২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জয়ের কথা আগেই বলেছিলেন শান্ত

আশার উপকরণ খুব বেশি না থাকলেও ম্যাচের আগেই ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছিলেন, জিততে চান তারা।

আরিফুল ইসলাম রনি আরিফুল ইসলাম রনি

সিলেট থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2023, 02:11 PM

Updated : 02 Dec 2023, 04:08 PM

এটাকে তো বলা যায় বলেকলে জয়… কিংবা ঘোষণা দিয়ে জয়!

টেস্ট শুরুর আগের দিনই ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছিলেন, তারা জিততে চান। এমনিতে অধিনায়কেরা তো জয়ের কথা বলেই থাকেন। তবে যদি টেস্ট ক্রিকেট হয় আর প্রতিপক্ষ থাকে বড় কোনো দল, বাংলাদেশের অধিনায়কেরা একটু সাবধানীই থাকেন। জয়ের লক্ষ্যের কথা তারা সরাসরি বলেন কম সময়ই। সাধারণত বাস্তবতাকেই আলিঙ্গন করেন তারা। শান্ত সেখানে ভারপ্রাপ্ত দায়িত্বে প্রথম টেস্টে অধিনায়কত্বের আগেই বলেছিলেন জয়ের কথা। 

শান্ত অবশ্য বলেছিলেন, তারা সিরিজ জিততে চান। কাজ তাই এখনও অর্ধেক বাকি। তবে একটি টেস্ট বাংলাদেশ জিততে পারবে, এটা বা কজনই ভাবতে পেরেছিলেন! 

টেস্ট শুরুর আগে শান্ত যখন বলেছিলেন, তখনও আসলে সেটিকে স্রেফ ‘বলার জন্য বলা’ হিসেবেই ধরে নিয়েছিলেন অনেকে। নিয়মিত অধিনায়ক, সহ-অধিনায়কসহ সম্ভাব্য সেরা দলের ৫ জন ক্রিকেটারই নেই। বিশ্বকাপের পর গোটা দেশের ক্রিকেট মনে হচ্ছিল ছন্নছাড়া। সেখানে পূর্ণ শক্তির নিউ জিল্যান্ডের বিপক্ষে জয়ের আশাটা বাড়াবাড়ি মনে হওয়া স্বাভাবিক। 

সেটিই এখন সত্যি। ম্যাচের আগে বলা শান্তর কথার ওজনও তাই এখন বেড়ে গেছে অনেক গুণে। 

তবে লোকে যা-ই ভাবুক, ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শান্ত দাবি করলেন, নিজের ভেতরের সত্যিকারের বিশ্বাস থেকেই জয়ের কথা তিনি বলেছিলেন। 

“আমি খুবই পরিষ্কার ছিলাম। দলের কাউকে মোটিভেট করার জন্য বলিনি। সত্যিকার অর্থেই বুঝিয়েছিলাম যে, এখানে এই সিরিজটা জিততে পারি এবং জেতার জন্যই আমরা খেলব। এই বিশ্বাসটা যে শুধু আমার মধ্যে ছিল, তা না। প্রতিটি খেলোয়াড়ের মধ্যে ছিল।” 

“আমি যখন দেখেছি প্রতিটি ক্রিকেটার ওভাবে চিন্তা করছে, তখনই আমার মধ্যে বিশ্বাসটা আসছে যে, আমি যেটা চিন্তা করেছি, সবাই এটা চিন্তা করছে। এখান থেকে জেতা যে সম্ভব, এই বিশ্বাসটা আমরা তখনই করেছি।” 

নিজের ও দলের সেই বিশ্বাসের পেছনে ক্রিকেটীয় ভাবনার ছাপও যে ছিল, সেটিও বললেন শান্ত। 

“আমাদের কন্ডিশনে খেলা হচ্ছে, আমাদের যে বোলিং আক্রমণ, ব্যাটিংয়ে আমরা যেরকম চিন্তা করি বা যে শক্তি আছে, আমার কাছে এই তিনটি অংশ মিলিয়েই এবং চিন্তা করেই মনে হয়েছিল এই সিরিজটি জেতা সম্ভব।” 

তবে নিজের কথার সবটুকু যে এখনও সত্যি হয়নি, কাজ যে এখনও শেষ হয়নি, সেটিও নিজে থেকেই বললেন শান্ত। এই জয়ের বিশ্বাসকে সঙ্গী করে আরও উন্নতি করে সিরিজ জয়ও নিশ্চিত করতে চান তিনি। 

“একটি ম্যাচ এখনও বাকি। অর্ধেক কাজ হয়েছে মাত্র। এমন নয় যে ওখানে (মিরপুরে) যাব আর জিতে যাব। আবারও ৫টি দিন কষ্ট করা লাগবে। চেষ্টা করব, পরের ম্যাচে এখান থেকে আরও উন্নতি করে কীভাবে জিততে পারি…।”