শুধু একটি ম্যাচ নয়, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিততে চায় স্কটল্যান্ড
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের বিরল সুযোগ পেয়ে রোমাঞ্চিত স্কটিশ ক্রিকেটাররা গড়তে চান ইতিহাস।
ক্রিকেটীয় বাস্তবতা বলে, অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি ম্যাচ জিততে পারলেও স্কটল্যান্ডের জন্য তা বড় অর্জন। তবে স্কটিশ ক্রিকেটারদের স্বপ্ন আরও বড়। দলের প্রতিনিধি হয়ে অভিজ্ঞ বাঁহাতি স্পিনার মার্ক ওয়াট ও কোচ ডগ ওয়াটসন সরাসরিই বললেন, স্রেফ একটি জয় নয়, লক্ষ্য তাদের সিরিজ জয়।
তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজটি বুধবার শুরু হচ্ছে এডিনবারায়। পরের ম্যাচ দুটি শুক্র ও শনিবার।
এমনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারাই স্কটল্যান্ডের জন্য বড় এক উপলক্ষ। এমন সুযোগ তো তাদের জন্য বিরল! যা একটু-আধটু সুযোগ মেলে, তা মূলত বিশ্ব আসরগুলোয়। ওয়ানডেতে এই দুই দল পাঁচবার মুখোমুখি হয়েছে। তিনটিই বিশ্বকাপে। অন্য দুটি ম্যাচ ছিল দ্বিপাক্ষিক লড়াই। ইংল্যান্ড সফরে যাওয়া অস্ট্রেলিয়া দল ফাঁকে ম্যাচ খেলেছে স্কটল্যান্ডের সঙ্গে। টি-টোয়েন্টিতে তো দ্বিপাক্ষিক লড়াই এবারই প্রথম।
এই সিরিজটিও তারা পেয়ে গেছে ভাগ্যক্রমে। ইংল্যান্ড সফরের আগে আয়ারল্যান্ডের সঙ্গে তিন ম্যাচের সিরিজ খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু আর্থিক কারণে সিরিজটি আয়োজনে অপারগতা জানায় ক্রিকেট আয়ারল্যান্ড। সেই সুযোগটি লুফে নেয় ক্রিকেট স্কটল্যান্ড।
টি-টোয়েন্টিতে দুই দল মুখোমুখি হয়েছে একবারই। সেটির স্মৃতি এখনও তরতাজা। গত জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপে সেন্ট লুসিয়ায় সেই ম্যাচে অস্ট্রেলিয়াকে বেশ চেপে ধরেছিল স্কটিশরা। আগে ব্যাট করে ১৮০ রান তুলেছিল তারা। রান তাড়ায় এক পর্যায়ে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ৩৯ বলে ৮৭। শেষ পর্যন্ত মার্কাস স্টয়নিসের অভিজ্ঞতায় পার পেয়ে যায় অস্ট্রেলিয়ানরা।
শুধু ওই ম্যাচেই নয়, এবারের বিশ্বকাপে স্কটল্যান্ডের পারফরম্যান্স ছিল নজরকাড়া। নামিবিয়া ও ওমানকে হারায় তারা সহজেই। অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই করা ছাড়াও ইংল্যান্ডের বিপক্ষেও দুর্দান্ত শুরু করেছিল তারা। ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৯০ রান তোলার পর বৃষ্টিতে ভেস্তে যায় সেই ম্যাচ।
বিশ্বকাপের ওই ম্যাচ এখনও দলকে পোড়ায় বলে জানালেন মার্ক ওয়াট। স্কটিশদের বোলিং আক্রমণের বড় অস্ত্র এই স্পিনার বললেন, এবার সেই আক্ষেপ তারা ঘুচিয়ে দিতে চান।
“এই সপ্তাহে আমরা মরিয়া হয়েই মাঠে নামব। স্রেফ একটি ম্যাচ নয়, সিরিজ জিততে চাই আমরা। সেন্ট লুসিয়ার সেই ম্যাচ থেকে অবশ্যই প্রেরণা পেতে পারি আমরা। আমাদের কিছু প্রমাণ করারও আছে, কারণ আমরা সবাই বিশ্বাস করি যে, ম্যাচটি আমাদের জেতা উচিত ছিল এবং বিশ্বকাপে আরও সামনে এগিয়ে যেতে পারতাম।”
“অনেকে বলতে পারে, আমরা তো কাছাকাছি গিয়েছিলাম। কিন্তু আমাদের ভাবনায়, আমরা হতাশ ছিলাম যে ম্যাচটি জিততে পারিনি।”
একই সুর ফুটে উঠল কোচ ডগ ওয়াটসনের কণ্ঠেও।
“বিশ্বমানের ক্রিকেটারদের সঙ্গে মাঠে লড়াই করার বড় সুযোগ এটা আমাদের জন্য। ছেলেরা ভালো পারফর্ম করতে চায়, প্রতিদ্বন্দ্বিতা গড়তে চায় ও অস্ট্রেলিয়া দলকে চেপে ধরতে চায়। আমাদের লক্ষ্য সিরিজ জয়। প্রথম ম্যাচটি গুরুত্বপূর্ণ। এটি জিততে পারলে, পরের দুই ম্যাচের জন্য মঞ্চটা গড়া হয়ে যাবে।”
বড় দলের বিপক্ষে পর্যাপ্ত ম্যাচ না খেলার সুযোগ নিয়ে আক্ষেপ করলেন অফ স্পিনিং অলরাউন্ডার মাইকেল লিস্ক। এবার অস্ট্রেলিয়াকে নিজেদের আঙিনায় পেয়ে সুযোগ কাজে লাগাতে চান অভিজ্ঞ এই ক্রিকেটার।
“সত্যি বলতে, এটা খুবই হতাশার যে, বড় দলগুলির বিপক্ষে খেলার সুযোগ পাই না আমরা। এমনকি বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মতো দলের বিপক্ষেও খেলার সুযোগ পাই না। যে কোনো সুযোগ পেলেই আমর কাজে লাগাতে চাই। কারণ উঁচু মানের দলের সঙ্গে আমরা যত খেলব, ততই ভালো হয়ে উঠব।”
