২ উইকেট নেওয়ার পর খরুচে রিশাদ
মেলবোর্ন স্টার্সের বিপক্ষে ৩ ওভারে ৩৩ রান দিয়েছেন হোবার্ট হারিকেন্সের লেগ স্পিনার।
শুরুটা ছিল দুর্দান্ত। প্রথম ৯ বলে দুই শিকার ধরলেন রিশাদ হোসেন। এরপর দিশা হারিয়ে করলেন খরুচে বোলিং। এই লেগ স্পিনারের অম্ল-মধুর দিনে মেলবোর্ন স্টার্সের বিপক্ষে হারল তার দল হোবার্ট হারিকেন্সও।
বিগ ব্যাশ লিগে বৃহস্পতিবার ৩ ওভারে ৩৩ রান দেন রিশাদ। তিনটি চার ও একটি ছক্কা হজম করেন তিনি। ডট খেলাতে পারেন চারটি ডেলিভারি।
রিশাদ ছাড়া হোবার্ট হারিকেন্সের আর কেউ উইকেট নিতে পারেননি। তাদের ১৫৮ রান ৮ উইকেট হাতে রেখে ২৪ বল বাকি থাকতে পেরিয়ে যায় মেলবোর্ন স্টার্স।
এদিন ব্যাটিংয়ের সুযোগও পান রিশাদ। নয় নম্বরে নেমে একটি চারে ৩ বলে ৫ রানে করে অপরাজিত থাকেন তিনি। তাদের হয়ে ২ ছক্কা ৫টি চারে সর্বোচ্চ ৬৯ রান করেন বেন ম্যাকডারমট।
আগের ম্যাচে উইকেটশূন্য থাকলেও মিতব্যয়ী ছিলেন রিশাদ। সিডনি থান্ডারের বিপক্ষে বিগ ব্যাশ অভিষেকে ৩ ওভারে স্রেফ ১৮ রান খরচ করেছিলেন তিনি।
স্টার্সের রান তাড়ায় পাওয়ার প্লের শেষ ওভারে আক্রমণে আসেন রিশাদ। প্রথম দুই বলে দেন দুই রান। তার তৃতীয় ডেলিভারিটি ছক্কার চেষ্টায় উড়িয়ে মারেন টমাস রজার্স। কিন্তু শটে ছিল না জোর। লং-অফে ধরে পড়ে বিদায় নেন মেলবোর্ন স্টার্সের ওপেনার (৬ চারে ৩০)। ওভারের শেষ দিন বলে দুই রান দেন রিশাদ।
অষ্টম ওভারে ফের বোলিংয়ে এসে শুরুটা ভালো করেন রিশাদ। প্রথম দুই বলে একটি সিঙ্গল দেন তিনি। তৃতীয় ডেলিভারিটি প্যাডল সুইপ খেলতে গিয়ে শর্ট ফাইন লেগে ধরা পড়েন জো ক্লার্ক (২ চারে ২০)।
ক্রিজে গিয়ে মুখোমুখি প্রথম বলে রিশাদকে চার মারেন মার্কাস স্টয়নিস। পরের দুই বলে আসে পাঁচ রান। ওভারটিতে ১০ রান দেন রিশাদ।
দশম ওভারের শুরুটাও খারাপ হয়নি রিশাদের। প্রথম তিন বলে দেন চার রান, চতুর্থ ডেলিভারিটি হয় ওয়াইড। এরপর তার ওপর চড়াও হন স্টয়নিস। লেগ সাইডে চার মারার পরের ডেলিভারিতে লং-অফ দিয়ে উড়িয়ে গ্যালারিতে ফেলেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান। শেষ বলে আরেকটি চার মারেন কাভার দিয়ে।
রিশাদের ওই ওভার থেকে আসে ১৯ রান। এরপর আর তাকে বোলিংয়ে আনেনি হোবার্ট হারিকেন্স।
ঝড়ো ব্যাটিংয়ে স্টয়নিস দ্রুত রান বাড়াতে থাকেন। তার আগ্রাসী ইনিংসে ৪ ওভার বাকি থাকেই জয়ের বন্দরে পৌঁছে যায় মেলবোর্ন স্টার্স। ২ ছক্কা ও ৭টি চারে ৩১ বলে ৬২ রানের অপরাজিত ইনিংস খেলে স্টয়নিস।
