দুই বছরে চারটি বৈশ্বিক শিরোপা, রোহিতের চোখে ভারতের সাফল্যের সবে শুরু
ছেলে ও মেয়েদের ক্রিকেট মিলিয়ে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে এবারের বিশ্বকাপ পর্যন্ত চারটি বিশ্ব আসরের ট্রফি জিতেছে ভারত।
মেয়েদের ওয়ানডে ক্রিকেটের বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। ছেলেদের ওয়ানডেতে সবশেষ আইসিসি আসরের চ্যাম্পিয়নও তারা। টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম দল হিসেবে জিতেছে পরপর দুটি বিশ্বকাপ। সব মিলিয়ে ভারতীয় ক্রিকেটের স্বর্ণ সময় চলছে এখন। তবে এটিকে কেবলই শুরু মনে করেন রোহিত শার্মা। ভারতের অভিজ্ঞ ব্যাটসম্যানের আশা, এই ধারা সামনেও ধরে রাখব ভারতীয় ক্রিকেট।
ভারতের এই সাফল্যের শুরু রোহিতের হাত ধরেই। তার অধিনায়কেত্ব ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে দেশের মাঠে অসাধারণ খেলেও ফাইনালে হেরে যায় ভারত। হৃদয় ভাঙা সেই হারের যন্ত্রণাকে পেছনে ফেলে তার নেতৃত্বেই ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে নেয় তারা। গত বছর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও চ্যাম্পিয়ন হয় রোহিতের ভারত।
গত বছরের শেষ দিকে দেশের মাঠে অসাধারণ নৈপুণ্যে উইমেন’স ওয়ানডে বিশ্বকাপে স্বপ্নের শিরোপার স্বাদ পায় ভারত। এরপর কদিন আগে সুরিয়াকুমার ইয়াদাভের দল ধরে রাখে টি-টোয়েন্টির বিশ্ব আসরের ট্রফি।
মুম্বাইয়ে শনিবার রোহিত বললেন, অনেক ঘাম ঝরিয়ে এবং অনেক লোকের অবদানেই এসব সাফল্য ধরা দিয়েছে।
“সাফল্যের কোনও গোপন রহস্য নেই, এটি সম্পূর্ণ নির্ভর করে কঠোর পরিশ্রমের ওপর। আন্তর্জাতিক ক্রিকেটাররা - ছেলে এবং মেয়ে- তারা যা অর্জন করেছেন, সেটির জন্য তারা সত্যিই কঠোর পরিশ্রম করেছেন। অবশ্যই কেবল খেলোয়াড়রা মাঠে পারফর্ম করেন না, পর্দার আড়ালেও অনেক লোক আছেন, যারা এই সাফল্যের জন্য অনেক পরিশ্রম করেছেন। তাই অনেক মানুষ এবং কর্মীকে কৃতিত্ব দেওয়া উচিত।”
সাম্প্রতিক বছরগুলোয় ভারতীয় ক্রিকেটের সাফল্য রোহিতকে করেছে উচ্ছ্বসিত। তার আশা, এই পথ ধরেই আরও অনেক অর্জনে সমৃদ্ধ হবে তার দেশ।
“গত কয়েক বছর ধরে আমরা যে সাফল্য পাচ্ছি, তাতে আমি খুবই আনন্দিত এবং গর্বিত। শুধু ছেলেদের দলই নয়, নারী দলও বিশ্বকাপ জয় করেছে, তা দেখতে পারা ছিল অসাধারণ। সম্প্রতি ছেলেদের দল টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। তারা যা করেছে, তা অসাধারণ।”
“আমি আশা করি এটা কেবলই শুরু, এখান থেকে আর পিছনে ফিরে তাকানোর প্রয়োজন নেই, কারণ একবার মোমেন্টাম পেলে…আমরা প্রায়শই ক্রিকেটে মোমেন্টাম সম্পর্কে বলে থাকি, পুরুষ এবং মহিলা উভয় দলেরই থাকে, আশা করি আমরা এই মোমেন্টাম বয়ে নিয়ে যাব।”
