২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শঙ্কিত তামিম বললেন, ‘আমার ওপরে অনেক চাপ আছে’

সরকারের একটি অংশ বিসিবি নির্বাচনকে প্রভাবিত করতে মরিয়া হয়ে উঠেছে, আবারও অভিযোগ করলেন তামিম ইকবাল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2025, 07:56 PM

Updated : 26 Aug 2026, 02:21 PM

“খেলোয়াড়ি জীবনে একসময় ‘ফিয়ারলেস’ ব্যাটসম্যান হিসেবে পরিচিত ছিল আপনার, বিসিবি নির্বাচনে কি চাপ অনুভব করছেন?”, তামিম ইকবালের কাছে প্রশ্নটি করা হলো তার ব্যাটিংয়ের ধরনকে মিলিয়ে। বাংলাদেশের সাবেক অধিনায়ক অকপটেই বললেন, “আমি তো ফিয়ারলেসভাবে চেষ্টা করছি। আমার ওপরে অনেক চাপ আছে। কালকে আমার কাউন্সিলরশিপ বাতিলও হয়ে যেতে পারে। কেন হতে পারে, এটা আপনারা খুব ভালো করেই বোঝেন…।”

তামিমের ক্ষোভ ও হতাশার শেষ নয় এখানেই। কয়েকদিন আগে একটি সংবাদ সম্মেলনে যে অভিযোগগুলো করেছিলেন তিনি, সেগুলোই যে এখন হচ্ছে, তা মনে করিয়ে দিলেন দেশের সফলতম ওপেনার। বিসিবি নির্বাচনে সরকারের একটি অংশের প্রভাব বিস্তারের অভিযোগ আবার তুলে ধরে ধরলেন তিনি। তার শঙ্কা, বিসিবি নির্বাচনে তাকে অংশ নিতে নাও দেওয়া হতে পারে।

এত অভিযোগের মধ্যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আশা করেন কি না, এই প্রশ্নে তামিম ছুড়ে দিলেন পাল্টা প্রশ্ন, করলেন অনুরোধও। 

“এটা আশার বিষয় না, ফেয়ার ইলেকশন কেন হবে না? আমাদের এই মুহূর্তে যে সরকার আছেন, এই সরকারের দায়িত্বের মধ্যে কি এটা নাই যে সংস্কার করতে হবে? সরকারের একটি অংশই যদি এভাবে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করে, তাহলে এটা কি একটা দারুণ উদাহরণ হয়ে দাঁড়াচ্ছে? আমি প্রেস কনফারেন্সে (কয়েক দিন আগে) যা যা বলেছিলাম, আপনারা তা-ই দেখেছেন। উল্টা-উল্টা সব ঘটেছে। আমার একটা জিনিসই বলার, আমার পক্ষ হয়ে কারও কোনো কথা বলার দরকার নাই। সত্যিটার পক্ষে কথা বলুন।”

“আমার বয়স হয়তো কম, কিন্তু আমি সিনিয়রদের (সংগঠক) থেকে শুনেছি, ক্রিকেট বোর্ডের ইতিহাসে কোনদিন এত নোংরামি তারা দেখেননি। যে জিনিসটা আপনারা করে যাচ্ছেন, করছেন, এটা কিন্তু একটা ইতিহাস হয়ে যাবে এবং পরবর্তীতেও কিন্তু এই জিনিসগুলোই অনুসরণ করা হবে। কাজেই আমার বিনয়ী অনুরোধ, এই জিনিসগুলো আপনারা করবেন না। সৎভাবে নির্বাচন আয়োজন করুন।”

এই ধরনের ‘নোংরামি’ চলতে থাকলে নির্বাচনে অংশ নেবেন কি না, এই প্রশ্নে তামিম আবার পাল্টা প্রশ্ন করলেন।

“আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে আমি নির্বাচন করব কী করব না। আমার প্রশ্ন হলো যে, আমাকে নির্বাচন করতে দেবে কী দেবে না, এটাও তো দেখতে হবে!”

তামিমের কাউন্সিলরশিপ নিয়ে একটি শঙ্কার জায়গা তৈরি হয়েছিল রহস্যময় একটি অভিযোগপত্র ঘিরে। কানাডাপ্রবাসী সাবেক ক্রিকেটার হালিম শাহর স্বাক্ষরিত অভিযোগে দাবি করা হয়, আইসিসি স্বীকৃত ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে অবসর না নেওয়ায় তামিম কাউন্সিলর হতে পারেন না। পাশাপাশি সেখানে উল্লেখ করা হয়, তিনি ওল্ড ডিওএইচএস ক্লাবের কেউ নন এবং তাকে ক্লাবের কাউন্সিলর করার কোনো সিদ্ধান্ত হয়নি।

তবে হালিম শাহ নিজে আবার বিভিন্ন সংবাদমাধ্যমে বলেছেন, তিনি অভিযোগ করেননি ও এসবের কিছুই জানেন না। 

তামিম বৃহস্পতিবার নির্বাচন কমিশনে শুনানি শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আক্ষেপ করেন এই অভিযোগ নিয়ে। 

“আমার নামে অভিযোগ যিনি করেছেন, তিনি বিভিন্ন জায়গায় বলে যাচ্ছেন তিনি এটা করেন নাই। চিঠিতে উল্লেখ করা আছে যে, ওল্ড ডিওএইচএস ক্লাবের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। প্লিজ ওপরে যান, গিয়ে ওল্ড ডিওএইচএস ক্লাবের কমিটি খুঁজে বের করে দেখুন, আমি আছি কী নাই। আমার এটা লজ্জা লাগছে যে আজকে আমার এই জায়গায় এসে এই জিনিসগুলো ব্যাখ্যা করতে হচ্ছে।”

সংগঠক ও সাবেক ক্রিকেটার, দুই পরিচয়েই তার কাউন্সিলরশিপ বৈধ বলে দাবি করেন দেশের সাবেক এই অধিনায়ক। 

“আমার বিপক্ষে অভিযোগ আনার আগে উনারা একটা জিনিস ভুলে যাচ্ছেন, গঠনতন্ত্রে কিন্তু দুইটা কথা উল্লেখ করা আছে, “অর্গানাইজার বা সাবেক ক্রিকেটার।” আমি যে সংগঠক না, এটা কেউ প্রমাণ করতে পারবেন? তিনটা দলের মালিক আমি, দুইটা দলের কমিটিতে আছি। দ্বিতীয় কথা হলো, “সাবেক ক্রিকেটার।” দয়া করে আপনারা গঠনতন্ত্রটা বের করে দেখেন, সাবেক ক্রিকেটারের কি কোনো ব্যাখ্যা দেওয়া আছে কি না যে আমার অফিসিয়ালি অবসর ঘোষণা করতে হবে?”

“যদি এই কেসই হয়, মোহাম্মদ আশরাফুল তো সম্প্রতি ইংল্যান্ডে ক্রিকেট খেলে এসেছেন। আমিনুল ইসলাম বুলবুল ভাই, আমাদের প্রেসিডেন্ট, উনিও অফিসিয়ালি কোনো জায়গায় অবসর ঘোষণা করেন নাই। যদি আপনারা আমাকে ওইভাবে ফাঁসাতে চান, তাহলে উনারাও ফেঁসে যাবেন। আমি পাঁচ মাস আগে খেলেছি। যদি নিজের মনের মধ্যেই চিন্তা করে রাখি যে আমি আর ক্রিকেট খেলব না, আমি তো সাবেক হয়েই গেলাম। গঠনতন্ত্রে যদি এ কথাটা লেখা থাকে যে একদম সুনির্দিষ্টভাবে আপনাকে অমুক তারিখে ঘোষণা দিতে হবে, তাহলেই আপনার এই কাউন্সিলরশিপ বৈধ, তাহলে আমি মানতে পারি।”

অভিযোগকারী নিজেই অবশ্য শুনানিতে আসেননি। পরে প্রধান নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ হোসেইন বলেন, সেই অভিযোগপত্র তারা আমলে নেননি।

তামিম যদিও ওল্ড ডিওইএচএস ক্লাবের যুগ্ম সম্পাদক ও কাউন্সিলর, এ দিন শুনানিতে এসেছিলেন তিনি গুলশান ক্রিকেট ক্লাবের প্রতিনিধি হিসেবে। যে ১৫টি ক্লাবকে বিতর্কিতভাবে কাউন্সিলর তালিকায় রাখা হয়নি খসড় ভোটার তালিকায়, এর মধ্যে আছে এই ক্লাবটিও। এই ক্লাবের তিনি ভাইস প্রেসিডেন্ট। 

তামিম বললেন, শুধু গুলশান ক্রিকেট ক্লাব নয়, এই ১৫টি ক্লাবের পক্ষেই অবস্থান তুলে ধরেছেন তিনি।

“আমি উনাদেরকে স্পষ্টভাবে একটা জিনিস বলেছি যে, এখানে ১৫টা ক্লাবের চেয়ে বড় বিষয় হলো ৩০০ ক্রিকেটারের কথা মাথায় রাখতে হবে। ১৫ ক্লাব নিয়মিত বিভিন্ন ডিভিশনে ক্রিকেট খেলে এবং প্রত্যেকটা ক্রিকেটারকে পারিশ্রমিক দেওয়া হয়। ওই টাকা দিয়েই কিন্তু তাদের একটা বছরের ৭০-৮০ শতাংশ আয় হয়। ক্রিকেটারদের সঙ্গে তাদের পরিবারেরও জড়িত। সিদ্ধান্ত নেওয়ার সময় এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে।”

তামিমের ইঙ্গিত, একটি পক্ষের ইন্ধনেই নির্বাচন কমিশন এমন সিদ্ধান্ত নিয়েছে। 

“কী কারণে করা হচ্ছে, এটা স্পষ্টভাবে পরিষ্কার। আমি উনাদেরকে বলেছি, এই ১৫টা ক্লাব নিয়ে যে ইস্যু ছিল, এসব তো ছয়-সাত মাস ধরে চলমান। এখনই আপনাদের এই কাজটা কেন করতে হলো? দ্বিতীয়ত, আপনাদের যদি কোনো অবজেকশন থাকত, তাহলে আপনারা কাউন্সিলর ফর্মটা দিলেন কেন? এই ১৫টা কাউন্সিলরের মধ্যে অন্তত তিনজন-চারজন যোগ্য কাউন্সিলর থাকতে পারে, যারা আসলে ক্রিকেটকে খুব ভালো একটা জায়গায় নিয়ে যেতে পারে। তাদের স্বপ্নও তো আপনি নষ্ট করে দিলেন!”

“আজকে যদি এটা তাদের বিপক্ষে যায়, তাদের আর কোনো চান্সই নাই নতুন করে কাউন্সিলর হওয়ার। যদি আপনারা তাদেরকে বলতেন যে, এই ক্লাব থেকে কাউন্সিলর হলে এরকম একটা ঘটনা ঘটতে পারে, তাহলে তো ওই ১৫টা কাউন্সিলরের একটা অপশন থাকত যে তারা অন্য কোনোভাবে এসে কাউন্সিলর হতে পারত।”

দেশের ক্রিকেটের স্বার্থ বিবেচনা করতে নির্বাচন কমিশনকে অনুরোধ করেন তিনি। 

“কোন ক্রিকেট ক্লাবের ঠিকানা কোন জায়গায়, এটার চেয়ে গুরুত্বপূর্ণ হওয়া উচিত যে এই ক্রিকেট ক্লাব কি কালকে জন্ম নিয়েছে? এই ক্লাবগুলোর একটা ইতিহাস আছে, পারিশ্রমিক দেওয়ার রেকর্ড আছে। জিনিসগুলো কেন করা হচ্ছে? এটা নির্বাচনে একটা অংশকে দুর্বল করার জন্য করা হচ্ছে, এটা সবাই জানে। এত খারাপ সময় এসে গেল যে জেতার জন্য বা নিজের ইচ্ছা পূরণ করার জন্য আপনারা ৩০০ ক্রিকেটারের জীবনের সঙ্গে খেলা শুরু করলেন!”