২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১৭ কেজি ওজন কমিয়েও সুযোগ পাচ্ছেন না সারফারাজ

টেস্ট দল থেকে বাদ পড়া ব্যাটসম্যানকে ভারতের ‘এ’ দলেও সুযোগ না দেওয়ায় চলছে সমালোচনার ঝড়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2025, 01:03 PM

Updated : 26 Aug 2026, 02:31 PM

টেস্ট দল থেকে প্রায় এক বছর ধরেই দূরে সারফারাজ খান। এবার ভারতের ‘এ’ দলেও জায়গা হয়নি তার। ভারতীয় ক্রিকেটে এই নিয়ে চলছে আলোচনা-সমালোচনার ঝড়। নতুন মৌসুম শুরুর আগে ওজন অনেক কমিয়ে একদম ঝরঝরে হয়ে উঠেছেন তিনি। ব্যাট হাতেও দারুণ ফর্মে আছেন। তার পরও কেন সুযোগ পাচ্ছেন না ২৮ বছর বয়সী ব্যাটসম্যান।

দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ভারতীয় ‘এ’ দলের সদ্য ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি সারফারাজের। তার টেস্ট দলে ফেরার আশাতেও বড় চোট লেগেছে তাতে।

গত নভেম্বরে নিউ জিল্যান্ডের বিপক্ষে দেশের মাঠে ভারতের দুঃস্বপ্নের সিরিজের পর আর টেস্ট খেলার সুযোগ পাননি সারফারাজ। ওই সিরিজের প্রথম টেস্টে প্রথম ইনিংসে শূন্য রান করলেও পরের ইনিংসেই ১৯৫ বলে ১৫০ রানের ইনিংস খেলেন তিনি। তবে পরের দুই টেস্টে চার ইনিংস মিলিয়ে করেন ২১ রান। দল হেরে যায় ৩-০ ব্যবধানে।

এরপর দল থেকে ছিটকে পড়েন সারফারাজ। গত মৌসুম শেষে বিরতির সময়টায় ফিটনেস নিয়ে খাটুনি শুরু করেন তিনি ক্রিকেট কোচ বাবা নাওশাদ খানের সঙ্গে। শুরুতে ১০ কেজি, পরে আরো ঘাম ঝরিয়ে ১৭ কেজি ওজন কমিয়ে পুরো ভিন্ন চেহারায় আবির্ভুত হন।

মৌসুম শুরুর পর ব্যাট হাতেও তিনি রানের স্রোত বইয়ে দেন। গত অগাস্টে বুচি বাবু টুর্নামেন্টে তামিলনাড়ুর বিপক্ষে ৯৮ রানে ৩ উইকেট হারানোর পর ক্রিজে গিয়ে তিনি খেলেন ১১৪ বলে ১৩৮ রানের ইনিংস। পরের ম্যাচে হারিয়ানার বিপক্ষে ৮৪ রানে ৪ উইকেট পড়ার পর করেন ১১২ বলে ১১১।

এর আগে মে-জুন মাসে ভারতীয় ‘এ’ দলের ইংল্যান্ড সফরে একটি ম্যাচে স্রেফ এক ইনিংস খেলার সুযোগ পান সারফারাজ। ইংল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ক্যান্টারবুরিতে ওই ইনিংসে তিনি করেন ৯২ রান।

রাঞ্জি ট্রফিতে মৌসুমের প্রথম ম্যাচে অবশ্য ৪২ ও ৩২ রানে আউট হয়ে গেছেন তিনি। তবে তার ফর্ম নিয়ে প্রশ্ন নেই। তার পরও সুযোগ মেলেনি ‘এ’ দলে।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই-এর খবর, মূলত রিশাভ পান্তকে জায়গা দিতেই ‘এ’ দলে নেওয়া হয়নি সারফারাজকে। চোট কাটিয়ে ভারতীয় দলে ফেরার আগে পান্তকে ‘এ’ দলে খেলিয়ে তৈরি করে নিতে চান নির্বাচকরা। আগ্রাসী এই কিপার-ব্যাটার খেলেন পাঁচ নম্বর পজিশনে, যেটি সারফারাজেরও ব্যাটিং পজিশন।

ব্যাটিং পজিশনের কারণেই সারফারাজকে আপাতত টেস্ট দলের ভাবনা থেকেও দূরে রাখা হয়েছে বলে খবর ভারতীয় সংবাদমাধ্যমের। ভারতের টেস্ট দলে এখন পাঁচে খেলছেন লোকেশ রাহুল, যিনি দারুণ ফর্মে আছেন। এছাড়া রাভিন্দ্রা জাদেজা, ওয়াশিংটন সুন্দার, নিতিশ কুমার রেড্ডিকেও পাঁচে দেখা গেছে। তারা তিনজনই অলরাউন্ডার এবং কোচ গৌতাম গাম্ভির পছন্দ করেন অলরাউন্ড সামর্থ্যের ক্রিকেটারদের। পাঁচে খেলেছেন ধ্রুব জুরেলও, যিনি কিপার-ব্যাটার। সারফারাজ নিখাদ ব্যাটসম্যান বলে পেছনে পড়ে গেছেন কিছুটা।

ভারতের সাবেক এক নির্বাচক পিটিআইকে বলেছেন, মুম্বাইয়ের রাঞ্জি দলে তিন নম্বরে খেলা উচিত সারফারাজের। কারণ, ভারতের টেস্ট দলে এখন তিন নম্বর জায়গাটিই কেবল একটু নড়বড়ে আছে। গত ইংল্যান্ড সফরে কারুন নায়ারকে তিনে খেলিয়ে সফল হয়নি ভারত। পরে বেছে নেওয়া হয়েছে বাল সাই সুদার্শানকে। বাঁহাতি এই ব্যাটসম্যান দুটি ফিফটি করলেও খুব ধারাবাহিকতা দেখাতে পারেননি পাঁচ টেস্টের ক্যারিয়ারে।

আরও কিছু সুযোগ নিশ্চিতভাবেই পাবেন সুদার্শান। তবে তিনি ব্যর্থ হলে এই পজিশনের দুয়ার খুলে যেতে পারে। রাঞ্জি প্রথম ম্যাচে এবার দুই ইনিংসেই পাঁচে ব্যাট করেছেন সারফারাজ। নতুন বল খেলতে তিনি এমনিতে খুব পছন্দও করেন না। টেস্ট দলে ফেরার তাড়নায় এখন তিন নম্বরে ব্যাট করবেন কি না, কৌতূহল সেদিকেই। সমস্যা হলো, মুম্বাইয়ের হয়ে তিনে খেলেন অভিজ্ঞ আজিঙ্কা রাহানে। তাকে সেখান থেকে সরানোও কঠিন।

সব মিলিয়ে অনিশ্চয়তার মোড়ে এখন সারফারাজ।