১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ইংলিশ পেসারের চোখে বুমরাহ বিশ্বের সেরা

ভারতের তারকা পেসার জাসপ্রিত বুমরাহর প্রশংসায় পঞ্চমুখ টাইমাল মিলস।

ইংলিশ পেসারের চোখে বুমরাহ বিশ্বের সেরা

টি-টোয়েন্টি বিশ্বকাপ হাতে জাসপ্রিত বুমরাহ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Sep 2026, 10:43 PM

Updated : 16 Sep 2026, 10:43 PM

ক্রিকেটের তিন সংস্করণেই দারুণ কার্যকর জাসপ্রিত বুমরাহ। ভারতীয় তারকা পেসারের সঙ্গে খেলার অভিজ্ঞতা থেকে তো তাকে বিশ্বের সেরা বোলার মনে করেন ইংলিশ পেসার টাইমাল মিলস।

আইপিএলে এখন পর্যন্ত কেবল দুটি মৌসুমে খেলেছেন ৩৪ বছর বয়সী মিলস। ২০১৭ সালে ভারতীয় ব্যাটিং গ্রেট ভিরাট কোহলির নেতৃত্বে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে পাঁচ ম্যাচ খেলে পাঁচ উইকেট নেন তিনি। পরে ২০২২ সালে রোহিত শার্মার নেতৃত্বে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়েও খেলেন পাঁচ ম্যাচ। সেবার তিনি শিকার ধরেন ছয়টি।

চার বছর আগের ওই আসরেই মূলত মুম্বাইয়ের বোলিং আক্রমণের প্রধান অস্ত্র বুমরাহকে কাছ থেকে দেখেন মিলস। সেবার ১৪ ম্যাচ খেলে ১৫ উইকেট নেন বুমরাহ, ওভারপ্রতি দেন সাতের একটু বেশি রান।

ভারতের টানা দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন বুমরাহ। ২০২৪ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনালে চার ওভারে স্রেফ ১৮ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। ওই আসরের ‘প্লেয়ার অব দা টুর্নামেন্টের’ পুরস্কার উঠেছিল তার হাতে।

আর গত মার্চে নিউ জিল্যান্ডের বিপক্ষে আহমেদাবাদের ফাইনালে চার ওভারে স্রেফ ১৫ রান দিয়ে ৪ উইকেট নেন বুমরাহ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যা তার ক্যারিয়ার সেরা। ওই পারফরম্যান্সে ফাইনালের সেরা নির্বাচিত হন তিনিই।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপেও দারুণ পারফরম্যান্স করেন বুমরাহ। আসরে ১১ ম্যাচ খেলে ২০ উইকেট নেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে হৃদয়ভাঙা ফাইনালেও ব্যক্তিগতভাবে খারাপ করেননি তিনি; ৯ ওভারে ৪৩ রান দিয়ে নেন দুই উইকেট। শিরোপা নির্ধারণী ম্যাচটি ৬ উইকেটে হেরে যায় ভারত।

আইসিসি টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ছিলেন বুমরাহ। এখন অবশ্য নেমে গেছেন চারে। এই সংস্করণে ৫২ ম্যাচে নিয়েছেন ২৩৪ উইকেট। ইনিংসে ১৬ বার নিয়েছেন পাঁচ উইকেট।

ক্রেক্স-কে দেওয়া এক সাক্ষাৎকারে বুমরাহর স্কিলের প্রশংসা করেন ইংল্যান্ডের হয়ে ১৬টি টি-টোয়েন্টি খেলা মিলস।

“আমার মনে হয়, সব সংস্করণেই জাসপ্রিত বুমরাহ নিজেকে আলাদা করে তুলে ধরেছে। আবারও বলছি, মুম্বাইয়ে তার সঙ্গে সেই মৌসুমটা কাটানোর সৌভাগ্য আমার হয়েছিল। কাছ থেকে দেখেছি, কীভাবে সে নিজের কাজগুলো করে।

“তার স্কিল অসাধারণ। নিজের দিনে সে যে কারো মতোই দ্রুত গতিতে বল করতে পারে। সবচেয়ে বড় ব্যাপার হলো, সব সংস্করণেই সে একইভাবে কার্যকর- টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি, সব জায়গাতেই। তাই আমার কাছে বুমরাহ সম্ভবত বিশ্বের সেরা।”

অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ককেও বেশ পছন্দ মিলসের।

“বাঁহাতি পেসার হিসেবে মিচেল স্টার্ককেও দেখতে আমার বেশ ভালো লাগে। ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ অ্যাশেজ সিরিজে তাকে দেখেছি ১৪০-১৪৫ কিলোমিটার গতিতে নিয়মিত বল করতে, এমনকি চতুর্থ ও পঞ্চম দিনের শেষ সময়েও। এটা দেখায়, সে কতটা দুর্দান্ত পেশাদার এবং কতটা অসাধারণ অ্যাথলেট।”

হাঁটুর চোট কাটিয়ে এখন আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলেছেন বুমরাহ। পরে এশিয়ান গেমসেও খেলার কথা রয়েছে তার।