর শুরু করেছেন সাকিব। কিন্তু দুই ম্যাচেও বাড়ল না উইকেট সংখ্যা। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ৫০০ উইকেট ছোঁয়ার কীর্তির অপেক্ষাও তাই বাড়ল আরেকটু।

সবশেষ পাঁচ ম্যাচে তার উইকেট একটি। সবশেষ ১৬ ইনিংসে করতে পেরেছেন ১টি ফিফটি। 

অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে বারবাডোজ ২০ ওভারে তোলে ১৫১ রান। ওপেনিংয়ে কুইন্টন ডি কক ৪৫ বলে করেন ৫৭ রান। অধিনায়ক রভম্যান পাওয়েল পাঁচে নেমে অপরাজিত থাকেন ২৪ বলে ৫১ করে। 

দুটি করে উইকেট নেন অ্যান্টিগা অ্যান্ড বারবুডার জেডেন সিলস ও ওবেড ম্যাককয়, অধিনায়ক ইমাদ ওয়াসিম ও এএম গাজানফার নেন একটি করে।

পঞ্চদশ ওভারে বল হাতে পাওয়া সাকিব প্রথম তিন বলে দেন দুই রান। পরের বলে সুইপ করে চার মারেন ডি কক। পঞ্চম বলে আসে সিঙ্গল। ওভারের শেষ ডেলিভারিতে বিশাল ছক্কায় স্টেডিয়ামের ছাদে বল আছড়ে ফেলেন পাওয়েল।

এরপর আর বোলিং পাননি সাকিব।

অ্যান্টিগা অ্যান্ড বারবুডার রান তাড়ায় ওপেনার রাকিম কর্নওয়াল ফেরেন ৯ বলে ১০ রান করে। আরেক ওপেনার জুয়েল অ্যান্ড্রুর ব্যাট থেকে আসে ২৫ বলে ২৮।

নবম ওভারে অ্যান্ড্রুর বিদায়ের পর চার নম্বরে ব্যাটিংয়ে নামানো হয় সাকিবকে। একটু পর রিভার্স সুইপে একটি বাউন্ডারি মারেন তিনি মুজিব উর রাহমানকে। 

পরের ওভারেই জীবন পান তিনি ৮ রানে। জোমেল ওয়ারিক্যানের বলে ক্যাচ দেন ডিপ এক্সট্রা কাভারে, যা নিতে পারেননি শেরফেন রাদারফোর্ড। 

তবে রানের জন্য হাঁসফাঁস করে শেষ পর্যন্ত মুজিবের বলে বড় শটের চেষ্টায় অভিজ্ঞ এই ক্রিকেটার সহজ ক্যাচ দেন লং অনে। 

অ্যান্টিগা অ্যান্ড বারবুডার রান তাড়াও তখন বেশ কঠিন হয়ে দাঁড়ায়। ওই ওভার শেষে ৬ ওভারে তাদের প্রয়োজন পড়ে ৬২ রান। 

১৯ ও ৩৭ রানে দুই দফায় জীবন পেয়ে দলের আশা জিইয়ে রাখেন কারিমা গোর। তাকে কিছুটা সঙ্গ দেন ইমাদ ওয়াসিম। তিন ওভারে যখন প্রয়োজন ৩১ রান, অধিনায়ক ফেরেন ১২ বলে ১৬ রান করে।

তবে ওই ওভারেই খেলার মোড় ঘুরিয়ে দেন গোর। ১৪ বলে ২৬ রানের সমীকরণে ইথান বশকে টানা দুই বলে ছক্কা মেরে দেন যুক্তরাষ্ট্রের এই ব্যাটসম্যান। 

পরের ওভারের শেষ বলে ড্যানিয়েল স্যামসকে ছক্কা মেরে কার্যত ম্যাচ শেষ করে দেন ফ্যাবিয়ান অ্যালেন। শেষ ওভারে প্রয়োজন পড়ে ছয় রানের। দুই বল বাকি থাকতে জিতে যায় অ্যান্টিগা অ্যান্ড বারবুডা। 

৫৩ বলে অপরাজিত ৬৪ রান করে ম্যাচের সেরা কারিমা গোর।

প্রথম ম্যাচে সাকিব ১১ রান করেছিলেন ১৬ বল খেলে, উইকেটশূন্য ছিলেন এক ওভার বোলিং করে। 

সাকিবদের পরের ম্যাচ সোমবারই বাংলাদেশ সময় ভোর ৫টায়।