‘শাহিন আফ্রিদির জন্য কিছুই করেনি পিসিবি’, দাবি শহিদ আফ্রিদির
নিজে টিকেট করে লন্ডন গিয়ে নিজের খরচে পুনবার্সন চলছে শাহিন আফ্রিদির, বললেন শহিদ আফ্রিদি।
চোট কাটিয়ে মাঠে ফেরার লড়াইয়ে থাকা শাহিন শাহ আফ্রিদির পুনবার্সনে পিসিবি কোনো সহায়তা করেনি বলে অভিযোগ শহিদ আফ্রিদির। পাকিস্তানের এই সাবেক অধিনায়ক ও শাহিনের হবু শ্বশুরের দাবি, নিজেই টিকেট কেটে লন্ডনে গিয়ে নিজের খরচে পুনবার্সন চালিয়ে যাচ্ছেন বাঁহাতি এই ফাস্ট বোলার।
শাহিনের পুনবার্সন প্রক্রিয়া নিয়ে বেশ কিছুদিন ধরেই নানা আলোচনা-সমালোচনা চলছিল পাকিস্তান ক্রিকেটে। গত জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে ফিল্ডিংয়ের সময় এই চোটে পড়েন তিনি।
দলের সঙ্গে রেখে পুনবার্সনের জন্য তাকে অগাস্টে নেদারল্যান্ডসে ওয়ানডে সিরিজে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাঁটুতে ফোলা বেড়ে যাওয়ায় তখন বলা হয়, ৪ থেকে ৬ সপ্তাহের জন্য ছিটকে গেছেন শাহিন।
পরে এশিয়া কাপেও দলের সঙ্গে রেখে চলতে থাকে তার পুনর্বাসন। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় জানানো হয়, বিশেষজ্ঞ চিকিৎসক ও ট্রেনারের সঙ্গে কাজ করার জন্য তাকে লন্ডন পাঠানো হচ্ছে।
সাবেক অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ তখন বলেছিলেন, শাহিনের পুনবার্সন প্রক্রিয়া পিসিবি যেভাবে সামলাচ্ছে, তা অপরাধের পর্যায়ে পড়ে।
এবার শহিদ আফ্রিদি বৃহস্পতিবার পাকিস্তানের সামা টিভিতে আলোচনায় আরও বড় বোমা ফাটালেন।
“নিজের টিকেটে সে লন্ডনে গিয়েছে, নিজের খরচে সেখানে থাকছে। আমি তার জন্য একজন চিকিৎসক ঠিক করে দিয়েছি। তার সঙ্গে যোগাযোগ রেখে সে কাজ করছে। পিসিবি এখানে কিছুই করছে না। আমি যতদূর জানি, নিজের থাকা-খাওয়া থেকে শুরু করে চিকিৎসকের সঙ্গে সমন্বয়, সবকিছু সে নিজেই করছে।”
শহিদ আফ্রিদির মেয়ের সঙ্গে শাহিনের বিয়ে ঠিক হয়ে আছে। দুজনের বাগদানও হয়ে গেছে।
শহিদ আফ্রিদির এই বক্তব্যের পর পিসিবির একটি সূত্র ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোকে জানায়, শাহিনের চিকিৎসার খরচ তারা শোধ করে দেবে। তুমুল সমালোচনার মধ্যে পরে তারা একটি বিবৃতিও দেয়, “এটা বলার কোনো অপেক্ষা রাখে না যে পিসিবি তার সব ক্রিকেটারের চিকিৎসা ও পুনর্বাসনের সব দায়িত্ব নিয়ে আসছে এবং ভবিষ্যতেও নেবে।”
শাহিন গত মঙ্গলবার জিমে কসরতের একটি ভিডিও দিয়ে জানান, ফিট হওয়ার কাছাকাছি আছেন তিনি।
কদিন পর তিনি রানিং শুরু করবেন। অক্টোবরের শুরুতে আবার বোলিং শুরু করতে পারবেন বলে আশা করা হচ্ছে।
তিন সংস্করণ মিলিয়ে বিশ্বের সেরা বোলারদের একজন মনে করা হয় এই ২২ বছর বয়সী ফাস্ট বোলারকে। তাকে রেখেই বিশ্বকাপ দল ঘোষণা করেছে পাকিস্তান। তবে ইংল্যান্ডের বিপক্ষে সামনের সিরিজে তাকে রাখা হয়নি।
