Published : 26 Jan 2026, 12:25 PM
সংবাদমাধ্যম থেকে সামাজিক মাধ্যম, কোথাও খবর আর কোথাও গুঞ্জন, দেশ ছেড়ে অস্ট্রেলিয়ায় চলে গেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তবে সোমবার সকালে তাকে ঠিকই দেখা গেল বিসিবিতে। দেশ ছাড়ার খবর ছড়িয়ে পড়ায় বেশ বিরক্ত প্রতিক্রিয়াও দেখালেন তিনি।
বাংলাদেশ ক্রিকেটের জন্য সময়টা বেশ অস্থির। আগামী মাসের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলতে না পারা, একজন বোর্ড পরিচালকের পদত্যাগ, আরেকজন বোর্ড পরিচালকের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ, সব মিলিয়ে টালমাটাল অবস্থা। এই সময়ে রোববার রাত থেকে খবর ছড়িয়ে পড়ে, দেশ ছেড়েছেন আমিনুল। কিছু সংবাদ মাধ্যমেও এমন খবর প্রকাশিত হয়।
সামাজিক মাধ্যমেও রাত থেকে সোমবার সকাল পর্যন্ত তোলপাড় চলতে থাকে। বিসিবি পরিচালক কয়েকজনের সঙ্গে কথা বলেও নিশ্চিত হওয়া যাচ্ছিল না। পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জিজ্ঞাসার জবাবে আমিনুল বলেন, “আমার লোকেশন জানানো কি সত্যিই জরুরি? ডু আই ওয়ার্ক অ্যাট দা বিসিবি? আমার ব্যক্তিগত জীবন নিয়ে লোকের কেন এত আগ্রহ?”
পরে বিসিবি মিডিয়া ব্লক থেকে মূল কার্যালয়ে যাওয়ার সময় সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “কি মনে হচ্ছে, আমি কি দেশের বাইরে?”
আমিনুলের পরিবার অনেক বছর ধরেই থিতু মেলবোর্নে। বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়ার পরও কয়েক দফায় মেলবোর্নে গিয়েছেন তিনি। সেখান থেকে অনলাইনে অফিসও করেছেন। আবার সেখানে গেলেও তাই প্রশ্ন বা বিস্ময়ের কিছু এমনিতে থাকার কথা নয়। তবে দেশের ক্রিকেটের চরম সঙ্কটের মুহূর্তে তিনি চলে যাচ্ছেন বা জাতীয় নির্বাচনের আগে নাও ফিরতে পারেন, এমন গুঞ্জন ছড়িয়েই মূলত খবরটি ভিন্ন মাত্রা পেয়েছিল।