জয়ের ফিফটি, ব্যর্থ মুশফিক-মুমিনুল
ব্যাটিং ব্যর্থতায় পাকিস্তান শাহিনসের বিপক্ষে স্রেফ ১২২ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ ‘এ’ দল।
ইনিংসের শুরুতেই পড়ল উইকেট। ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিল চলতে থাকল পরেও। অভিজ্ঞ মুশফিকুর রহিম, মুমিনুল হক পারলেন না নিজেদের মেলে ধরতে। সতীর্থদের ব্যর্থতার দিনে একাই লড়াই করলেন মাহমুদুল হাসান জয়। তার ফিফটিতে পাকিস্তান শাহিনসের বিপক্ষে কোনোমতে একশ পার করল বাংলাদেশ ‘এ’ দল।
ইসলামাবাদে দুই দলের প্রথম চার দিনের ম্যাচের প্রথম ইনিংসে স্রেফ ১২২ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। পরে ব্যাটিংয়ে নেমে ২ ওভার খেলেছে পাকিস্তান।
বৃষ্টি আর আলোকস্বল্পতার কারণে মঙ্গলবার সারা দিনে খেলা হতে পারে মাত্র ৪৬.৩ ওভার।
বাংলাদেশের হয়ে একাই লড়াই করেন জয়। ৯ চারে ১১৬ বলে ৬৫ রান করেন এই ওপেনার। আর কেউ ১৫ রানও করতে পারেননি। তাদের ইনিংসে দুই অঙ্ক স্পর্শ করতে পারেন কেবল চার জন।
মুমিনুল ও মুশফিক দুই অঙ্ক স্পর্শ করলেও খেলতে পারেননি বড় ইনিংস। ২ চারে ১১ রানে থামেন মুমিনুল, মুশফিকের ব্যাট থেকে আসে ১ চারে ১৪।
বাংলাদেশকে ধসিয়ে দেওয়ার কাজটি করেন নাসিম শাহ ও মির হামজা। দুই জনই নেন তিনটি করে উইকেট। দুটি প্রাপ্তি মোহাম্মদ রামিজ জুনিয়রের।
টস জিতে ব্যাটিং নেয় বাংলাদেশ ‘এ’ দল। কিন্তু শুরুতেই খায় তারা ধাক্কা, ৬ রানে হারায় জাকির হাসানকে। রানের খাতা খোলার আগে হামজার বলে বোল্ড হন এই ওপেনার।
এনামুল হকের পর মুমিনুলকে দ্রুত বিদায় করে দেন এক বছর পর লাল বলের ম্যাচ খেলতে নামা গতিময় তরুণ পেসার নাসিম। মুশফিককে টিকতে দেনি মোহাম্মদ আলি। রানের খাতাই খুলতে পারেননি শাহাদাত হোসেন ও নাঈম হাসান। দুজনই হামজার শিকার।
সতীর্থদের আসা-যাওয়ার মাঝে এক প্রান্ত ধরে রেখে লড়াই করে যান জয়। শেষ পর্যন্ত তিনিও বিদায় নেন।
পরে ব্যাটিংয়ে নামা পাকিস্তান শাহিনসকে কোনো বিপদ হতে দেননি সাইম আইয়ুব ও মুহাম্মদ হুরাইরা।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ‘এ’ দল ১ম ইনিংস: ৪৪.৩ ওভারে ১২২ (জয় ৬৫, জাকির ০, এনামুল ৭, মুমিনুল ১১, মুশফিক ১৪, শাহাদাত ০, নাঈম ০, তানজিম ৫, রেজাউর ১০, মুরাদ ০, হাসান ২; নাসিম ৮.৩-১-২৪-৩, হামজা ১১-৩-৩৩-৩, আলি ১১-৬-১৪-১, উমার ৩-২-৪-১, রামিজ ১১-২-৪১-২)
পাকিস্তান শাহিনস ১ম ইনিংস: ২ ওভারে ২/০ (সাইম ২*, হুরাইরা ০*; হাসান ১-০-২-০, তানজিম ১-০-১-০)
