২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চার-ছক্কার বৃষ্টির ম্যাচে ভারতের রেকর্ড গড়া জয়

নিউ জিল্যান্ডকে উড়িয়ে নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের পুরনো রেকর্ড স্পর্শ করল তারা।

চার-ছক্কার বৃষ্টির ম্যাচে ভারতের রেকর্ড গড়া জয়
ইশান কিষান (বাঁয়ে) ও সুরিয়াকুমার ইয়াদাভ। ছবি: বিসিসিআই।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2026, 11:17 PM

Updated : 26 Aug 2026, 02:46 PM

দুইশ ছাড়ানো লক্ষ্য তাড়ায় নেমে ৬ রানে নেই দুই উইকেট। বিধ্বংসী ব্যাটিংয়ে চাপে পড়া দলকে কক্ষপথে রাখলেন ইশান কিষান। পরে তাণ্ডব চালালেন সুরিয়াকুমার ইয়াদাভ। তাদের চার-ছক্কার ঝড়ে নিউ জিল্যান্ডকে উড়িয়ে রেকর্ড গড়া জয় তুলে নিল ভারত।

রায়পুরের ব্যাটিং স্বর্গে শুক্রবার দ্বিতীয় টি-টোয়েন্টি ৭ উইকেটে জিতেছে ভারত। কিউইদের ২০৮ রান ২৮ বল বাকি থাকতে পেরিয়ে গেছে স্বাগতিকরা।

টি-টোয়েন্টিতে এটি ভারতের যৌথভাবে সর্বোচ্চ রান তাড়া করে জয়। ২০২৩ সালে ভিসাখাপাত্নামে অস্ট্রেলিয়ার বিপক্ষেও ২০৯ রানের লক্ষ্যে জিতেছিল তারা।

দুইশর বেশি লক্ষ্য তাড়ায় এনিয়ে ষষ্ঠবার জিতল ভারত। তবে এবারের মতো দাপুটে জয় ছিল না কোনোটিই।

আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে দুইশর বেশি রানের লক্ষ্য তাড়ায় ভারতের চেয়ে কম বলে জিততে পারেনি কেউ। ২০২৫ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষে ২০৫ রানের লক্ষ্যে ২৪ বল বাকি থাকতে জিতেছিল পাকিস্তান।

তিনে নেমে ৪টি ছক্কা ও ১১ চারে ৩২ বলে ৭৬ রান করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া কিষান জেতেন ম্যাচ সেরার পুরস্কার। এক বছরের বেশি সময় পর ফিফটির স্বাদ পাওয়া সুরিয়াকুমার খেলেন ৪টি ছক্কা ও ৯টি চারে ৩৭ বলে ৮২ রানের অপরাজিত ইনিংস।

দলের জয় সঙ্গে নিয়ে ফেরা শিভাম দুবে ১৮ বলে ৩৬ রান করতে মারেন তিনটি ছক্কা ও একটি চার।

ভারতের ইনিংসে ছক্কা মোট ১২টি, চার ২১টি। আর নিউ জিল্যান্ডের ব্যাটসম্যানরা ২৩ চারের সঙ্গে মেরেছেন ৮টি ছক্কা।

ম্যাচের শুরু থেকেই চলে তাণ্ডব। টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারে আর্শদিপ সিংকে তিনটি চার ও একটি ছক্কা হাঁকান ডেভন কনওয়ে। এই পেসারের পরের ওভারে টানা চারটি চার মারেন টিম সাইফার্ট।

৯ বলে ১৯ রান করা কনওয়েকে বিদায় করে ৪৩ রানের শুরুর জুটি ভাঙেন হার্শিত রানা। কোনো রান না দিয়ে ওভারটি শেষ করেন ভারতীয় পেসার। পরের ওভারে সাইফার্টকে (৫ চারে ২৪) ফিরিয়ে দেন ভারুন চক্রবর্তী।

পাওয়ার প্লের শেষ ওভারে হার্শিতকে দুটি ছক্কা ও একটি চার মারেন রাচিন রাভিন্দ্রা। অষ্টম ওভারে ভারুনকে হাঁকান দুই ছক্কা।

কুলদিপ ইয়াদাভের ওভারের প্রথম চার বলে এক ছক্কা ও দুই চার মারেন গ্লেন ফিলিপস। পঞ্চম বলে তাকে ফিরিয়ে প্রতিশোধ নেন বাঁহাতি রিস্ট স্পিনার কুলদিপ।

ড্যারিল মিচেল ও  মার্ক চ্যাপম্যান টিকতে পারেননি। এই দুই উইকেটের মাঝে বিদায় নেন ৪টি ছক্কা ও ২ চারে ২৬ বলে ৪৪ রান করা রাচিন।

পরে সফরকারীদের রান বাড়ে মিচেল স্যান্টনারের ব্যাটে। হার্শিতকে এক ছক্কা ও দুই চার মারেন তিনি। হার্দিক পান্ডিয়াকে হাঁকান দুটি চার। শেষ দুই বলে আর্শদিপকে ছক্কা ও চার মেরে দলের রান দুইশ পার করেন জ্যাকারি ফোকস।

স্যান্টনার ১ ছক্কা ও ৬টি চারে ২৭ বলে ৪৭ রান করে অপরাজিত থাকেন।

রান তাড়ায় ইনিংসের দ্বিতীয় বলে ক্যাচ দিয়েও বেঁচে যান সাঞ্জু স্যামসন, উল্টো হয় ছক্কা। দুই বল পরই বাজে তার বিদায় ঘণ্টা। আগের ম্যাচে ঝড়ো ইনিংস খেলা আভিশেক শার্মাকে এবার গোল্ডেন ডাকের তেতো স্বাদ দেন জেকব ডাফি।

দুই ওপেনারকে হারানো ভারতকে চাপে পড়তে দেননি কিষান। তৃতীয় ওভারে ফোকসকে তিনটি চার ও একটি ছক্কা মারেন তিনি। ডাফিকে টানা দুই চারের পর স্যান্টনারকে হাঁকান পরপর তিনটি।

পাওয়ার প্লের শেষ ওভারে হেনরিকে দুই চারের সঙ্গে একটি ছক্কা মারেন কিষান। ওই ওভারেই ২১ বলে ফিফটি স্পর্শ করেন তিনি।

নবম ওভারে ফোকসের ওপর ঝড় বইয়ে দেন সুরিয়াকুমার। চারটি চারের সঙ্গে ওড়ান একটি ছক্কা। ওভারটি থেকে আসে ২৫ রান। পরের ওভারে ইশ সোধির লেগ স্পিনে কিষানের বিদায়ে ভাঙে ৪৯ বল স্থায়ী ১২২ রানের জুটি।

একাদশ ওভারে জীবন পান সুরিয়াকুমার, বাউন্ডারিতে তার ক্যাচ নিতে গিয়ে বল মুঠোয় রাখতে পারেননি চ্যাপম্যান, হয় ছক্কা। পরের বলে সিঙ্গল নিয়ে ২৩ ইনিংস পর ফিফটি স্পর্শ করেন ভারত অধিনায়ক সুরিয়াকুমার, ২৩ বলে।

সোধিকে ওভারে দুটি ছক্কা মারেন দুবে। ফোকসের বলে সুরিয়াকুমারের সহজ ক্যাচ ছাড়েন স্যান্টনার। পরে ওই ওভারে ছক্কার পর দুটি চার মারেন তিনি। দুবের সঙ্গে তার অবিচ্ছিন্ন ৩৭ বলে ৮১ রানের জুটিতে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।

৩ ওভারে ৬৭ রান দিয়ে উইকেটশূন্য থাকেন ফোকস। টি-টোয়েন্টিতে নিউ জিল্যান্ডের বোলারদের মধ্যে যা সবচেয়ে খরুচে বোলিং। বিব্রতকর রেকর্ডটি এতদিন ছিল বেন হুইলারের, ২০১৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩.১ ওভারে ৬৪।

আগামী রোববার তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।

সংক্ষিপ্ত স্কোর:

নিউ জিল্যান্ড: ২০ ওভারে ২০৮/৬ (কনওয়ে ১৯, সাইফার্ট ২৪, রাচিন ৪৪, ফিলিপস ১৯, মিচেল ১৮, চ্যাপম্যান ১০, স্যান্টনার ৪৭*, ফোকস ১৫*; আর্শদিপ ৪-০-৫৩-০, হার্দিক ৩-০-২৫-১, হার্শিত ৩-১-৩৫-১, ভারুন ৪-০-৩৫-১, কুলদিপ ৪-০-৩৫-২, আভিশেক ১-০-১২-০, দুবে ১-০-৭-১)

ভারত: ১৫.২ ওভারে ২০৯/৩ (স্যামসন ৬, আভিশেক ০, কিষান ৭৬, সুরিয়াকুমার ৮২*, দুবে ৩৬*; হেনরি ৩-০-৪১-১, ডাফি ৪-০-৩৮-১, ফোকস ৩-০-৬৭-০, স্যান্টনার ২-০-২৭-০, সোধি ৩-০-৩৪-১, মিচেল ০.২-০-২-০)

ফল: ভারত ৭ উইকেটে জয়ী

ম্যান অব দা ম্যাচ: ইশান কিষান

সিরিজ: ৫ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত