Published : 18 Jan 2026, 09:53 PM
জ্যাকারি ফোকসের লেংথ বল লেগ সাইডে খেলেই ছুটলেন ভিরাট কোহলি। এক রান পূর্ণ করার পর দ্বিতীয় রানের জন্য দৌড় শুরু করলেন তিনি। সেটি যদিও হলো না। তবে, ওই একটি রানেই আরেকটি সেঞ্চুরি ছুঁয়ে ফেললেন দারুণ ফর্মে থাকা ভারতের এই ব্যাটিং গ্রেট।
ইন্দোরে রোববার নিউ জিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে রান তাড়ায় ৯১ বলে সেঞ্চুরি করেন ৩৭ বছর বয়সী কোহলি।
ওয়ানডেতে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড তিনি আরও সমৃদ্ধ করলেন ৫৪তম সেঞ্চুরি করে। আগের রেকর্ড সাচিন টেন্ডুলকারের ৪৯ সেঞ্চুরিকে ছড়িয়ে যান তিনি ২০২৩ সালের নভেম্বরে বিশ্বকাপের ম্যাচে।
আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির সেঞ্চুরি হলো ৮৫টি। ১০০ সেঞ্চুরি নিয়ে তার ওপরে কেবল কিংবদন্তি টেন্ডুলকার।
একটি জায়গায় অবশ্য টেন্ডুলকারকে ছাড়িয়ে গেলেন কোহলি। ওয়ানডেতে এই নিয়ে ভিন্ন ৩৫টি ভেন্যুতে সেঞ্চুরি করলেন তিনি। ভিন্ন ৩৪টি মাঠে সেঞ্চুরি আছে টেন্ডুলকারের। রোহিত শার্মার আছে ২৬টিতে। রিকি পন্টিং, এবি ডি ভিলিয়ার্স ও হাশিম আমলার ২১টি করে।
নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে ৩৬ ইনিংসে কোহলির সপ্তম সেঞ্চুরি এটি। দলটির বিপক্ষে সবচেয়ে বেশি সেঞ্চুরির তালিকায় এককভাবে চূড়ায় উঠলেন তিনি। কিউইদের বিপক্ষে ৫০ ইনিংসে ৬টি সেঞ্চুরি আছে সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক পন্টিংয়ের। সাবেক ভারতীয় ওপেনার ভিরেন্দার শেবাগ ৬টি সেঞ্চুরি করেছেন ২৩ ইনিংসে।
নিউ জিল্যান্ডের বিপক্ষে সব সংস্করণ মিলিয়ে কোহলির সেঞ্চুরি হলো ১০টি। এটিও নতুন রেকর্ড। দলটির বিপক্ষে ৯টি করে সেঞ্চুরি আছে টেন্ডুলকার, জ্যাক ক্যালিস ও জো রুটের।
ভারতের মাটিতে কোহলির ওয়ানডে সেঞ্চুরি এখন ২৭টি। ২০টি সেঞ্চুরি নিয়ে এখানে দুইয়ে আছেন টেন্ডুলকার।
ওয়ানডের রাজা কোহলি এই সংস্করণে রান তাড়ায় সেঞ্চুরি করে ফেললেন ২৯টি। এখানে তার ধারেকাছে কেউ নেই। ১৭টি করে আছে টেন্ডুলকার ও রোহিতের। তাদের পরে ক্রিস গেইলের আছে ১২টি।
ঘরোয়া ও আন্তর্জাতিক মিলিয়ে ৫০ ওভারের ক্রিকেটে এই নিয়ে সবশেষ আট ইনিংসে চারটি সেঞ্চুরি করলেন কোহলি। এর তিনটি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে, একটি ভিজায় হাজারে ট্রফিতে।
আর সবশেষ ৯ ইনিংস বিবেচনায় নিলে, ৮টিতেই পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেললেন তিনি।
এবারের সেঞ্চুরির উপলক্ষটা যদিও জয়ে রাঙাতে পারেননি কোহলি। ৩৩৮ রানের লক্ষ্য তাড়ায় তিন নম্বরে নেমে নবম ব্যাটসম্যান হিসেবে আউট হন তিনি জয় থেকে ৪৬ রান দূরে থাকতে। ৪১ রানে হেরে যায় ভারত।
১০ চার ও ৩ ছক্কায় ১০৮ বলে ১২৪ রান করেন কোহলি। এই ইনিংসের পথে আরেকটি রেকর্ড গড়েন তিনি। পন্টিংকে ছাড়িয়ে ওয়ানডেতে তিন নম্বর পজিশনে সবচেয়ে বেশি রান এখন তার।
তিন নম্বরে ৩৩০ ইনিংসে ৪২.৪৮ গড়ে পন্টিং করেন ১২ হাজার ৬৬২ রান। ওয়ানডে ক্যারিয়ারের ৩০ সেঞ্চুরির ২৯টিই তিনি করেন এই পজিশনে।
তিন নম্বরে কোহলির ১২ হাজার ৬৭৬ রান হয়ে গেল পন্টিংয়ের চেয়ে ৮৬ ইনিংস কম খেলে, ২৪৪ ইনিংসে। গড় ৬১.৫৩। এখানে তার সেঞ্চুরি ৪৭টি। বাকি ৭টি সেঞ্চুরি চার নম্বরে।