২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিপিএলে ‘চুরি’ করার আগেই ‘চোর’ ধরতে চায় বিসিবি

বিসিবি ও আইসিসির দুর্নীতি দমন কর্মকর্তাদের পাশাপাশি এজন্যই প্রতিটি দলের সঙ্গে সিআইডি সদস্য রাখা হবে।

বিপিএলে ‘চুরি’ করার আগেই ‘চোর’ ধরতে চায় বিসিবি
বিসিবি পরিচালক ইফতেখার রহমান। ছবি: বিসিবি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2025, 06:01 PM

Updated : 26 Aug 2026, 05:22 PM

বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) আয়োজনে রংপুর রাইডার্স-বিএসজেএ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে অতিথি হিসেবে এসেছিলেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান। তিনি বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিবও। ফাইনাল শেষে চলে যাওয়ার তাড়া ছিল তার। বারবার বলছিলেন, বিসিবি ইন্টেগ্রিটি ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শালের সঙ্গে তার মিটিং আছে। পাশাপাশি এটাও বলছিলেন, আগের দিন সিআইডির সঙ্গেও তাদের আলোচনা হয়েছে। 

বিসিবির ইন্টেগ্রিটি ইউনিটের লোকজন তো আছেই। আইসিসির দুর্নীতি দমন কর্মকর্তারাও আসছেন। তার পরও এবারের বিপিএলে প্রতিটি দলের সঙ্গে সিআইডি সদস্যদের রাখা হবে। সিদ্ধান্তটি আগেই জানিয়েছিল বিসিবি। এবার বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব জানালেন সিদ্ধান্তের পেছনের কারণ। টুর্নামেন্টকে কলুষিত করার আগেই অপরাধীদের শনাক্ত করতে চান তারা।

নানা কারণে কলঙ্কিত গত আসরের পর এবার বিতর্কমুক্ত বিপিএল আয়োজনের চেষ্টার কথা বারবার বলছেন বিসিবি কর্তারা। এটির অংশ হিসেবেই ফিক্সিংয়ের থাবা থেকে টুর্নামেন্টকে দূরে রাখতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ইফতেখার জানালেন, কোনো ফাঁক এখানে তারা রাখতে চাচ্ছেন না।

“অ্যালেক্স মার্শাল বলে দিয়েছে, এই ব্যাপারে আমাদের জিরো টলারেন্স এবং তার গাইডলাইন অনুযায়ী আমাদের চলতে হবে। এই দুই-তিন দিন আগেও দলের মালিকপক্ষদের সঙ্গে বসা হয়েছে। আমাদের যে পিএমও (প্লেয়ার্স অ্যান্ড ম্যাচ অফিসিয়ালস) অ্যাকসেস, এটাকে ছোট করে আনা হয়েছে। ২৫টা করে চেক করার পরে ২৫টা করে অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হচ্ছে।”

“অ্যান্টি করাপশন বলেন, আর ইন্টেগ্রিটি ইউনিট বলেন, তারা কিন্তু সত্যিই কঠিন পরিস্থিতি তৈরি করবে এবং তাদের নির্দেশনা হচ্ছে এরকম। পাশাপাশি আপনারা জানেন যে, আমরা আইসিসি থেকেও অ্যান্টি করাপশন ম্যানেজারদের আনছি। আমাদের ইউনিটও থাকবে, আইসিসির অ্যান্টি করাপশন ইউনিটও থাকবে। এছঅড়াও কালকে সিআইডির সঙ্গে কালকে একটা বড় মিটিং হয়েছে, একটা এমওইউ (মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং) হচ্ছে, সিআইডির লোকজনও থাকবে।”

আইসিসি ও বিসিবির দুর্নীতি দমন কর্তারা থাকার পরও সিআইডির কাজ কী, সেটি ব্যাখ্যা করলেন ইফতেখার।

“(সিআইডির কাজ) মনিটর করা। মানে ব্যাপারটা হচ্ছে কী, কোনো ঘটনা যেন না ঘটে। ধরেন চোর আসবে, তাকে চুরি করার আগে তো থামাতে হবে। এই প্রক্রিয়াই আমরা অনুসরণ করছি, গোটা বিশ্বে যা অনুসরণ করা হয়।”