২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেঞ্চুরিতে সাঙ্গাকারাকে ছাড়িয়ে পন্টিংয়ের কাছে রুট

অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে টানা তিন টেস্টে সেঞ্চুরির স্বাদ পেলেন ইংলিশ ব্যাটিং গ্রেট।

সেঞ্চুরিতে সাঙ্গাকারাকে ছাড়িয়ে পন্টিংয়ের কাছে রুট
টেস্ট ক্যারিয়ারে ৩৯তম সেঞ্চুরি ছুঁয়ে জো রুট। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2025, 10:03 PM

Updated : 26 Aug 2026, 01:30 PM

মোহাম্মদ সিরাজকে টানা দুটি চার মেরে ৯৮ রানে পৌঁছে গেলেন জো রুট। কিন্তু এক বল পরই সেশন শেষ হয়ে যাওয়ায় অপেক্ষায় থাকতে হলো ইংলিশ তারকাকে। বিরতির পর মুখোমুখি প্রথম দুই বলে সিঙ্গেল ও ডাবল নিয়ে কাঙ্ক্ষিত তিন অঙ্কে পা রাখলেন তিনি। ছাড়িয়ে গেলেন টেস্টে সবচেয়ে বেশি ব্যক্তিগত শতকের তালিকায় কুমার সাঙ্গাকারাকে।

ভারতের বিপক্ষে ওভাল টেস্টে ৩৭৪ রান তাড়ায় চতুর্থ দিন রোববার চমৎকার ব্যাটিং উপহার দেন রুট। ১৩৭ বলে টেস্টে ক্যারিয়ারের ৩৯তম সেঞ্চুরিতে পা রাখেন তিনি।

লর্ডস, ওল্ড ট্র্যাফোর্ড ও ওভাল; টানা তিন টেস্টে সেঞ্চুরি স্বাদ পেলেন রুট। ম্যানচেস্টারের শতকে সাঙ্গাকারার পাশে বসেছিলেন তিনি। এবার শ্রীলঙ্কান ব্যাটিং গ্রেটকে ছাড়িয়ে টেস্টে সবচেয়ে বেশি সেঞ্চুরির তালিকায় এককভাবে চতুর্থ স্থানটি নিজের করে নিলেন ডানহাতি এই ব্যাটসম্যান।

ক্রিকেটের অভিজাত সংস্করণে রুটের চেয়ে স্রেফ ২ সেঞ্চুরি বেশি নিয়ে তালিকায় তিনে আছেন অস্ট্রেলিয়ার ব্যাটিং গ্রেট রিকি পন্টিং। ৪৫ সেঞ্চুরি করে দুই নম্বরে দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস। শীর্ষে ভারতীয় ব্যাটিং কিংবদন্তি সাচিন টেন্ডুলকার, সেঞ্চুরি ৫১টি।

ওভালে এটি রুটের তৃতীয় সেঞ্চুরি। ঘরের মাঠে সব মিলিয়ে ২৪ বার পেলেন তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া। দেশের মাঠে সবচেয়ে বেশি শতকের রেকর্ডটি এখন তার। ২৩টি করে সেঞ্চুরি করে দুইয়ে পন্টিং, ক্যালিস ও শ্রীলঙ্কার মাহেলা জায়াওয়ার্দেনে।

টেস্টে ভারতের বিপক্ষে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডটি আরও সমৃদ্ধ করলেন রুট। এশিয়ার দলটির বিপক্ষে এটি তার ত্রয়োদশ শতক। ১১ সেঞ্চুরি করে দুইয়ে অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ। ৮টি করে সেঞ্চুরি আছে গ্যারি সোবার্স, ভিভিয়ান রিচার্ডস ও পন্টিংয়ের।

দীর্ঘ পরিসরের ক্রিকেটে নির্দিষ্ট একটি দলের বিপক্ষে সবচেয়ে বেশি সেঞ্চুরির তালিকায় যৌথভাবে দুইয়ে রুট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৩ সেঞ্চুরি করেছিলেন ভারতীয় গ্রেট ব্যাটসম্যান সুনিল গাভাস্কার। ইংল্যান্ডের বিপক্ষে ১৯ সেঞ্চুরি করে রেকর্ডটি সর্বকালের সেরা ব্যাটসম্যান হিসেবে বিবেচিত অস্ট্রেলিয়ার স্যার ডন ব্র্যাডম্যানের।

রুটের সেঞ্চুরির সৌজন্যে ৭০ বছর পুরোনো একটি স্মৃতি ফিরে এলো। চলমান অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে এনিয়ে সেঞ্চুরি হলো ২১টি, যৌথভাবে এক সিরিজে যা সর্বোচ্চ। ১৯৫৫ সালে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার সিরিজেও হয়েছিল ২১টি সেঞ্চুরি। ২০০৩-০৪ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার সিরিজে হয়েছিল ২০ শতক।

রুটের কীর্তি গড়া ইনিংসের পথচলা শুরু ইংল্যান্ডের ইনিংসের ২৩তম ওভারে। বেন ডাকেটের বিদায়ের পর ক্রিজে যান তিনি। কিছুক্ষণ পর ড্রেসিং রুমে ফেরেন এই ম্যাচের ভারপ্রাপ্ত অধিনায়ক অলি পোপও।

১০৬ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়া দলকে দারুণ ব্যাটিংয়ে লক্ষ্যের দিকে টেনে নেন রুট। হ্যারি ব্রুককে নিয়ে গড়েন ১৯৫ রানের জুটি। আগ্রাসী ব্যাটিংয়ে ৯৮ বলে ১১১ রান করে ফিরে যান ব্রুক।

আরেক প্রান্তে সাবলীল ব্যাটিংয়ে দলের ও নিজের রান বাড়াতে থাকেন রুট। ইনিংসের ৬১তম ওভারে পেয়ে যান কাঙ্ক্ষিত তিন অঙ্কের স্বাদ।

একটা সময় মনে হচ্ছিল, দলকে জিতিয়েই ফিরবেন রুট। কিন্তু প্রাসিধ কৃষ্ণার বলে কিপারের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। থামে ১২ চারে গড়া তার ১৫২ বল স্থায়ী ১০৫ রানের ইনিংস।