২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাওয়াজের ছোবলের পর সাহিবজাদা-ঝড়ে উড়ে গেল লঙ্কানরা

ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়েছে পাকিস্তান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2025, 10:29 PM

Updated : 26 Aug 2026, 05:10 PM

মোহাম্মাদ নাওয়াজের চমৎকার বোলিং ও তার সতীর্থ বোলারদের নৈপুণ্যে অল্পে আটকে গেল শ্রীলঙ্কা। লক্ষ্য তাড়ায় ঝড় তুললেন সাহিবজাদা ফারহান। দাপুটে পারফরম্যান্সে টানা দ্বিতীয় জয় পেল পাকিস্তান।

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে জিতেছে পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে প্রতিপক্ষকে ১২৮ রানে থামিয়ে ২৭ বল বাকি থাকতে কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে গেছে স্বাগতিকরা।

স্রেফ ১৬ রান দিয়ে ৩ শিকার ধরে ম্যাচ-সেরার পুরস্কার জেতেন বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার নাওয়াজ। পরে ক্যারিয়ার সেরা ইনিংসে ৮০ রান করেন সাহিবজাদা। ৪৫ বলের ইনিংসটি সাজান তিনি ৫টি ছক্কা ও ৬টি চারে।

টস জিতে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লেতে দুই উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা। চতুর্থ ওভারে কামিল মিশারাকে ফিরিয়ে ৩১ রানের উদ্বোধনী জুটি ভাঙেন ফাহিম আশরাফ। ষষ্ঠ ওভারে রান আউটে কাটা পড়েন কুসাল মেন্ডিস।

অনেকটা সময় ক্রিজে কাটিয়েও বড় ইনিংস খেলতে পারেননি পাথুম নিসাঙ্কা। দ্রুত রান তোলার পথে হেঁটে ১ ছক্কা ও ২ চারে ১৯ বলে ২৫ রান করা কুসাল পেরেরাকে বোল্ড করে দেন নাওয়াজ। 

পাকিস্তানের নিয়ন্ত্রিত বোলিংয়ে রান করতে ভুগছিল লঙ্কান ব্যাটসম্যানরা। দলটির রান একশ পার হয় মূলত জানিথ লিয়ানাগের ব্যাটে। ১ ছক্কা ও ৩টি চারে ৩৮ বলে ৪১ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি।

রান তাড়ায় দ্বিতীয় ওভারে তিনটি চার মেরে ঝড়ের আভাস দেন সাইম আইয়ুব। কিন্তু দাসুন শানাকার বলে স্টাম্পড হয়ে বিদায় নেন তিনি (৪টি চারে ২০)।

ওয়ানিন্দু হাসারাঙ্গাকে চার মেরে ডানা মেলে দেন সাহিবজাদা। পরে একটি করে চার ও ছক্কা হাঁকান তিনি দুশমান্থা চামিরাকে। পাওয়ার প্লেতে ৫৩ রান তোলে পাকিস্তান।

আগ্রাসী ব্যাটিংয়ে ৩৩ বলে ক্যারিয়ারের ষষ্ঠ টি-টোয়েন্টি ফিফটিতে পা রাখেন সাহিবজাদা। পরের ওভারে হাসারাঙ্গাকে দুটি ছক্কায় ওড়ান তিনি।

শানাকাকে ছক্কা মারা বাবর আজম পারেননি কাজ শেষ করে ফিরতে। পাকিস্তানের তারকা ব্যাটসম্যানের স্টাম্প ভাঙার পরের বলে সালমান আলি আগাকে এলবিডব্লিউ করে দেন চামিরা।

ততক্ষণে জয়ের কাছে স্বাগতিকরা। উসমান খানকে নিয়ে অনায়াসে বাকি পথ পাড়ি দেন সাহিবজাদা। চার মেরে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি।

একই মাঠে রোববার জিম্বাবুয়ের বিপক্ষে লড়বে পাকিস্তান। এক দিন পর একই প্রতিপক্ষের মুখোমুখি হবে শ্রীলঙ্কা।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ২০ ওভারে ১২৮/৭ (নিসাঙ্কা ১৭, মিশারা ২২, কুসাল মেন্ডিস ৩, পেরেরা ২৫, লিয়ানাগে ৪১*, শানাকা ০, কামিন্দু মেন্ডিস ৩, হাসারাঙ্গা ১১,ভিয়াসকান্থ ০*; মির্জা ৪-০-২৬-১, ওয়াসিম ৪-০-২৭-০, আশরাফ ২-০-১৫-১, আবরার ৪-০-২৮-১, নাওয়াজ ৪-০-১৬-৩, সাইম ২-০-১৫-০)

পাকিস্তান: ১৫.৩ ওভারে ১৩১/৩ (সাহিবজাদা ৮০*, সাইম ২০, বাবর ১৬, সালমান ০, উসমান ৫*; চামিরা ৩-০-২৯-২, মালিঙ্গা ২.৩-০-২৮-০, হাসারাঙ্গা ৪-০-২৮-০, শানাকা ২-০-১৪-১, ভিয়াসকান্থ ৪-০-২৮-০)

ফল: পাকিস্তান ৭ উইকেটে জয়ী

ম্যান অব দা ম্যাচ: মোহাম্মাদ নাওয়াজ