Published : 17 Jun 2026, 07:54 PM
ব্যাটে হাতে দুর্দান্ত ছন্দে থাকা শুবমান গিল উপহার দিলেন আরেকটি চমৎকার ইনিংস। ওয়ানডে অধিনায়ক হিসেবে করলেন নিজের প্রথম সেঞ্চুরি। বিস্ফোরক ব্যাটিংয়ে তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া পেলেন ইশান কিষানও। তাদের নৈপুণ্যে চারশ ছাড়ানো সংগ্রহ গড়ে দক্ষিণ আফ্রিকার একটি রেকর্ডে ভাগ বসাল ভারত।
লখনৌ বুধবার আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৪০২ রান করে ভারত। এই সংস্করণে এনিয়ে অষ্টমবার চারশ স্পর্শ করল দলটির রান।
ওয়ানডেতে সবচেয়ে বেশিবার চারশ রান করে এতদিন রেকর্ডটি ছিল দক্ষিণ আফ্রিকার। এবার প্রোটিয়াদের সেই কীর্তিতে ভাগ বসাল ভারত।
ওয়ানডেতে সাতবার ৪০০ বা তার বেশি রান করতে পেরেছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়া এই মাইলফলক ছুঁয়েছে তিনবার।
ক্যারিয়ারের নবম সেঞ্চুরিতে ১৫৪ রান করেন গিল। ১১০ বলের ইনিংসে দুটি ছক্কার সঙ্গে মারেন ২২টি চার। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টেও সেঞ্চুরি করেছিলেন ভারত অধিনায়ক।
আফগানিস্তান সিরিজ দিয়ে তিন বছর পর ওয়ানডে দলে ফেরা কিষান করেছেন ১২৫ রান। তার ৭৯ বলের ইনিংসটি সাজানো সাতটি ছক্কা ও ১৪টি চারে।
চার বছর পর ওয়ানডেতে তিন অঙ্কের দেখা পেলেন কিষান। ২০২২ সালে বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রামে দ্বিশতক করেছিলেন তিনি। তাণ্ডব চালিয়ে বাঁহাতি ব্যাটসম্যান খেলেছিলেন ২১০ রানের ইনিংস। সেবারও ভারতের রান ৪০০ পার হয়েছিল।
আফগানদের বিপক্ষে এদিন তৃতীয় ওভারে ক্রিজে যান গিল। অভিজ্ঞ রোহিত শার্মাকে নিয়ে প্রথম ১০ ওভারে দলের খাতায় তোলেন ৮০ রান। চতুর্দশ ওভারে রাশিদ খানের বলে আউট হন ৪৮ রান করা রোহিত।
এরপর কিষানকে নিয়ে আফগান বোলারদের উপর তান্ডব চালান গিল। তৃতীয় উইকেটে তারা করেন ১৪১ বলে ২২৪ রান।
গত অক্টোবরে ওয়ানডে অধিনায়কের দায়িত্ব পাওয়া গিল ৭৭ বলে স্পর্শ করেন সেঞ্চুরি। দেড়শতে পা রাখেন তিনি ১০৮ বলে। ইনিংসের ৪৩তম ওভারে বাজে তার বিদায় ঘণ্টা।
অধিনায়কের চেয়ে ৬ বল কম খেলে সেঞ্চুরি পূর্ণ করেন কিষান। ৯১ থেকে টানা তিন চারে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো তিন অঙ্কে পৌঁছান তিনি। নানগেয়ালিয়া খারোটেকে টানা দুই ছক্কা মারার পরের বলেই বিদায় নেন তিনি।
শেষ দিকে দ্রুত রান বাড়াতে পারেননি লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়াররা। ৪২ রানে শেষ ছয় উইকেট হারায় ভারত।
চারশর বেশি রান করে ওয়ানডেতে অলআউট হওয়া প্রথম দল ভারত।