বিসিবিতে অ্যাডামস অধ্যায় শেষ, আপাতত নেই পেস বোলিং কোচ
সংযুক্ত আরব আমিরাত সফরে বাংলাদেশ জাতীয় দলে কোনো পেস বোলিং কোচ থাকার সম্ভাবনা শূন্যের কাছাকাছি।
চুক্তির দুই বছর পূর্ণ হওয়ার অনেক আগেই বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে সম্পর্ক শেষ হয়ে গেল আন্দ্রে অ্যাডামসের। চুক্তির একটি শর্ত অনুসরণ করে বাংলাদেশে তার অধ্যায়ের সমাপ্তি ঘটাল বিসিবি।
মিরপুরে রোববার জাতীয় দলের অনুশীলন শুরুর আগে সংবাদ সম্মেলনের পর উপস্থিত সাংবাদিকদের এই খবর জানান বিসিবির মিডিয়া বিভাগের সিনিয়র ম্যানেজার রাবিদ ইমাম।
অ্যাডামসের বিদায়ের পর এখনই নতুন কাউকে দায়িত্ব দিচ্ছে না বিসিবি। সামনের সংযুক্ত আরব আমিরাত সফরে পেস বোলিং কোচ হিসেবে কাউকে নেওয়ার সম্ভাবনা নেই বলেছেন রাবিদ।
গত বছরের মার্চে দুই বছরের চুক্তিতে বাংলাদেশ জাতীয় দলের ফাস্ট বোলিং কোচ হিসেবে দায়িত্ব নেন অ্যাডামস। এক বছরের কিছু বেশি সময় পরই সেটা শেষ হয়ে গেল।
সবশেষ গত মাসে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে কাজ করেছেন নিউ জিল্যান্ডের সাবেক এই অলরাউন্ডার।
গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফরের জন্য প্রস্তুতি ক্যাম্প শুরু হলেও সেখানে যোগ দেননি অ্যাডামস। তখন থেকেই বোঝা যাচ্ছিল, অ্যাডামসের সঙ্গে হয়তো চুক্তি শেষ করতে চলেছে বিসিবি।
তবে তখন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের পক্ষ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি। রাবিদ জানিয়েছেন, চুক্তির একটি বিশেষ শর্ত মেনে বিদায় জানানো হয়েছে অ্যাডামসকে।
সেই শর্তটি কী বা ঠিক কী কারণে দুই বছর পূর্ণ হওয়ার আগেই অ্যাডামসকে বিদায় জানানো হলো, সেই বিষয়ে কিছু বলেননি রাবিদ। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের সঙ্গে যোগাযোগ করেও এই বিষয়ে কিছু জানা সম্ভব হয়নি।
বিসিবি সূত্রে জানা গেছে, ক্রিকেট পরিচালনা বিভাগের পক্ষ থেকে ফুল দিয়ে ও শুভেচ্ছা জানিয়ে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে অ্যাডামসকে।
বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ হিসেবে শন টেইটের নাম শোনা যাচ্ছে জোরেশোরে। তবে কোনো কিছু চূড়ান্ত হয়নি। তাই সামনের সফরে পেস বোলিং কোচ ছাড়াই খেলতে হবে মুস্তাফিজুর রহমান, নাহিদ রানাদের।
দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বুধবার সকালে সংযুক্ত আরব আমিরাতে যাবে বাংলাদেশ। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ১৭ ও ১৯ তারিখ হবে ম্যাচ দুটি।
সূচি অনুযায়ী, আমিরাত সফর শেষে ২১ মে পাকিস্তান যাওয়ার কথা লিটন কুমার দাস, শেখ মেহেদি হাসানদের। তবে ভারত-পাকিস্তান সংঘাতের কারণে ওই সফর এখন অনিশ্চয়তায়।
