বেসবল পরীক্ষায় উতরে ‘আসল পরীক্ষার’ জন্য প্রস্তুত স্মিথ
গ্রেনাডা টেস্ট দিয়ে মাঠে ফিরতে চান অভিজ্ঞ অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান।
ওয়েস্ট ইন্ডিজে দ্বিতীয় টেস্টের আগে অস্ট্রেলিয়া দলের সঙ্গে যোগ দিয়েছেন স্টিভেন স্মিথ। আঙুলের চোট কাটিয়ে দ্রুত খেলায় ফিরতে নিউ ইয়র্কে বেসবল ব্যাটিং কেজে অনুশীলন করেছেন তিনি। গ্রেনাডা টেস্ট দিয়ে মাঠে ফেরার লক্ষ্য অভিজ্ঞ এই ব্যাটসম্যানের।
এই মাসের মাঝামাঝি লর্ডসে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমার ক্যাচ হাতছাড়া করার সময় ডান হাতের কনিষ্ঠ আঙুলে চোট পান স্মিথ। অস্ত্রোপচার এড়াতে পারলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বারবাডোজ টেস্টে তিনি খেলতে পারেননি। টানা ৫১ টেস্ট খেলার পর বাইরে থাকতে হয় তাকে।
প্রথমে দলের সঙ্গে বারবাডোজে গিয়েছিলেন স্মিথ। কিন্তু হোটেলে বন্দি থাকতে বিরক্ত লাগছিল তার। তাই পাঁচ ঘণ্টা ভ্রমণ করে ছুটে যান নিউ ইয়র্কে, সেখানে একটি বাড়ি আছে তার। সেখানেই একটি বেসবল ব্যাটিং কেজে প্রথমে টেনিস বল ও সফট বল এবং পরে শক্ত বলে অনুশীলন করেন তিনি। বারবাডোজে ফিরে সেই ভিডিও তিনি পাঠিয়ে দেন অস্ট্রেলিয়ার চিকিৎসক দলের কাছে, যারা খুশি ছিলেন তার অগ্রগতিতে।
“সেতুর নীচে একটি ব্যাটিং কেজ ছিল। আদর্শ পরিবেশ ছিল, কারণ সেখানে বেশ গরম ছিল, ৩৬ ডিগ্রি সেলসিয়াসের মতো… আসলে আমার এক বন্ধু আমাকে এটা নিয়ে বলেছিল এবং সেখানে সে আমাকে কয়েকটি বলও করে।”
ক্যারিবিয়ানে ফেরার পর রোববার স্মিথের আঙুলের সেলাই খুলে একটি পাতলা স্প্লিন্ট লাগানো হয়েছে। এতে ব্যাটিং গ্লাভস পরা সহজ হবে। নেটে বোলারদের বিপক্ষে সত্যিকার অর্থে ব্যাটিং করবেন তিনি মঙ্গলবার গ্রেনাডায়।
দ্বিতীয় টেস্টে ফেরার ব্যাপারে আত্মবিশ্বাসী ৩৬ বছর বয়সী ব্যাটসম্যান। তবে স্লিপে যে তিনি ফিল্ডিং করতে পারবেন না, তা নিশ্চিত।
“আমার কাছে স্বাভাবিক অনুশীলনের মতোই মনে হবে। আসলে কোনো ব্যথা বা অন্য কিছু অনুভব করছি না। স্রেফ স্প্লিন্ট লাগানো হয়েছে, অভ্যস্ত হয়ে যাচ্ছি। এটা খুব একটা খারাপ নয়, এখন অনেক নড়াচড়া করছি, তাই ভালো লাগছে। বল খেলতে বেশ ভালো লাগছে।”
“উইকেটের সামনে ফিল্ডিং করা মনে হয় আমার জন্য সবচেয়ে অদ্ভুত ব্যাপার হবে। আমার মনে হয় না, কখনও টেস্ট ম্যাচে এমনটা করেছি। মিড-অন, মিড-অফ অথবা ফাইন লেগে ফিল্ডিং করা দ্বিতীয় বা প্রথম স্লিপে দাঁড়ানোর চেয়ে কিছুটা ভিন্ন ব্যাপার।”
সোমবার গ্রেনাডায় যাবে অস্ট্রেলিয়া দল, তাদের বর্তমান দলের কেউ সেখানে আগে খেলেননি। সবশেষ ২০০৮ সালে গ্রেনাডায় দুটি ওয়ানডে খেলেছিল অস্ট্রেলিয়া।
আসছে ম্যাচটি হবে ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটের শততম টেস্ট ও মিচেল স্টার্কের ৯৯তম টেস্ট, জ্যামাইকায় তৃতীয় টেস্ট হতে পারে তার শততম। ৪০০ উইকেটের মাইলফলক থেকে ৯টি দূরে আছেন বাঁহাতি এই পেসার।
দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী বৃহস্পতিবার।
প্রথম টেস্ট তিন দিনেই জিতে তিন ম্যাচের সিরিজে এগিয়ে আছে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া।
