২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

নেতৃত্বে বাবরের চেয়ে ভালো রোহিত: ইউনিস খান

আন্তর্জাতিক ক্রিকেটে লম্বা সময় ধরে খেলার অভিজ্ঞতাই এগিয়ে রাখছে রোহিতকে, মনে করছেন পাকিস্তানের এই ব্যাটিং গ্রেট।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2022, 07:23 PM

Updated : 27 Aug 2022, 07:23 PM

দুইজনই ব্যাটসম্যান হিসেবে দুর্দান্ত। দলের ব্যাটিং বিভাগের গুরুত্বপূর্ণ সদস্য। নেতৃত্বের দক্ষতায় এগিয়ে কে, রোহিত শর্মা নাকি বাবর আজম? এশিয়া কাপে মুখোমুখি লড়াইয়ের আগে ভারতের অধিনায়ককে কিছুটা এগিয়ে রাখলেন পাকিস্তানের সাবেক তারকা ব্যাটসম্যান ইউনিস খান।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের এই সংস্করণের নেতৃত্ব ছেড়ে দেন বিরাট কোহলি। পরে তাকে ওয়ানডে থেকে সরিয়ে সীমিত ওভারের দুই সংস্করণেই দায়িত্ব দেওয়া হয় রোহিতকে। কোহলি পরে টেস্টের অধিনায়কত্ব থেকেও সরে দাঁড়ালে এই ওপেনারের কাঁধেই ওঠে সাদা পোশাকের নেতৃত্বভার।

রোহিতের নেতৃত্বে দেশ ও বিদেশে ভালোই করছে ভারত। ঘরের মাঠে তারা নিউ জিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কাকে হারিয়েছে। জিতে এসেছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ থেকেও।

পাকাপাকিভাবে নেতৃত্ব পাওয়ার আগেও নানা সময় ভারত দলের অধিনায়কত্ব করেছেন রোহিত। সেখানেও বেশ সফল ছিলেন তিনি। টি-টোয়েন্টিতে জিতেছিলেন শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফি, ওয়ানডেতে সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ।

এছাড়া আইপিএলের সফলতম অধিনায়ক রোহিত, জিতেছেন পাঁচটি শিরোপা।

সব মিলিয়ে এখন পর্যন্ত রোহিতের নেতৃত্বে খেলা দুই টেস্টেই জিতেছে ভারত। ১৬ ওয়ানডেতে ১৩টি এবং ৩৫ টি-টোয়েন্টিতে ২৯ ম্যাচে রোহিতের অধিনায়কত্বে জয়ের স্বাদ পেয়েছে দলটি।

বাবর অবশ্য পাকিস্তানের নেতৃত্বে আছেন প্রায় তিন বছর ধরে। ২০১৯ সালের অক্টোবরে পান তিনি টি-টোয়েন্টির দায়িত্ব। পরের বছরের জুনে ওয়ানডে ও নভেম্বরে করা হয় তাকে টেস্টের অধিনায়ক।

বাবরের সময় এখন পর্যন্ত ১৩ টেস্টের ৮টি জিতেছে পাকিস্তান। ১৮ ওয়ানডের ১২টি ও ৪১ টি-টোয়েন্টির ২৬টি জিতেছে দলটি। জয়-পরাজয়ের শতকরা হারেও বাবরের চেয়ে এগিয়ে রোহিত।

টেলিগ্রাফ ইন্ডিয়াকে শুক্রবার ইউনিস বলেন, লম্বা সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অভিজ্ঞতার কারণে নেতৃত্বে তার দৃষ্টিতে রোহিতই এগিয়ে।

“আমরা সবাই জানি, রোহিত ও বাবর তাদের দলের জন্য বড় রান করার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ এবং পারফরম্যান্সের বিচারে তারা কতটা গুরুত্বপূর্ণ।”

“তবে নেতৃত্বে বাবরের চেয়ে এগিয়ে রোহিত। কারণ ভারতের জাতীয় দলে সে দীর্ঘ সময় ধরে আছে এবং ভালো অধিনায়কের অধীনেও খেলেছে। সেসব অভিজ্ঞতা রোহিতকে আরও ভালো করে তুলেছে।”

২০০৭ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন রোহিত। ১৫ বছরের ক্যারিয়ারে তিন সংস্করণ মিলিয়ে এখন পর্যন্ত তার ম্যাচ খেলার অভিজ্ঞতা ৪১০টি। বাবর আন্তর্জাতিক আঙিনায় পা রেখেছেন ৭ বছর হলো। ম্যাচ খেলেছেন তিনি মোট ২০৮টি।

নিজেদের নেতৃত্বের দক্ষতা একে অপরের বিপক্ষে দেখানোর সুযোগ শিগগিরই পাচ্ছেন বাবর ও রোহিত। আগামী রোববার এশিয়া কাপের গ্রুপ পর্বে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল।