২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ দলের কোচের দায়িত্বে এখনও শিখছেন সিমন্স

বাংলাদেশ দলের প্রধান কোচ হিসেবে এক বছর পেরিয়ে যাওয়ার পরেও এখনও মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন ফিল সিমন্স।

বাংলাদেশ দলের কোচের দায়িত্বে এখনও শিখছেন সিমন্স
দলের সঙ্গে কথা বলছেন কোচ ফিল সিমন্স। ছবি: বিসিবি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2025, 09:05 PM

Updated : 26 Aug 2026, 02:30 PM

এক বছর আগে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের সেই সময়ের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছিলেন, আপাতত সবকিছু বোঝার চেষ্টা করছেন দলের নতুন কোচ ফিল সিমন্স। এই এক বছরেও সেই জানাবোঝার কাজ শেষ হয়নি ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই অলরাউন্ডারের। এখনও মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন তিনি। 

২০২৪ সালের ১৫ অক্টোবর জাতীয় দলের নতুন কোচ হিসেবে সিমন্সের নাম ঘোষণা করেন সেই সময়ের বিসিবি সভাপতি ফারুক আহমেদ। দায়িত্ব নিতে পরদিন ঢাকায় আসেন ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, আয়ারল‍্যান্ডের সাবেক কোচ।

সিমন্সের কোচিংয়ে গত ১২ মাসে আট টেস্ট খেলে দুটিতে জিতেছে বাংলাদেশ, হেরেছে পাঁচটিতে, ড্র হয়েছে একটি ম‍্যাচ। টি-টোয়েন্টিতে ২৭ ম‍্যাচের ১৬টিতে জিতেছে বাংলাদেশ, ১০টিতে হেরেছে, পরিত‍্যক্ত হয়েছে একটি ম‍্যাচ।

এই সময়ে ওয়ানডেতে কেবলই পেছন দিকে ছুটছে বাংলাদেশ। ফল হওয়া ১৪ ম‍্যাচে জয় কেবল দুটি, হার ১২টি। সবশেষ চার ওয়ানডে সিরিজের একটিতেও জিততে পারেনি বাংলাদেশ। হোয়াইটওয়াশড হয়েছে দুটিতে, যার শেষটি কদিন আগে আফগানিস্তানের বিপক্ষে। 

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম‍্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে খেলবে বাংলাদেশ। এর আগের দিন সংবাদ সম্মেলনে পেছন ফিরে তাকালেন সিমন্স। বাংলাদেশের প্রধান কোচ জানালেন আশাবাদ।

“আমি এখনও কিছু বিষয় শিখছি ও অভ্যস্ত হচ্ছি। সঙ্গে আমি খেলোয়াড়দের সেই দিকনির্দেশনা দিচ্ছি যা আমি চাই দল অনুসরণ করুক এবং যা অধিনায়কদের ভিশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। মূলত এটা শেখা, শেখানো এবং খেলোয়াড়দের আন্তর্জাতিক ক্রিকেট ও পরিস্থিতি মূল্যায়নের কৌশল বোঝানো, এটাই এখন আমার লক্ষ্য।”

বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সামর্থ্যের অভাব দেখেন না সিমন্স। তবে ঘাটতি দেখেন মানসিকতায় আর নিজের ভূমিকা বোঝার জায়গায়। ২০২৭ সালের বিশ্বকাপকে সামনে রেখে তিনি তাই এখন দলের ভিত মজবুত করার কাজেই মনোযোগী।

“প্রথমেই বলতে চাই, (পারভেজ হোসেন) ইমনের ছোটখাট চোট আছে। আমরা চেষ্টা করছি যেন সে পুরোপুরি ফিট হয়। এছাড়া আমরা এখনও সঠিক ওপেনিং জুটি খুঁজছি। সাইফ আসায় ভালো হয়েছে, কারণ সে যে কোনো পজিশনে ব্যাট করতে পারে। তাই সে যতটা খেলেছে, সেটা ইতিবাচক। তবে মূল লক্ষ্য হলো সেই আদর্শ জুটি খুঁজে পাওয়া। আমি বলব এটা এক ধাপে তৈরি হচ্ছে।”

“আমরা ২০২৭ বিশ্বকাপের দিকে ধাপে ধাপে এগোচ্ছি। সঠিক জুটি পেলে, আমরা তাদের সঙ্গে কাজ শুরু করব, সঠিক কম্বিনেশন খুঁজে বের করব এবং সেটি চর্চা করব। মাঝে মাঝে কেউ বাইরে যাবে ফর্মের কারণে বা অন্য কেউ ভালো করলে। এটা একটি প্রক্রিয়া, যা আমরা অনুসরণ করছি।”