২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আয়ারল‍্যান্ডের বিপক্ষে টেস্ট সিলেট ও ঢাকায়

তিন ম‍্যাচের টি-টোয়েন্টি সিরিজ হবে চট্টগ্রামে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2025, 08:46 PM

Updated : 26 Aug 2026, 02:24 PM

প্রথমবারের মতো বাংলাদেশে পূর্ণাঙ্গ টেস্ট সিরিজ খেলতে আসছে আয়ারল‍্যান্ড। তাদের বিপক্ষে সিলেট ও ঢাকায় দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শনিবার এই সিরিজের সূচি প্রকাশ করেছে। নভেম্বর ও ডিসেম্বরে বাংলাদেশে দুটি টেস্টের পাশাপাশি তিনটি টি-টোয়েন্টি খেলবে আয়ারল‍্যান্ড। 

আগামী ৬ নভেম্বর বাংলাদেশে আসবে আয়ারল‍্যান্ড। ১১ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট।  

দ্বিতীয় ও শেষ টেস্ট ১৯ নভেম্বর শুরু হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ২০২৩ সালের এপ্রিলে এই মাঠেই হয়েছিল দুই দলের একমাত্র টেস্ট, যেটায় ৭ উইকেটে জিতেছিল বাংলাদেশ। 

এই দুই ম্যাচেই খেললে, দ্বিতীয়টি হবে মুশফিকুর রহিমের ক্যারিয়ারের শততম টেস্ট।

টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম‍্যাচই হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লা. লে. মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে। প্রথম দুটি ম‍্যাচ হবে ২৭ ও ২৯ নভেম্বর। ২ ডিসেম্বরের তৃতীয় টি-টোয়েন্টি দিয়ে সফর শেষ করবে আয়ারল‍্যান্ড।