২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগান টেস্ট দলে অভিষেকের অপেক্ষায় থাকা ৩ জন

সাইড স্ট্রেইন চোটে নিউ জিল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের দলে জায়গা হয়নি পেসার নাভিদ জাদরানের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2024, 10:33 PM

Updated : 10 Sep 2026, 12:16 PM

নিউ জিল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের দলে অভিষেকের অপেক্ষায় থাকা রিয়াজ হাসান, শামস উর রাহমান ও খালিল আহমেদকে রেখেছে আফগানিস্তান। চোট পাওয়ায় সাদা পোশাকের ম্যাচটি থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ পেসার নাভিদ জাদরান।

আগামী সোমবার ভারতের গ্রেটার নয়ডায় শুরু হওয়ার কথা দুই দলের লড়াই। কিউইদের বিপক্ষে এই প্রথম টেস্ট খেলতে যাচ্ছে আফগানরা। ম্যাচটির জন্য শুক্রবার ১৬ সদস্যের দল দিয়েছে তারা।

চোট থেকে সেরে উঠতে না পারায় এই টেস্টে খেলবেন না রাশিদ খান, আগেই নিশ্চিত ছিল। আফগানদের সবশেষ টেস্টেও খেলেননি দলটির তারকা লেগ স্পিনার, গত ফেব্রুয়ারি-মার্চে আয়ারল্যান্ডের বিপক্ষে। 

আইরিশদের বিপক্ষে ওই টেস্টে দুই ইনিংস মিলিয়ে পাঁচ উইকেট নেন নাভিদ। নিউ জিল্যান্ড টেস্টের প্রাথমিক দলেও ছিলেন তিনি। কিন্তু সাইড স্ট্রেইন চোটে জায়গা হলো না তার চূড়ান্ত দলে। ২০ জনের প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন গুলবাদিন নাইব, ফারিদ আহমেদ ও ইয়ামা আরাব।

টপ অর্ডার ব্যাটসম্যান রিয়াজ এখন পর্যন্ত ৫ ওয়ানডে খেললেও টেস্টের স্বাদ পাননি। এখন পর্যন্ত ১০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে তার রান ৯০১, ব্যাটিং গড় ৫৬.৩১, সেঞ্চুরি ও ফিফটি তিনটি করে।

অফ স্পিনিং অলরাউন্ডার শামস ও লেগ স্পিনার খালিলের এখনও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। ১৪ প্রথম শ্রেণির ম্যাচে ৪৯৯ রান করার পাশাপাশি ৩০ উইকেট আছে শামসের নামের পাশে। আর খালিল দুটি প্রথম শ্রেণির ম্যাচে ৩ উইকেট নিয়েই ডাক পেয়ে গেছেন টেস্ট দলে।

আফগানিস্তান টেস্ট দল: হাশমাতউল্লাহ শাহিদি (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, রেহমাত শাহ, আব্দুল মালিক, রিয়াজ হাসান, আফসার জাজাই, ইকরাম আলিখিল, বাহির শাহ, শাহিদউল্লাহ কামাল, আজমাতউল্লাহ ওমারজাই, শামস উর রাহমান, জিয়া-উর-রেহমান, জাহির খান, কাইস আহমেদ, খালিল আহমেদ, নিজাত মাসুদ।