Published : 08 Feb 2026, 10:07 AM
অবসরের আগে ভারতীয় ক্রিকেটাররা দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অনুমতি পাননি। আগ্নি দেব চোপড়া সেখানে নাম লিখিয়েছেন চিরপ্রতিন্দ্বন্দ্বী দেশের লিগে! পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নিলামে নাম দেওয়ার খবরটি ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে তুলাধুনা করা হচ্ছিল তাকে। তবে ভারতের ঘরোয়া ক্রিকেটে সাড়া জাগানো ব্যাটসম্যান উড়িয়ে দিয়েছেন সেই খবর।
এই আগ্নির আরেকটি পরিচয়, ভারতের প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার ও সম্পাদক বিধু বিনোধ চোপড়া এবং সাংবাদিক, চলচ্চিত্র সমালোচক ও লেখক আনুপামা চোপড়ার ছেলে তিনি।
আগ্নি জন্ম যুক্তরাষ্ট্রের ডেট্রোইটে। যুক্তরাষ্ট্রের পাসপোর্ট নিয়েই বিদেশি ক্রিকেটার হিসেবে তিনি পিএসএলের নিলামে নাম লিখিয়েছেন বলে খবর ছড়িয়ে পড়ে। নিবন্ধন তালিকায় যুক্তরাষ্ট্রের ক্রিকেটার হিসেবে ৬ লাখ রুপির ভিত্তিমূল্যের ক্যাটেগরিতে দেখা যায় তার নাম।
এটা নিয়ে সামাজিক মাধ্যমে তোলপাড় পড়ে যাওয়ার পর ইনস্টাগ্রাম স্টোরিতে সেই খবর উড়িয়ে দিয়ে ২৭ বছর বয়সী ব্যাটসম্যান বললেন, তিনি ক্যারিয়ার গড়তে চান যুক্তরাষ্ট্রে।
“একটি টুর্নামেন্ট নিয়ে আমার নামে ভুয়া ও বিভ্রান্তিকর খবর ছড়ানো হচ্ছে। পরিষ্কার করে দিতে চাই যে, আমি পিএসএলে নিবন্ধন করিনি। যুক্তরাষ্ট্রে নিজের ক্রিকেটের পথচলায় আমার পূর্ণ মনোযোগ এবং দীর্ঘমেয়াদে এটিই আমার ক্যারিয়ারের লক্ষ্য। সবার কাছে অনুরোধ করব, ভুল তথ্যের শিকার না হতে।”
তার মা আনুপামা চোপড়া পরে সেটি শেয়ার করেন এক্স প্রোফাইলে।

ভারতের ঘরোয়া ক্রিকেটে মিজোরামের হয়ে খেলে থাকেন আগ্নি। বিভিন্ন পর্যায়ে খেলে ২০২৩ সালে ভিজায় হাজারে ট্রফির ম্যাচ দিয়ে ‘লিস্ট’ এ ক্রিকেটে অভিষেক হয় তার। পরের বছর অভিষেক হয় রাঞ্জি ট্রফিতে। প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম ম্যাচেই প্রথম ইনিংসে উপহার দেন ৭ ছক্কায় ১৭৯ বলে ১৬৬ রানের ইনিংস। ম্যাচের দ্বিতীয় ইনিংসে করেন ৯২।
পরে তিনি ইতিহাস গড়েন প্রথম ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম চার ম্যাচেই সেঞ্চুরি করে। অভিষেক মৌসুমে রাঞ্জির প্লেট গ্রুপে সর্বোচ্চ ৯৩৯ রান করেন ৭৮.২৫ গড়ে। ভারতীয় বোর্ডের সম্মানজনক মাধাবরাও সিন্ধিয়া অ্যাওয়ার্ডও জিতে নেন তিনি।
প্রথম শ্রেণির ক্রিকেটে ১১ ম্যাচ খেলেই তার সেঞ্চুরি ৯টি, ফিফটি ৫টি। সর্বোচ্চ ইনিংসটি অপরাজিত ২৩৮ রানে। ১ হাজার ৮০৪ রান করেছেন ৯৪.৯৪ গড়ে এবং ৯৫.১৪ স্ট্রাইক রেটে।
যদিও প্লেট গ্রুপে সবচেয়ে দুর্বল দলগুলি খেলে থাকে। এবার যেমন মিজোরামের সঙ্গে খেলছে গোয়া, নাগাল্যান্ড, সিকিম, আরুনাচল ও মানিপুর। তার পরও আগ্নির এমন পারফরম্যান্স সাড়া জাগিয়েছে দারুণভাবে।
লিস্ট ‘এ’ ক্রিকেটে শুরুটা অবশ্য খুব ভালো করতে পারেননি। ১২ ম্যাচে দুটি ফিফটি করেছেন, ব্যাটিং গড় ২৪.৯১। টি-টোয়েন্টিতে ১৬ ম্যাচে ৪ ফিফটিতে ৪৫২ রান করেছেন ১৩৫.৩২ স্ট্রাইক রেটে।
চলতি মৌসুমে অবশ্য ভারতের ঘরোয়া ক্রিকেটে তিনি খেলছেন না। চেষ্টা করছেন যুক্তরাষ্ট্রে ক্যারিয়ার গড়তে। গত বছর মেজর লিগ ক্রিকেটে এমআই নিউ ইয়র্কের হয়ে খেলেছেন তিনি দুটি ম্যাচে।