কনকাশন বদলি বিতর্ক: ‘পক্ষপাত’ ও ‘দুর্নীতি’ দেখছেন আইসিসি ম্যাচ রেফারি ব্রড
ভারতের শিভাম দুবের কনকাশন বদলি হিসেবে হার্শিত রানাকে খেলানো নিয়ে বিতর্ক চলছেই।
সিরিজের শেষ ম্যাচে টসের সময় জস বাটলার বললেন, ‘আমাদের দলে চার জন ইমপ্যাক্ট সাব আছে।’ আগের ম্যাচে ভারতের ‘কনকাশন বদলি’ নিয়ে তৈরি হওয়া বিতর্কের দিকেই ইঙ্গিত করলেন ইংল্যান্ড অধিনায়ক।
ওই ঘটনা এতটাই আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে যে, এর রেশ কাটছেই না। ইংল্যান্ডের সাবেক ওপেনার ও আইসিসির অভিজ্ঞ ম্যাচ রেফারি ক্রিস ব্রড তো ‘পক্ষপাত’ ও ‘দুর্নীতির’ অভিযোগও এনেছেন।
ঘটনাটি ভারত-ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচের। পুনেতে গত শুক্রবার ৭৯ রানে ৫ উইকেট হারিয়ে ফেলা ভারতকে টেনে তোলায় বড় ভূমিকা রাখেন শিভাম দুবে। ৩৪ বলে ৫৩ রানের ইনিংস খেলেন বাঁহাতি এই ব্যাটিং অলরাউন্ডার।
ইনিংসের শেষ বলে রান আউট হওয়া শিভামের ব্যাটিংয়ের সময় একটি বল লেগেছিল হেলমেটে। পরে আর ফিল্ডিংয়ে নামেননি ৩১ বছর বয়সী ক্রিকেটার। তার ‘কনকাশন বদলি’ হিসেবে নামেন হার্শিত রানা।
‘কনকাশন’ বদলির নিয়ম অনুযায়ী, এটা হতে হবে ‘লাইক-ফর-লাইক’ বদলি বা যতটা সম্ভব, একই ধরনের ক্রিকেটার হতে হবে। প্রশ্নটা এখানেই। হার্শিত নিখাদ পেস বোলার। শিভাম বোলিং করেন বটে, তবে সেটা জেন্টল মিডিয়াম পেস। নিয়মিত বোলিংও পান না।
তার জায়গায় সুযোগ পেয়ে হার্শিত ৩ উইকেট নিয়ে ভারতের জয়ে রাখেন বড় অবদান। ম্যাচ শেষে এই সিদ্ধান্ত নিয়ে সরাসরিই প্রশ্ন তোলেন বাটলার। ইংলিশ অধিনায়ক জানান, এই সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের সঙ্গে আলোচনা করেননি ম্যাচ রেফারি ও ভারতের সাবেক পেসার জাভাগাল শ্রিনাথ।
১৪ বছর আইসিসির ম্যাচ রেফারির দায়িত্ব পালন করা ক্রিস ব্রড এই ঘটনা নিয়ে সামাজিক মাধ্যম এক্স-এ লিখেছেন, “এই ধরনের পরিস্থিতি থামাতে স্বাধীন ম্যাচ অফিসিয়ালদের আনা হয়েছিল। কেন আইসিসি পক্ষপাত ও দুর্নীতির বাজে দিনগুলিতে ফিরে যাচ্ছে?”
সামাজিক মাধ্যমে আরেকটি পোস্টে ব্রড লেখেন, আইসিসির কেবল নিরপেক্ষ ম্যাচ রেফারিদের দায়িত্ব দেওয়া উচিত। পরে অবশ্য সেই পোস্ট মুছে ফেলেন তিনি।
গত মে মাসে ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যে টি-টোয়েন্টি সিরিজে ম্যাচ রেফারি ছিলেন ব্রড নিজেই। সামাজিক মাধ্যমের পোস্টগুলোর বিষয়ে তার মন্তব্য জানতে চাইলে ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজকে ব্রড বলেন, “আমার আর কিছু বলার নেই।”
৬২২ ম্যাচ পরিচালনা করেছেন ব্রড। আইসিসির ম্যাচ রেফারি হিসেবে যা তৃতীয় সর্বোচ্চ। গত বছরের শুরুতে সবশেষ প্রকাশিত আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারিদের তালিকায় তাকে রাখেনি সংস্থাটি। পরে তিনি দাবি করেন, তাকে ম্যাচ রেফারি প্যানেল থেকে সরে দাঁড়াতে বাধ্য করেছে আইসিসি।
শিভামের কনকাশন বদলি হিসেবে হার্শিতের খেলা নিয়ে তখনই প্রশ্ন তুলেছিলেন ধারাভাষ্যে থাকা সাবেক দুই ইংলিশ ব্যাটসম্যান কেভিন পিটারসেন ও নিক নাইট। আরেক সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভনকেও উচ্চকিত দেখা যায় বিষয়টি নিয়ে।
এই সিরিজের আরেক ধারাভাষ্যকার ও ভারতীয় কিংবদন্তি সুনিল গাভাস্কার টেলিগ্রাফে লেখা কলামে কড়া সমালোচনা করেছেন ভারতের টিম ম্যানেজমেন্টের।
“পুনের ম্যাচে দুবে হেলমেটে আঘাত পাওয়ার পর শেষ পর্যন্ত ব্যাট করেছিল, তাই স্পষ্টতই সে কনকাশনে আক্রান্ত হয়নি। তাই কনকাশন বদলির অনুমতি দেওয়া সঠিক ছিল না। হ্যাঁ, ব্যাটিংয়ের সময় পেশিতে টান পড়লে একজন বদলি থাকতে পারত, তবে সেটা কেবল ফিল্ডিংয়ের জন্য হতো এবং তিনি বোলিং করতে পারতেন না।”
“দুবে ও রানার মধ্যে ‘লাইক-ফর-লাইক’, এমন কিছু ছিল না। কৌতুক করে কেউ অবশ্য বলতে পারে, তারা একই উচ্চতার এবং ফিল্ডিংয়ে দুজন একই মানের। এছাড়া তাদের মধ্যে কোনো মিল নেই। ইংল্যান্ডের ক্ষুব্ধ হওয়ার যথেষ্ট কারণ আছে। এই ভারতীয় দল দুর্দান্ত, এই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে তাদের জয়কে কলঙ্কিত করার প্রয়োজন নেই।”
ইংল্যান্ড কোচ ব্রেন্ডন ম্যাককালামও নাকি বিষয়টি নিয়ে ড্রেসিং রুমে খুব ক্ষুব্ধ ছিলেন। ক্রিকবাজের পক্ষ থেকে এই বিষয়ে প্রশ্ন করা হলে ইংল্যান্ড দলের একজন মুখপাত্র বলেন, তারা এই বিতর্ক থেকে সরে এসেছে।
তবে এখনও যে তারা বিষয়টি ভুলে যায়নি, সেটার প্রমাণ মুম্বাইয়ে রোববার শেষ ম্যাচে টসের সময় বাটলারের ওই খোঁচা। এই ম্যাচে খেলছেন শিভাম দুবে।
