ক্যারিয়ারের ভবিষ্যতের ছবি আঁকলেন মুশফিক
শততম টেস্টে সেঞ্চুরি করার দিনে ক্যারিয়ারের ভবিষ্যৎ পথরেখা সম্পর্কেও ধারণা দিলেন মুশফিকুর রহিম।
পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তোলার অবকাশ নেই এখনও। দলের সেরা পারফরমারদেরই একজন মুশফিকুর রহিম। তবে বয়স পেরিয়ে গেছে ৩৮, শেষের প্রশ্নটাও উঁকি দেয় প্রায়ই। শততম টেস্টে সেঞ্চুরির পরও যেমন তার কাছে জানতে চাওয়া হলো ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে ভাবনা। তিনি অবশ্য সুনির্দিষ্ট করে কিছু বললেন না, খুব বেশি দূরে তাকালেন না।
দীর্ঘ ২০ বছরের পথচলায় দেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলছেন মুশফিক। সেই সময়ের সদ্য কিশোর পেরুনো মুশফিক ৩৯ বছর বয়সে দেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে শতরান স্পর্শ করলেন। এমন এক মুহূর্ত, যা শুধু গৌরবের নয়, বরং খেলায় তার আগ্রহ ও প্রতিজ্ঞারও পরিচায়ক। ক্যারিয়ারের এই বিরল মাইলফলক শুধুই উদযাপনের বিষয় নয়; মুশফিক এখনও চান আরও কিছু সময় মাঠে কাটাতে, চ্যালেঞ্জ ও আনন্দ উপভোগ করতে।
ওয়ানডে ও টিটোয়েন্টিকে আগেই বিদায় জানিয়েছেন মুশফিক, এখন পুরো মনোযোগ একমাত্র টেস্ট ক্রিকেটে। তবে একটি মাত্র সংস্করণের জন্য নিজেকে প্রস্তুত করা তার জন্য সহজ কাজ নয় বাংলাদেশের বাস্তবতায়। দীর্ঘ বিরতিও আসে মাঝেমধ্যেই। এই সিরিজ শেষেই আছে তেমন এক বিরতি।
এই কঠিন পথ ও চ্যালেঞ্জের মাঝেও খেলাকে উপভোগ করাই অনুপ্রেরণা মুশফিকের কাছে।
‘‘আপাতত এরপরে তো মনে হয় চার মাসের বিরতি আছে। তারপরে পাকিস্তানের সাথে টেস্ট আছে, যদি দলে থাকি, তারপরেও খেলার ইচ্ছে আছে। এর বাইরে আর কোন চিন্তা নাই।’’
‘‘এখন পর্যন্ত সব ঠিকঠাক চলছে। ফিটনেস বা স্কিলের দিক থেকে আমি নিজের অবস্থান নিয়ে সন্তুষ্ট, তবে সময়ের সঙ্গে সঙ্গে আরও উন্নতি করতে হবে—এটা আমি জানি এবং চেষ্টা করে যাব। বাংলাদেশের হয়ে প্রতিটি টেস্ট খেলা আমার জন্য বিশেষ। যতটুকু অবদান রাখতে পারব, যতদিন পর্যন্ত টিম ম্যানেজমেন্ট এবং দল আমাকে চায়, আর আমি নিজে মনে করি যে আমার দারুণ অবদান থাকতে পারে, ততদিন খেলতে ইচ্ছা আছে।’’
নিয়মিত টেস্ট খেলার সুযোগ সীমিত হলেও, ফাঁকা সময়ে নিজেকে আরও শাণিত করাই মুশফিকের মূল লক্ষ্য। বিশেষ করে টেস্টের জন্য শারীরিক ফিটনেস ও মানসিক দৃঢ়তা বৃদ্ধিই তার অগ্রাধিকার।
‘‘দেখুন, আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকতে হলে স্বাভাবিকভাবেই নিজের খেলাকে নিয়মিতভাবে উন্নত করতে হয়। শুরুতে অনেক জায়গায় মাত্র তিন-চারটা স্কোরিং শট থাকে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেটা বাড়িয়ে আট-নয়টা জায়গায় স্কোরিং সুযোগ তৈরি করতে হয়। এজন্য স্কিল সেট বাড়ানো জরুরি। আর সত্যি কথা হলো, যত বেশি খেলবেন, আপনার ওপর বিশ্লেষণ ততই বেড়ে যাবে। তাই আপনাকে এক ধাপ এগিয়ে থাকতে হবে। সেই দিক থেকে আমি চেষ্টা করেছি নিজের স্কিল সেট উন্নত করার।’’
‘‘সবচেয়ে বড় পরিবর্তন, যদি বলতে হয়, সেটা হলো আমার গেম সম্পর্কে আরও ভালো অনুভূতি বা সেন্স তৈরি করা—শুধু শারীরিক স্কিল নয়, মানসিক দিক থেকেও কিভাবে খেলতে হবে, কোন পরিস্থিতিতে কী সিদ্ধান্ত নিতে হবে—এই বিষয়গুলোই গুরুত্বপূর্ণ। শারীরিক স্কিলের পাশাপাশি মানসিক শক্তি তৈরি করাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আর সেটাই আমি নিয়মিতভাবে গড়ে তুলতে চেষ্টা করেছি।’’
বাংলাদেশের পরের টেস্ট সিরিজে পাকিস্তানের বিপক্ষে দেশের মাঠে আগামী মার্চে। আগামী বছর ১০টি টেস্ট খেলবে বাংলাদেশ। ক্যারিয়ারে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট খেলার হাতছানিও আছে মুশফিকের সামনে।
