২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শান্ত-হৃদয়ের ব্যাটিং যখন মুশফিকের আত্মবিশ্বাসের রসদ

ওপরের দিকের ব্যাটসম্যানরা ভালো খেলায় নতুন ভূমিকায় নিজেকে মেলে ধরা সহজ হচ্ছে বলে মনে করেন বাংলাদেশের দ্রুততম ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড গড়া মুশফিকুর রহিম।

ক্রীড়া প্রতিবেদক

সিলেট থেকে

Published : 23 Mar 2023, 03:58 PM

Updated : 23 Mar 2023, 03:58 PM

বাংলাদেশের হয়ে দ্রুততম ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড গড়ার দুই দিন পর অবশেষে মুশফিকুর রহিমের প্রতিক্রিয়া জানা গেল! তরুণ ব্যাটসম্যানদের কৃতিত্ব দিলেন তিনি অভিজ্ঞদের ভরসা জোগানোর জন্য। বললেন ভালো উইকেটে ব্যাটিং করতে পারার স্বস্তির কথা। নিজের নতুন ভূমিকা উপভোগ করছেন বলেও জানালেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। 

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সোমবার ৬০ বলে সেঞ্চুরি করে রেকর্ড গড়েন মুশফিক। সেদিন ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় ম্যাচ সেরার পুরস্কার দেওয়া হয়নি। মুশফিক ম্যান অব দা ম্যাচ হলে হয়তো তার প্রতিক্রিয়া জানা যেত। ম্যাচ শেষে সেদিন সংবাদ সম্মেলনেও আসেননি তিনি। 

সংবাদমাধ্যমের মুখোমুখি হননি তিনি অনেক দিন ধরেই। বৃহস্পতিবার তৃতীয় ওয়ানডে শুরুর আগে অবশেষে মাইক্রোফোনের সামনে দেখা গেল তাকে ব্রডকাস্টারদের সঙ্গে কথোপকথনে। 

মেঘলা আকাশের নিচে ঘাসের ছোঁয়া থাকা উইকেটে আইরিশ পেসারদের সুইং বোলিংয়ের সামনে সেদিন কাজটা কঠিন ছিল টপ অর্ডারদের জন্য। তামিম ইকবাল ও লিটন কুমার দাস সেই চ্যালেঞ্জ পার করে দেন সাবধানী ব্যাটিংয়ে। তামিম ২৩ রানে রান আউট হলেও লিটন করেন ৭০, তিনে নেমে শান্ত খেলেন ৭৩ রানের ইনিংস। 

মুশফিক বললেন, ওপরের দিকের ব্যাটসম্যানরা মঞ্চ তৈরি করে দিয়েছিলেন তাকে ঝড় তোলার জন্য। 

“উইকেট শুরুর দিকে সতেজ ছিল। আমাদের দুই ওপেনার ও তিন নম্বর ব্যাটসম্যান ভালো ব্যাট করে শক্ত ভিত গড়ে দেয়। আমি পরে খুবই উপভোগ করেছি, কারণ উইকেট ও কন্ডিশন তখন ব্যাটিংয়ের জন্য ভালো ছিল। নিজের স্কিল কাজে লাগিয়েছি।” 

এই সিরিজে নতুন ভূমিকায় দেখা যাচ্ছে মুশফিককে। তাকে খেলানো হচ্ছে ছয় নম্বরে, অনেকটা ফিনিশারের ভূমিকায়। ৬ বছর ও ৭৫ ইনিংস পর ৬ নম্বরে ব্যাট করতে নেমে সিরিজের প্রথম ম্যাচে তিনি খেলেন ২৬ বলে ৪৪ রানের ইনিংস। পরের ম্যাচে তো রেকর্ডই গড়লেন। 

মুশফিক এখানে কৃতিত্ব দেখছেন ওপরের দিকের ব্যাটসম্যানদের। তরুণদের কথা আলাদা করে বললেন তিনি। নিজের এই ব্যাটিং ধরে রাখার আশাও শোনা গেল তার কণ্ঠে। 

“সিনিয়র ক্রিকেটার হিসেবে এতে অনেক আত্মবিশ্বাস মেলে যে হৃদয়, শান্তর মতো ছেলেরা এসে ভালো স্কোর গড়ে অবদান রাখছে। এতে আমরা পরের দিকে নেমে প্রথম বল থেকেই চালিয়ে খেলতে পারি। আমাদের দিক থেকে কোনো চাপ নেই, আমরা গিয়ে নিজেদের মেলে ধরতে পারছি।” 

“ওই স্ট্রাইক রেটে ব্যাট করলে এবং অন্য প্রান্তে তরুণরা নিজেদের মেলে ধরলে তা অবশ্যই উপভোগ্য। আশা করি এটা ধরে রাখতে পারব।” 

মুশফিক যেমন এই সিরিজে দারুণ আগ্রাসী খেলছেন, তেমনি বাংলাদেশের ব্যাটিংয়েও চোখে পড়ছে এই যুগের দাবি মেটানোর ছাপ। প্রথম ম্যাচে ৩৩৮ রান তুলে ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে দল। পরের ম্যাচে সেই স্কোর ছাড়িয়ে তারা করে ৩৪৯। 

মুশফিকের মতে, উইকেটের কারণেই ব্যাটিংয়ের ধরন ও পারফরম্যান্সে এমন পরিবর্তন। এই ধারা এখন তারা ধরে রাখতে চান আগামী অক্টোবর-নভেম্বরের বিশ্বকাপ পর্যন্ত। 

“এটা নির্ভর করে কন্ডিশনের ওপর। গত কয়েকটি সিরিজে আমরা ভালো বা স্পোর্টিং উইকেটে খেলিনি। সেখানে পেসারদের জন্য ও স্পিনারদের সহায়তা ছিল। এবারই প্রথমবার সম্ভবত উইকেট ব্যাটিংয়ের জন্য সত্যিই ভালো। এজন্যই আমরা নিজেদের মেলে ধরতে চেয়েছি এবং দেখতে চেয়েছি যে ব্যাটিং ইউনিট হিসেবে আমরা কতদূর যেতে পারি।” 

“এখনও পর্যন্ত খুব ভালো। নতুন কোচ এসেছেন, আমরা ভালোভাবে এগোচ্ছি। আশা করি, এই মোমেন্টাম আমরা বছরজুড়ে ধরে রাখতে পারব এবং বিশ্বকাপের সময় খুব ভালো দল হিসেবে নিজেদের দেখাতে পারব।”