২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রকে গুঁড়িয়ে সেমি-ফাইনালে ইংল্যান্ড

যুক্তরাষ্ট্রকে ১১৫ রানে গুটিয়ে দিয়ে ১০ ওভারের মধ্যেই ১০ উইকেটে জিতল ইংল্যান্ড।

যুক্তরাষ্ট্রকে গুঁড়িয়ে সেমি-ফাইনালে ইংল্যান্ড
দারুণ বোলিংয়ে ইংল্যান্ডের জয়ের ভিত গড়ে দেন বোলাররা। ছবি: ইংল্যান্ড ক্রিকেট

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2024, 11:07 PM

Updated : 26 Aug 2026, 09:51 AM

হ্যাটট্রিকের আনন্দে মাতলেন ক্রিস জর্ডান। তার সঙ্গে আদিল রাশিদের দারুণ বোলিংয়ে যুক্তরাষ্ট্র গুটিয়ে গেল অল্পে। জস বাটলারের বিস্ফোরক ইনিংসে ইংল্যান্ড জিতল অনায়াসে। উঠে গেল টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালে।

বারবাডোজে রোববার সুপার এইটের ম্যাচে গত আসরের চ্যাম্পিয়নদের জয় ১০ উইকেটে।

৬ বলের মধ্যে শূন্য রানে শেষ ৫ উইকেট হারিয়ে ১১৫ রানে গুটিয়ে যায় যুক্তরাষ্ট্র। সেমি-ফাইনালের টিকেট নিশ্চিত করতে ইংল্যান্ডের লক্ষ্য ছুঁতে হতো ১৮.৪ ওভারের মধ্যে। তাদের লাগে কেবল ৯.৪ ওভার।

ইংল্যান্ডের প্রথম বোলার হিসেবে এই সংস্করণে হ্যাটট্রিকের কীর্তি গড়ে ৫ বলের মধ্যে যুক্তরাষ্ট্রের শেষ ৪ উইকেট নেন জর্ডান। এই পেসার ২.৫ ওভারে রান দেন কেবল ১০। যদিও ম্যাচের সেরা তিনি নন। ৪ ওভারে ১৩ রানে ২ উইকেট নিয়ে পুরস্কারটি জেতেন লেগ স্পিনার রাশিদ। 

রান তাড়ায় ৭ ছক্কা ও ৬ চারে স্রেফ ৩৮ বলে অপরাজিত ৮৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন অধিনায়ক বাটলার।

সুপার এইটে ৩ ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে এখন দুই নম্বর গ্রুপের শীর্ষে আছে ইংল্যান্ড। তাদের সমান পয়েন্ট নিয়ে নেট রানরেটে পিছিয়ে দুইয়ে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের সমান ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তিনে আছে ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশ সময় সোমবার সকালে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের চেয়ে নেট রানরেটে ভালো অবস্থানে আছে ক্যারিবিয়ানরা। দুই দলের মধ্যে জয়ী দল পাবে শেষ চারের টিকেট। 

প্রথম পর্বে চার ম্যাচের দুটি জেতে যুক্তরাষ্ট্র। কানাডার বিপক্ষে জয়ের পর পাকিস্তানকে সুপার ওভারে হারায় তারা। তবে সুপার এইটে তিন ম্যাচের সবগুলোই হারল বিশ্বকাপের সহ-আয়োজকরা।  

আন্তর্জাতিক ক্রিকেটে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম লড়াইয়ে কেনসিংটন ওভালে টস হেরে ব্যাটিংয়ে নামে যুক্তরাষ্ট্র। রিস টপলির প্রথম ওভারে একটি ছক্কা মেরেই বিদায় নেন আনড্রিস হাউস। 

পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে যুক্তরাষ্ট্রের রান ছিল ৪৩। রাশিদ বোলিংয়ে আসার পর পাল্টে যায় চিত্র। পরপর দুই ওভারে নিতিশ কুমার ও অ্যারন জোন্সকে বোল্ড করে দেন তিনি।

নিতিশের ২৪ বলে ৩০ রানই শেষ পর্যন্ত হয়ে থাকে ইনিংসের সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান করেন কোরি অ্যান্ডারসন।

১৯তম ওভারের প্রথম বলে অ্যান্ডারসনকে ফিরিয়ে শিকার ধরা শুরু জর্ডানের। এক বল বিরতি দিয়ে টান তিন বলে আলি খান, কেজিগে ও সৌরভ নেত্রাভালকারকে ফিরিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন ৩৫ বছর বয়সী পেসার। 

ছোট লক্ষ্য তাড়ায় প্রথম ২ ওভারে ইংল্যান্ডের রান ছিল মাত্র ৬। বাটলারের রান ছিল ৮ বলে ৩। পরের ওভারে নেত্রাভালকারের টানা তিন বলে একটি চার ও দুটি ছক্কায় ডানা মেলে দেন তিনি। 

পাওয়ার প্লেতে আসে ৬০ রান। যার ৪৪ রানই বাটলারের। নবম ওভারে তিনি চালান তাণ্ডব। হারমিত সিংয়ের টানা পাঁচ বলে পাঁচটি ছক্কার পথে ফিফটি পূর্ণ করেন ৩২ বলে। পরের ওভারে বাউন্ডারিতে ম্যাচের ইতিও টানেন তিনিই। 

অবিচ্ছিন্ন ১১৭ রানের জুটিতে ফিল সল্টের অবদান কেবল ২৫।

সংক্ষিপ্ত স্কোর

যুক্তরাষ্ট্র: ১৮.৫ ওভারে ১১৫ (টেইলর ১২, হাউস ৮, নিতিশ ২০, জোন্স ১০, অ্যান্ডারসন ২৯, মিলিন্দ ৪, হারমিত ২১, শাকউইক ০*, আলি খান ০, কেজিগে ০, নেত্রাভালকার ০; টপলি ৩-০-২৯-১, আর্চার ৩-০-১৬-০, কারান ২-০-২৩-২, রাশিদ ৪-০-১৩-২, লিভিংস্টোন ৪-০-২৪-১, জর্ডান ২.৫-০-১০-৪) 

ইংল্যান্ড: ৯.৪ ওভারে ১১৭/০ (সল্ট ২৫*, বাটলার ৮৩*; নেত্রাভালকার ২-০-২১-০, হারমিত ২-০-৩৬-০, কেজিগে ২-০-১৯-০, আলি খান ২-০-২৬-০, শাকউইক ১.৪-০-১৫-০) 

ফল: ইংল্যান্ড ১০ উইকেটে জয়ী

ম্যান অব দা ম্যাচ: আদিল রাশিদ