২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হেডের রেকর্ড রাঙা সেঞ্চুরিতে ইংল্যান্ডকে উড়িয়ে অ্যাশেজ শুরু অস্ট্রেলিয়ার

বোলারদের দ্যুতিময় পারফরম্যান্সের পর হেড-ঝড়ে দুই দিনেই শেষ অ্যাশেজের প্রথম টেস্ট।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2025, 03:59 PM

Updated : 26 Aug 2026, 05:10 PM

প্রথম ইনিংসে ইংল্যান্ডের লিড নেওয়ার স্বস্তি উবে গেল দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে। অস্ট্রেলিয়ার দুর্দান্ত বোলিংয়ে আরও একবার দুইশর আগে গুটিয়ে গেল তারা। লক্ষ্য তাড়ায় ইনিংস শুরু করতে নেমে ঝড় তুললেন ট্রাভিস হেড। উপহার দিলেন রেকর্ড গড়া সেঞ্চুরি। দুই দিনেই ইংলিশদের গুঁড়িয়ে সিরিজে এগিয়ে গেল স্বাগতিকরা।

পার্থে অ্যাশেজের প্রথম টেস্টে শনিবার ৮ উইকেটের জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। হেড-ঝড়ে ২০৫ রানের লক্ষ্য স্রেফ ২৮.২ ওভারে ছুঁয়ে ফেলে তারা।

মিচেল স্টার্কের আগুনে বোলিংয়ে প্রথম ইনিংসে ইংল্যান্ডকে ১৭২ রানে গুটিয়ে দেয় অস্ট্রেলিয়া। পরে ব্যাটিংয়ে নেমে তাদের অবস্থা হয় আরও করুণ, করতে পারে স্রেফ ১৩২ রান। তাতে ৪০ রানের লিড পায় সফরকারীরা।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ফের অস্ট্রেলিয়ান বোলারদের তোপের মুখে পড়ে ইংল্যান্ড। এবার ১৬৪ রানে শেষ তাদের ইনিংস।

পার্থের বাউন্সি ও গতিময় উইকেটে মনে হচ্ছিল চতুর্থ ইনিংসে দুইশ ছাড়ানো লক্ষ্য তাড়া কঠিন হবে অস্ট্রেলিয়ার জন্য। কিন্তু উসমান খাওয়াজার চোটে ইনিংস শুরু করতে নেমে সবার ভাবনা ভুল প্রমাণ করেন হেড। তার তাণ্ডবে অসাধারণ এক জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।

ক্যারিয়ারের দশম টেস্ট সেঞ্চুরিতে ৮৩ বলে ১২৩ রান করেন হেড। তার ইনিংসটি গড়া ৪টি ছক্কা ও ১৬ চারে। তিনে নেমে ১ ছক্কা ও ৬ চারে ৫১ রান করে দলের জয় সঙ্গে নিয়ে ফেরেন মার্নাস লাবুশেন।

খুনে ইনিংসটির পথে ৬৯ বলে তিন অঙ্ক স্পর্শ করেন হেড। টেস্টের চতুর্থ ইনিংসে যা দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। অ্যাশেজে সব মিলিয়ে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি; ২০০৬ সালে পার্থেই ৫৭ বলে তিন অঙ্ক ছুঁয়েছিলেন করেছিলেন অ্যাডাম গিলক্রিস্ট।

প্যাট কামিন্স ও জশ হেইজেলউডের অনুপস্থিতিতে দুর্দান্ত বোলিংয়ে জয়ের ভিত গড়ে দিয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতেন স্টার্ক। প্রথম ইনিংসে ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৭ উইকেট নেওয়া পেসার দ্বিতীয় ইনিংসে ধরেন ৩ শিকার। অ্যাশেজে প্রথমবার ম্যাচে ১০ উইকেটের স্বাদ পেলেন তিনি, আর ক্যারিয়ারে তৃতীয়বার।

ইংল্যান্ডকে অল্পতে গুটিয়ে দিয়ে লক্ষ্য নাগালে রাখতে ৪ উইকেট নিয়ে স্কট বোল্যান্ড ও ৩ উইকেট নিয়ে ব্রেন্ডান ডগেট রাখেন গুরুত্বপূর্ণ অবদান।

১০৪ বছর পর আবার দুই দিনে শেষ হলো অ্যাশেজের কোনো টেস্ট।

দিনের শুরুতে ম্যাচের লাগাম ছিল ইংল্যান্ডের হাতে। ৯ উইকেটে ১২৩ রান নিয়ে খেলতে নামা অস্ট্রেলিয়াকে ১৩২ রানে গুটিয়ে দেয় তারা।

এগিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে পঞ্চম বলে উইকেট হারায় ইংল্যান্ড, বাঁ দিকে ঝাঁপিয়ে এক হাতের দুর্দান্ত ক্যাচে জ্যাক ক্রলিকে ফেরান স্টার্ক। দুই ইনিংসেই স্টার্কের বলে শূন্য রানে বিদায় নেন ইংলিশ ওপেনার।

বেন ডাকেট ও অলি পোপের ব্যাটে শুরুর ধাক্কা সামলে ওঠে তারা। ডাকেটকে (৩ চারে ২৮) ফিরিয়ে ৬৫ রানের জুটি ভাঙেন বোল্যান্ড। এই পেসার পরের ওভারে ধরেন জোড়া শিকার; কট বিহাইন্ড হন পোপ (২ চারে ৩৩), স্লিপে ধরা পড়েন হ্যারি ব্রুক।

পরের ওভারে ইংল্যান্ডের সেরা ব্যাটসম্যান জো রুটের স্টাম্প ভেঙে দেন স্টার্ক। এই পেসারের বলেই স্লিপে ধরা পড়েন বেন স্টোকস। জেমি স্মিথকে কট বিহাইন্ড করে দেন ডগেট।

ব্যাটিং বিপর্যয়ে ১ উইকেটে ৬৫ থেকে ইংল্যান্ডের রান দাঁড়ায় ৭ উইকেটে ১০৪। দলটির রান দেড়শ ছাড়ায় গাস অ্যাটকিনসন ও ব্রাইডন কার্সের ৫০ রানের জুটিতে। আটে নেমে দুটি করে ছক্কা-চারে ইনিংসের সর্বোচ্চ ৩৭ রান করেন অ্যাটকিনসন।

জ্যাক ওয়েদেরল্ডের সঙ্গে ওপেন করতে নেমে শুরুতে দেখেশুনে খেলেন হেড। প্রথম ১৪ বলে ৩ রান করেন তিনি। অ্যাটকিনসনকে চার মেরে ডানা মেলে দেন বাঁহাতি ব্যাটসম্যান। প্রথম ছক্কা মারেন তিনি ব্রাইডন কার্সকে, শর্ট বলে র্যাম্প শটে।

এক প্রান্তে হেড দ্রুত রান বাড়ান, আরেক প্রান্তে ওয়েদেরল্ড সঙ্গ দিয়ে যান। দ্বাদশ ওভারে ওয়েদেরল্ডকে বিদায় করে ৭৫ রানের উদ্বোধনী জুটি ভাঙেন কার্স। ৩ চারে ২৩ রান করেন ওয়েদেরল্ড।

পরের ডেলিভারিতে ৩৬ বলে পঞ্চাশ স্পর্শ করেন হেড। সপ্তদশ ওভারে স্টোকসকে চারটি চার মারেন তিনি। আর্চারকে মারেন একটি করে ছক্কা ও চার। ঝড়ো ব্যাটিংয়ে ২২তম ওভারে তিন অঙ্কের সীমানায় পা রাখেন হেড।

টেস্টে অস্ট্রেলিয়ার জার্সিতে হেডের চেয়ে দ্রুততম সেঞ্চুরি আছে অ্যাডাম গিলক্রিস্ট ও জ্যাক গ্রেগরির।

কার্সকে দুই চার মারার পর ডিপ মিডউইকেট ধরা পড়ে শেষ হয় হেডের চমৎকার ইনিংস। এরপর লাবুশেন ও স্মিথ মিলে দলকে নিয়ে যায় কাঙ্ক্ষিত ঠিকানায়।

ব্রিজবেনে দ্বিতীয় টেস্ট শুরু আগামী ৪ ডিসেম্বর।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড ১ম ইনিংস: ১৭২ 

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৪৫.২ ওভারে ১৩২ (আগের দিন ১২৩/৯) (লায়ন ৪, ডগেট ৭*; আর্চার ৯-৪-১১-২, অ্যাটকিনসন ১২-৫-২৪-০, উড ৮-১-২১-০, কার্স ১০.২-১-৪৫-৩, স্টোকস ৬-১-২৩-৫)

ইংল্যান্ড ২য় ইনিংস: ৩৪.৪ ওভারে ১৬৪ (ক্রলি ০, ডাকেট ২৮, পোপ ৩৩, রুট ৮, ব্রুক ০, স্টোকস ২, স্মিথ ১৫, অ্যাটকিনসন ৩৭, কার্স ২০, আর্চার ৫, উড ৪*; স্টার্ক ১২-১-৫৫-৩, বোল্যান্ড ১১.৪-২-৩৩-৪, ডগেট ৯-০-৫১-৩, গ্রিন ২-০-১৩-০)

অস্ট্রেলিয়া ২য় ইনিংস: (লক্ষ্য ২০৫) ২৮.২ ওভারে ২০৫/২ (হেড ১২৩, ওয়েদেরল্ড ২৩, লাবুশেন ৫১*, স্মিথ ২*; আর্চার ৮-০-৪৫-০, অ্যাটকিনসন ৯-১-৬১-০, কার্স ৫.২-০-৪৪-২, উড ৩-০-২৩-০, স্টোকস ২-০-১৮-০, রুট ১-০-১২-০)

ফল: অস্ট্রেলিয়া ৮ উইকেটে জয়ী

ম্যান অব দা ম্যাচ: মিচেল স্টার্ক

সিরিজ: ৫ টেস্টের সিরিজে ১-০ তে এগিয়ে অস্ট্রেলিয়া