২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়া কাপের দলেও নেই বাবর ও রিজওয়ান

চোট কাটিয়ে দলে ফিরেছেন টপ অর্ডার ব্যাটসম্যান ফাখার জামান।

এশিয়া কাপের দলেও নেই বাবর ও রিজওয়ান
বাবর আজম (বাঁয়ে) ও মোহাম্মদ রিজওয়ান। ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2025, 02:28 PM

Updated : 26 Aug 2026, 01:35 PM

দীর্ঘদিন ধরে টি-টোয়েন্টি দলের বাইরে থাকা বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে এশিয়া কাপের দলেও রাখেনি পাকিস্তান। চোট কাটিয়ে ফিরেছেন টপ অর্ডার ব্যাটসম্যান ফাখার জামান।

এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ের জন্য রোববার ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। এই দল নিয়েই এশিয়া কাপের আগে সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজ খেলবে তারা।

পাকিস্তানের জার্সিতে বাবর সবশেষ ম্যাচ খেলেছেন গত বছরের ডিসেম্বরে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ওই ম্যাচ দেশের হয়ে রিজওয়ানেরও সবশেষ টি-টোয়েন্টি। এরপর আরও চারটি টি-টোয়েন্টি সিরিজ খেলেছে পাকিস্তান। কিন্তু কোনোটিতেই সুযোগ পাননি অভিজ্ঞ দুই ব্যাটসম্যান।

দেশের হয়ে এখন পর্যন্ত ১২৮ টি-টোয়েন্টি খেলে তিন সেঞ্চুরি ও ১২৯.২২ স্ট্রাইক রেটে চার হাজার ২২৩ রান করেছেন বাবর। পাকিস্তানের হয়ে সাড়ে তিন হাজার রানও করতে পারেননি আর কেউ। ১০৬ ম্যাচ খেলে এক সেঞ্চুরি ও ১২৫.৩৭ স্ট্রাইক রেটে তিন হাজার ৪১৪ রান নিয়ে তালিকায় দুইয়ে রিজওয়ান।

হ্যামস্ট্রিংয়ের চোটে সবশেষ ওয়েস্ট ইন্ডিজে সফরের মাঝপথে ছিটকে যান ফাখার। এশিয়া কাপে তাকে পাওয়া নিয়ে শুরুতে কিছুটা সংশয় জেগেছিল। সেই সমস্যা কাটিয়ে উঠেছেন বিস্ফোরক ব্যাটসম্যান।

গত জুলাইয়ে বাংলাদেশ সফরে আন্তর্জাতিক টি-টোয়েন্টির স্বাদ পান সালমান মির্জা। এই সংস্করণে তিন ম্যাচে সাত উইকেট নেওয়া বাঁহাতি পেসারকে ফেরানো হয়েছে এশিয়া কাপের দলে।

আরেক পেসার মোহাম্মদ ওয়াসিমকেও ফেরানো হয়েছে। পাকিস্তানের হয়ে গত জানুয়ারিতে সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন তিনি। এই সংস্করণে ২৯ ম্যাচ খেলে নিয়েছেন ৩৬ উইকেট।

আগামী ১২ সেপ্টেম্বর ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করবে পাকিস্তান। এক দিন পর তারা মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের। গ্রুপ পর্বে সালমান আলি আগার নেতৃত্বাধীন দলের শেষ প্রতিপক্ষ স্বাগতিক আরব আমিরাত, ১৭ সেপ্টেম্বর। 

এশিয়া কাপের ঠিক আগে আফগানিস্তান ও আরব আমিরাতকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান। ২৯ অগাস্ট আফগানদের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ দিয়ে শুরু হবে মাঠের লড়াই। আগামী ৭ সেপ্টেম্বর শেষ হবে এই সিরিজ।

এশিয়া কাপের পাকিস্তান দল: সালমান আলি আগা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফাখার জামান, হারিস রউফ, হাসান আলি, হাসান নাওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস (কিপার), মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান মির্জা, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম।