Published : 16 Jun 2026, 11:36 AM
স্তুতি, বিস্ময়, মুগ্ধতা, চমক বা এরকম আরও অনেক কিছু, বৈভাব সুরিয়াভানশিকে নিয়ে এতদিন এসবই দেখে আসছে ক্রিকেটবিশ্ব। এবার একটু আলাদা ব্যাপার। প্রথমবারের মতো বিতর্কে জড়ালেন ভারতের বিস্ময় বালক। তাতে শাস্তির মুখোমুখি হতে পারেন ১৫ বছর বয়সী ক্রিকেটার।
শ্রীলঙ্কার ডাম্বুলায় ‘এ’ দলের ত্রিদেশীয় সিরিজে সুপার ওভারে ম্যাচের সমাপ্তির পর উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়ান সুরিয়াভানশি ও শ্রীলঙ্কার বিশেন হালাম্বাগে, যা এক পর্যায়ে হাতাহাতিতে গড়ায়। তাতে জড়িয়ে পড়েন দুই দলের অন্যরাও। শেষ পর্যন্ত লঙ্কান উইকেটকিপার নিরোশান ডিকওয়েলার হস্তক্ষেপে উত্তেজনা প্রশমিত হয়।
রানগিরি ডাম্বুলা স্টেডিয়ামে ওই ঘটনার আগে ম্যাচজুড়ে ছিল দারুণ নাটকীয়তা। ২৬৬ রান তাড়ায় জয়ের পথেই ছিল শ্রীলঙ্কা। শেষ ওভারে প্রয়োজন ছিল তাদের স্রেফ ৫ রান। ৯৩ রান নিয়ে ক্রিজে ছিলেন সাদিরা সামারাউইক্রামা।
কিন্তু শেষ ওভারে দুর্দান্ত বোলিং করেন আরশাদ খান। বাঁহাতি এই পেসার প্রথম বলে রান দেননি, পরের বলে ইয়র্কারে বোল্ড দেন সামারাউইক্রামাকে। পরের তিন বলে আসে কেবল সিঙ্গল। শেষ বলে প্রয়োজন পড়ে ২ রানের। দ্বিতীয় রান নেওয়ার চেষ্টায় রান আউট হয়ে যান চামিকা গুনাসেকারা। ম্যাচ হয় ‘টাই।’
দিনের আলো ততক্ষণে কমে এসেছে অনেকটাই। আম্পায়াররা সুপার ওভার চালাতে চাননি। কিন্তু আম্পায়ারদের সঙ্গে উত্তেজিত হয়ে কথা বলতে দেখা যায় ভারতীয় অধিনায়ক তিলাক ভার্মাকে। পিচের দিকে তিনি এমনভাবে ইশারা করছিলেন, যেন বোঝাতে চাইছিলেন যে খেলার জন্য যথেষ্ট আলো আছে। বেশ উত্তেজিতভাবে অঙ্গভঙ্গি করতে দেখা যায় তাকে। ভারতীয় অধিনায়ক সীমা অতিক্রম করেছেন কি না, এই প্রশ্ন তুলতে পারেন অনেকে।
শেষ ডেলিভারির মিনিট দশেক পর আম্পায়াররা সুপার ওভারের সিদ্ধান্ত নেন। শেষ বিকেলের মরে আসা আলোয় শুরু হয় খেলা। আরশাদ খানের ওভারে ১৬ রান তোলেন দুই লঙ্কান ব্যাটসম্যান সাহান আরাচ্চিগে ও আবিশকা ফার্নান্ডো।
Vaibhav got into a heated argument with Sri Lankan players after the super over pic.twitter.com/wnGyEF6Nvw
— Abhi (@AbhiMSD_07) June 15, 2026
সেখানেও নাটক হয় অনেকটা। আরশাদের শেষ বলটি হাই ফুল-টস, সেটিতে ক্যাচ আউট হন ফার্নান্ডে। কিন্তু টিভি আম্পায়ার বলটির উচ্চতা পরীক্ষা করে সেটিকে নো-বল ঘোষণা করেন। কিন্তু সেই সিদ্ধান্ত আসার আগেই মাঠ ছেড়ে যান ভারতীয় ক্রিকেটাররা। মূলত আলো কমে যাওয়ার আগেই ব্যাটসম্যানদের রান তাড়া করার সুযোগ দিতে দ্রুত মাঠ ছেড়েছিলেন তারা। উল্টো সেখানে দেরি হয় আরও। তিলাক ও ভারতীয় টিম ম্যানেজমেন্টের কর্তাদের সঙ্গে কথা বলেন রিজার্ভ আম্পায়ার এবং শেষ বলটি আবার করার জন্য তাদের মাঠে ফিরে আসতে হয়।
পরে ১৭ রান তাড়ায় শ্রীলঙ্কার ১৯ বছর বয়সী স্লিঙ্গিং পেসার কুগাথাস মাথুলানের দারুণ বোলিংয়ের ভারত করতে পারে মাত্র ৯ রান। সুরিয়াভানশি করেন ৩ বলে ৬, সুরিয়ানশ শেগড়ে ৩ বলে ৩।
ম্যাচ শেষ হওয়ার পর মাঠ ছাড়তে থাকা ভারতীয় ব্যাটসম্যানদেরকে দিকে কিছু বলতে দেখা যায় হালাম্বাগে এবং ওয়ানুজা সাহানকে। সম্ভবত ঝামেলার সূত্রপাত সেখান থেকেই।
ভিডিওতে দেখা যায়, লঙ্কানদের সঙ্গে কথা কাটাকাটিতে জড়ানোর জন্য সুরিয়াভানশি ঘুরে দাঁড়ানোর আগেই হালাম্বাগের দিকে তার ব্যাট তাক করেন শেগড়ে। এরপরও বাক্য বিনিময় হয়, ক্ষিপ্ত হয়ে তেড়ে যান সুরিয়াভানশি। এক পর্যায়ে তাকে ও হালাম্বাগেকে দেখা যায় ধাক্কাধাক্কি করতে। পরে ডিকওয়েলা তাদের দুজনকে আলাদা করে দেন।
মাঠ থেকে বেরিয়ে যাওয়ার সময়ও সুরিয়াভানশিকে দেখা যায় লঙ্কানদের দিকে তাকিয়ে হাত উঁচিয়ে নানারকম অঙ্গভঙ্গি করতে।
এই ঘটনায় শাস্তির মুখোমুখি হতে পারেন সুরিয়াভানশি ও হালাম্বাগে।
ঘটনাবহুল ম্যাচটিতে ১০ রান পেনাল্টিও হয়েছিল ভারতের। লেগ স্পিনার ভিপরাজ নিগাম ইনিংসের ৩৪ ও ৩৭তম ওভারে পিচের বিপজ্জনক এলাকায় দৌড়ানোয় ১০ রান বোনাস পায় শ্রীলঙ্কা।
আইপিএলে এবার অসাধারণ পারফরম্যান্সে তোলপাড় ফেলে দেওয়া সুরিয়াভানশি এই ত্রিদেীয় সিরিজে খুব দারুণ কিছু এখনও করতে পারেননি। এই ম্যাচে ১৪ বলে ২১ রানে আউট হন তিনি। আগের ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে করেছিলেন ২২ বলে ৪৪, প্রথম ম্যাচে লঙ্কানদের বিপক্ষে ১২ বলে ১৪।
লঙ্কানদের কাছে দুটি ম্যাচেই হেরেছে ভারত, জিতেছে আফগানদের সঙ্গে।